কী হচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতিতে
বিনোদন প্রতিবেদক : কয়েক বছর ধরে চলচ্চিত্রে নতুন ছবির সংখ্যা হাতেগোনা। ছবি নির্মাণ কমলেও পরিচালকের সংখ্যা কিন্তু বেড়েছে। আর এসব পরিচালককে শুধু সমিতিকেন্দ্রিক কার্যক্রমে বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি বিতর্কিত চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের টাকায় এবার পিকনিক আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কাছ থেকে টাকা নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্রপাড়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পিকনিক ঘিরে পরিচালক সমিতির সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
সেলিম খানের টাকায় চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিক আয়োজন, ক্ষোভে তাই অনেক পরিচালক পিকনিকে যাননি। আবার কেউ কেউ গিয়ে যখন জানতে পারেন, কিছু না খেয়েই তারা ফিরে আসেন। তাদের একটাই কথা, সিনেমাশিল্প এমনিতে খুঁড়িয়ে চলছে, যাও একটু অবশিষ্ট আছে, তাও ধ্বংসের পাঁয়তারা করছেন ‘বালুখেকো’ চেয়ারম্যান ও বিতর্কিত এই প্রযোজক। এই ধরনের বিতর্কিত একজনের টাকায় পিকনিকের আয়োজন করা পরিচালক সমিতির নৈতিকতার মধ্যে পড়ে না। পরিচালক সমিতির পিকনিকে সেলিম খানের মোটা অঙ্কের টাকা দেওয়াটাকে প্রযোজক-পরিবেশক সমিতির আগামী নির্বাচনকেন্দ্রিক বড় কোনো চক্রান্ত বলেও মনে করছেন কেউ কেউ। ভোটে জেতার কৌশলও তার এই পিকনিক বলছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
নাম প্রকাশ না করার শর্তে পরিচালক সমিতির একজন সদস্য বলেন, সেলিম খান প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে চাইছেন। তাই ছবি বানানোর নামে কৌশলে কয়েকদিন আগে তার প্রতিষ্ঠান থেকে ভোটারসংখ্যা বাড়িয়েছেন। তাই এবার টাকা দিয়ে পরিচালক সমিতির পিকনিককে নিজের নির্বাচনী মাঠ বানালেন। আর কিছু স্বার্থবাদী পরিচালক পেছন থেকে তাকে তোষামোদ করে নিজেদের স্বার্থ হাসিল করছেন। এসব চলতে থাকলে একটা সময় সিনেমা শেষ হয়ে যাবে। তখন আর হা-হুতাশ করেও কোনো লাভ হবে না। তাই এখনই তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
অভিযোগ আছে, সেলিম খানকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে সহযোগিতা করছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনসহ হাতেগোনা কয়েকজন পরিচালক। খোঁজ নিয়ে জানা গেছে, সেলিম খানের টাকায় পিকনিক করতে রাজি ছিলেন না পরিচালক সমিতির অনেকেই। শুধু মহাসচিবের জোরাজুরিতে তা সম্ভব হয়েছে।
পরিচালকদের অনেকে বলেছেন, সেলিম খান এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে শাহীন সুমনের পক্ষকে সমর্থন দেন। কৌশলে তখন ভোটার বাড়ান। সে সময় একেকটি ছবির জন্য ২০ লাখ টাকা বাজেট ধরে ১০০ পরিচালকের জন্য ১০০ ছবির নাম ঘোষণা দেন। ১০০ ছবি না হলেও নির্বাচনী কৌশলে সফল হন। নির্বাচনে জিতে আসেন তার অনুসারীরা। পরিচালক সমিতির সেই নেতারাই এখন সেলিম খানকে প্রযোজক সমিতিতে জেতাতে উঠেপড়ে লেগেছেন। তাই তো বেশিরভাগ চলচ্চিত্র পরিচালকই বলছেন, এই পিকনিক চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনী এজেন্ডা।
চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে যাননি গুণী নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, পরিচালক সমিতির গতবারের নির্বাচনের আগে সেলিম খান কয়েকটা ছবি বানান। এসব বানিয়ে তার পক্ষের ভোটারসংখ্যা বাড়ান। সেই চক্রান্তে তিনি সফল হন। এখন হয়তো ভাবছেন, একই ফর্মুলায় প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনেও সফল হবেন! তাই প্রযোজক পরিবেশক সমিতির চেয়ারে বসতে চান তিনি। আর এ কারণে পরিচালকদের নিয়ে অসময়ে পিকনিকের উদ্যোগ নিয়েছেন। তিনি নাটকের বাজেটে সিনেমা বানাচ্ছেন। এতে তো সিনেমার সর্বনাশ হয়ে যাচ্ছে।
এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, একের পর এক ছবি নির্মাণ করছেন সেলিম খান। তবে সেসব ছবির বেশিরভাগই আলোর মুখ দেখছে না। প্রচার-প্রচারণা ছাড়াই দু-একটা গোপনে সিনেমা হলে মুক্তি পেলেও নিম্নমানের কারণে প্রথম দিনই মুখ থুবড়ে পড়ে এসব সিনেমা। এসব মানহীন চলচ্চিত্র দর্শকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করছে। তার পরও এই প্রযোজক এখানে টাকা ঢালছেন কেন? নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে এখানে তার।
পরিচালক ওয়াজেদ আলী সুমন, জাফর আল মামুন, শফিক হাসান, মুস্তাফিজুর রহমান মানিকসহ অনেক পরিচালকই পিকনিকে যাননি।
ওয়াজেদ আলী সুমন বলেন, অবশ্যই চক্রান্ত আছে এই অসৎ ব্যবসায়ীর। চলচ্চিত্রের সব সংগঠনের পরিবার-পরিজন মিলিয়ে আনন্দ আয়োজন করা হয় পিকনিকে। কিন্তু এবারের আয়োজন তো সেলিম খানের অবৈধ টাকায়। শুনলাম, পিকনিকে টাকা দিয়ে তিনি একাই ২০০ দাওয়াত কার্ডও নিয়ে গেছেন। প্রযোজক সমিতির আগামী নির্বাচনে প্রভাব ফেলতে তার প্রযোজক ভোটারদের দাওয়াত দিয়েছেন। এটি ছিল তার নির্বাচনী মিলনমেলা। এই অবৈধ ব্যবসায়ীর টাকার পিকনিক দেখে, যাইনি আমি।’
চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিক কমিটির আহŸায়ক ও পরিচালক সমিতির সহসাধারণ সম্পাদক অপূর্ব রানা বলেন, ‘পিকনিকের আগে থেকে এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সেলিম খানের অনুদান নিয়ে পিকনিক করা নিয়ে মতভেদ ছিল। কিন্তু সেও তো পরিচালক সমিতির সদস্য। এর বেশি আর কোনো কিছু বলতে চাচ্ছি না। বলতে ভালোও লাগছে না।’
বেশ কিছুদিন ধরেই সেলিম খানের বিরুদ্ধে তার নিজ এলাকায় অবৈধ বালু ব্যবসাসহ নানা ধরনের অনিয়ম-দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আয়ের অভিযোগ উঠেছে। বেশ কিছু গণমাধ্যমে ফলাও করে তা প্রচারও হয়েছে।











