রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টিপ পরা’ নিয়ে শিল্পীদের প্রতিবাদ

news-image

বিনোদন প্রতিবেদক : টিপ পরার কারণে এক পুলিশ সদস্যর কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়েছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে। পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তির ইভটিজিং ও প্রাণনাশের হুমকির শিকারও হন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। সবাই এ ঘটনার দোষী ব্যক্তির শাস্তি চেয়েছেন। শুধু সাধারণ মানুষই নয়, এতে সামিল হয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরাও।

সোশাল হ্যান্ডেলে নিজ নিজ দেয়ালে শিল্পীরা প্রকাশ করছেন নিজেদের টিপ পরা ছবি এবং ক্যাপশনে মিলছে প্রশ্নের জবাবও। এই প্রশ্নের জবাবে কিংবা প্রতিবাদে পুরুষ শিল্পীরাও কপালে সেঁটে দিয়েছেন আসল অথবা প্রতীকী টিপ! প্রকাশ করছেন পুলিশ সদস্যের সেই প্রশ্নের প্রতিবাদ।

জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম তার ফেসবুকে টিপ পরা একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর টিপ পরা ছবি প্রকাশ করে লেখেন, ‌‘টিপের ওপর এমন আঘাত- বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। নারীর স্বাধীনতার ওপর আঘাত।’

অভিনেত্রী ও কবি সানারেই দেবী শানু লিখেছেন, ‘ধর্ম খুব সংবেদনশীল নিজস্ব বিশ্বাসের বিষয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। টিপ পরার দায়ে প্রভাষক ড. লতা সমাদ্দারকে জনৈক পুলিশের ইভটিজিং ও বাইক দিয়ে প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। এই অসংযত আচরণের বহিঃপ্রকাশকে অবদমিত করা না হলে ক’দিন পর আর টিপ পরার বিষয়টি আলাদা করে ধর্মীয় ভাবনায় ভাগ হয়ে যাবে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।’

অভিনেত্রী ফারজানা চুমকী ছবি প্রকাশ করে বলেন, ‘টিপ আমি পরবই।’ অন্যদিকে অবসকিওর ব্যান্ড নেতা টিপু নিজ কপালে টিপ পরে বলেন, ‘টিপ, ভালোবাসার চিহ্ন।’

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- “টিপ পরছোস কেন” বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’ এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগও দায়ের করেন ওই শিক্ষিকা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী