রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই ও সাশ্রয়ী সড়ক নির্মাণে নতুন উদ্ভাবন

news-image

তাওহীদুল ইসলাম
সড়ক দ্রুত নষ্ট হয়ে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা বহু পুরনো বিষয়। বিশেষ করে বর্ষাকালে রাস্তাঘাট বেহাল হলে প্রকৌশলী ও ঠিকাদাররা একে অন্যকে দোষারোপ করেন। কেউবা অতিরিক্ত পণ্য পরিবহনকে দায়ী করেন। এমন প্রেক্ষাপটে সাশ্রয়ী ও টেকসই সড়ক নির্মাণে একদল প্রকৌশলী শুরু করেন গবেষণা। ২০২১ সালের এপ্রিল থেকে গত জানুয়ারি পর্যন্ত চলে তাদের গবেষণা। ১০ মাস গবেষণা শেষে নতুন পদ্ধতি বের করেছেন তারা। তাদের দাবিÑ নতুন এ পদ্ধতিতে সড়ক নির্মাণে সময় কম লাগে। উদ্ভাবিত এ কৌশলের নাম ‘শেখ হাসিনা রোড টেকনোলজি’ করার প্রস্তাব করেছেন প্রকৌশলীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় উদ্ভাবনী গবেষণার তাগিদ দিয়েছেন। সেই অনুপ্রেরণায় মাতারবাড়ী কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সওজ অংশে নিযুক্ত প্রকৌশলীরা গবেষণা শুরু করেন। গবেষণা দলের নেতৃত্বে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বী। তার সঙ্গে ছিলেন মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের (সওজ অংশ) পরামর্শক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত টিম লিডার আবুল হোসেন। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রুমী, উপবিভাগীয় প্রকৌশলী মোহা. ইউনুস আলী, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আবু সাদাত সায়েম ও প্রকল্পের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ওয়ালিউল ইসলাম। ১০ মাস গবেষণা করে তারা ‘একরিলিক পলিমার’ নামের একটি কেমিক্যাল মাটি ও বালির সঙ্গে সমন্বয় করে টেকসই, সাশ্রয়ী ও মজবুত সড়ক নির্মাণ পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষণা প্রতিবেদনটি তারা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
প্রতিবেদনে গবেষকরা বলেছেন, প্রচলিত পদ্ধতিতে সড়ক নির্মাণের চেয়ে নতুন পদ্ধতিতে সময় কম লাগে। এ
পদ্ধতিতে সড়ক বা সড়কবাঁধ নির্মাণব্যয়ও সাশ্রয়ী। এ পদ্ধতিতে সড়ক নির্মাণ কৌশলে ৬০ থেকে ৭০ শতাংশ দেশি উপকরণ ব্যবহার সম্ভব। এতে শতকরা ১৫ থেকে ২০ ভাগ খরচ কমানো যাবে। এ পদ্ধতিতে ইটের ব্যবহার নেই। ফলে ইট পোড়ানো ধোঁয়া ও পরিবেশ দূষণ রোধ করা যাবে। সংরক্ষিত হবে কৃষি জমি।
গবেষকদের দাবি, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে সড়কের ভিত্তি নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথর আমদানিও কমে যাবে। একরিলিক পলিমার দিয়ে নির্মিত সড়ক একদিকে টেকসই, মজবুত ও পানি প্রতিরোধক; বন্যা বা অধিক বর্ষণেও এর স্থায়ীত্ব অটুট থাকে। তা ছাড়া সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কমবে। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। প্রযুক্তিগত দিক সহজ হওয়ায় দেশে প্রচলিত নির্মাণ যন্ত্রপাতির মাধ্যমেও সড়ক তৈরি করা যাবে। এটি মাটি ও বালুর সঙ্গে ব্যবহারের পর ড্রায়িংয়ের সময় বাতাসে কোনোরকম দুর্গন্ধ ছড়ায় না।
দেশের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে ‘হেরিং বোন বন্ড’করণ (এইচবিবি) প্রচলিত। যদিও এইচবিবি সড়কের রাইডিং কোয়ালিটি ভালো নয়। ফলে রিকশা-ভ্যান চলাচল কষ্টসাধ্য। এ ছাড়া তিন থেকে চার বছরের মধ্যে এইচবিবি পদ্ধতির সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে; কিন্তু নতুন পদ্ধতিতে সড়ক তৈরি করলে তা দীর্ঘস্থায়ী হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রামের সাধারণ জনগণের প্রত্যাশার আলোকে প্রধানমন্ত্রীর পরিকল্পনা ‘আমার গ্রাম আমার শহর’সহ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০, রূপকল্প-২০৪১ ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে দেশের ২ লাখ ২০ হাজার কিলোমিটার কাঁচা সড়ক পাকা করা প্রয়োজন। নতুন পদ্ধতির মাধ্যমে প্রতিবছর ৭ হাজার থেকে ১০ হাজার কিলোমিটার সড়ক অনায়াসে পাকা করা সম্ভব। ফলে ২০৪০ সালের মধ্যে দেশে আর কোনো কাঁচা সড়ক থাকবে না।
গবেষণা দলের সদস্যরা প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিশ্বব্যাপী প্রচলিত সয়েল স্ট্যাবিলাইজেশনের বিভিন্ন মেথড দেখেছেন তারা। এর মধ্যে মেকানিক্যাল মেথড ও বিবিধ কেমিক্যাল, যা সড়ক নির্মাণে ব্যবহার হয়ে থাকে। যেমনÑ ফ্লাই অ্যাশ, বিটুমিন ইমুলসন, ক্যালসিয়াম ক্লুরাইড, সোডিয়াম সিলিকেট, বায়ো এনজাইম ইত্যাদি। বর্তমানে সয়েল স্ট্যাবিলাইজেশনে কেমিক্যালগুলো ব্যবহার হচ্ছে। একরিলিক পলিমার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ ব্যবহার করছে। এতে মাটি ও বালুর ভার বহনের ক্ষমতা বাড়ে ও পানিরোধ সম্ভব। গবেষণাকালে দেশের ২২টি জেলার মাটি সংগ্রহ করে গবেষক দল। এর পর একরিলিক পলিমারের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে টেকসই সড়ক নির্মাণের কৌশল উদ্ভাবন করতে সক্ষম হন তারা। এ পদ্ধতিতে নির্মিত সড়কের ডিজাইনে নতুনত্ব আনা সম্ভব বলে মত দিয়েছেন গবেষকরা।
তাদের মতে, নতুনত্ব হচ্ছেÑ ডিজাইন প্যারামিটারে নির্মাণ উপকরণ। সাধারণত প্রচলিত সড়কের ভিত্তি নির্মাণ করা হয় ইটের খোয়া ও পাথর দিয়ে; কিন্তু একরিলিক পলিমার ব্যবহার করে সড়ক নির্মাণ কৌশলে শুধু স্থানীয় মাটি ও বালির সঙ্গে এ পলিমারের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সড়কের ভিত্তি তৈরি করা যাবে। এ উপাদানটি ‘ন্যানো টেকনোলজি’তে কাজ করে। একরিলিক পলিমার মাটি ও বালির প্রতিটি কণার সঙ্গে মিশে ন্যানো-পলিমারাইজড গ্রিড তৈরির মাধ্যমে একটি বিশেষ স্তর সৃষ্টি করে। স্তরটি ক্ষয়বিরোধী ও ইলাস্টিক গুণসম্পন্ন। এটি খুব দ্রুত বনডিং তৈরি করে। বাংলাদেশের মাটি ও বালু একরিলিক পলিমার ব্যবহারে বিশেষ উপযোগী এবং আবহাওয়া গ্রীষ্মম-লীয় হওয়ায় দ্রুত ড্রায়িং হয়। এর দ্বারা নির্মিত স্ট্যাবিলাইজার লেয়ারের অনন্য বৈশিষ্ট্য হলোÑ এটি পানিরোধী। এতে মজবুত, টেকসই ও দীর্ঘস্থায়ী হয় প্রস্তুতকৃত স্ট্যাবিলাইজার লেয়ারটি। এ পদ্ধতি সড়কের মূল ভিত্তি মজবুত ও টেকসই করার কৌশল। এতে দেশি উপকরণের সর্বোচ্চ ব্যবহার সম্ভব। পদ্ধতিটির নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ রোড টেকনোলজি’। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তারা গবেষণা করেছেন তাই ‘শেখ হাসিনা রোড টেকনোলজি’ নামকরণের প্রস্তাব করেছেন ওই গবেষকরা।
প্রতিবেদনে গবেষকরা বলেছেন, গবেষণায় একরিলিক পলিমার হিসেবে কেথ্রি১ (আমেরিকান ব্র্যান্ড) ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ববাজারে সহজলভ্য হলেও বাংলাদেশে এখনো পাওয়া সহজ নয়। এজন্য এটি দেশে সহজলভ্য করার সুপারিশ করেছেন তারা। গবেষকদের দাবি, একরিলিক পলিমার ও একরিলিক কো-পলিমার উপাদান ব্যবহার করে বাংলাদেশের উপযোগী বিভিন্ন প্রকার পেভমেন্ট ডিজাইন করতে সক্ষম।
গবেষক দলের প্রধান সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও মাতারবাড়ী প্রকল্পের (সওজ অংশ) পরিচালক ফজলে রাব্বী গবেষণা প্রতিবেদন নিয়ে আপাতত কথা বলতে রাজি হননি।