রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ঝুঁকি বাড়িয়েছে অর্থপাচার ও খেলাপির

news-image

আবু আলী
বৈশ্বিক মহামারী করোনার মধ্যে সরকারের সাহসী পদক্ষেপে সচল রয়েছে দেশের অর্থনীতি। তবে বেশকিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। করোনাকালীন উদ্যোক্তা ও ঋণগ্রহীতাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও খেলাপি কমার পরিবর্তে বেড়েছে, যা বর্তমান সময়ে নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ। এ ছাড়া দেশ থেকে অর্থপাচারের ঘটনাটিও বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনায় ব্যবসায়ীদের দেওয়া বিভিন্ন ধরনের ছাড় উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। তবে এটাও খেলাপি ঋণের প্রকৃত চিত্র নয়। প্রকৃতপক্ষে খেলাপি ঋণ আরও কয়েকগুণ বেশি। কারণ, অনেক ব্যাংক ঋণ আদায় না করেও নিয়মিত দেখাচ্ছে। এদিকে প্রতিবছর দেশ থেকে প্রায় ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ফলে দেশে বিনিয়োগ বাড়ছে না। বরং বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটার টান লেগেই আছে।

অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় টাকা পাচার বেড়েছে। এ ছাড়া দুর্নীতিও টাকা পাচারের অন্যতম কারণ। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, দেশ থেকে প্রতিবছর যে পরিমাণ টাকা পাচার হয়, তার আংশিক তথ্যই প্রকাশ পায়। এ অবস্থায় বিস্তারিত তথ্য খুঁজে বের করে অর্থপাচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পাচার কমবে না। একই সঙ্গে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর আমাদের সময়কে বলেন, আমদানি ব্যয় বেড়ে যাওয়া উদ্বেগজনক। ব্যাংকের ডলারের দাম কমিয়ে রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব টাকার মান বাজারের সঙ্গে সমন্বয় জরুরি।

তিনি বলেন, খেলাপি ঋণ এটি বড় চ্যালেঞ্জ। করোনার সময় পুরো টাকা ব্যাংক দিয়েছে। এ ক্ষেত্রে সরকারের গ্যারান্টি ছিল না। ফলে পুরো ঝুঁকি ব্যাংকের ওপর এসেছে। এটি সরকারের সঙ্গে শেয়ার করা উচিত ছিল। অন্যদিকে পাচারের অর্থের সংখ্যাটি বড়। এসব অর্থের উৎস মূলত দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়। তবে পাচারের ক্ষেত্রে দেশের সার্বিক অবস্থা বিশেষ করে নিজের নিরাপত্তা, পরবর্তী প্রজন্মের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ মনে করেন, এসব নিরাপত্তা নেই কিংবা থাকলেও ভবিষ্যতে না থাকার অনিশ্চয়তা থাকে, তখন অনেকে বিদেশে অর্থপাচার করে।

এদিকে প্রতিবছর দেশ থেকে প্রায় ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ফলে দেশে বিনিয়োগ বাড়ছে না। বরং বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটার টান লেগেই আছে। এ ছাড়া জাতীয় সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত নয় বছরে দেশে ব্যাংক খাতে অনিয়ম-জালিয়াতি বেড়েছে ১৬ গুণ। সে হিসাব অনুযায়ী নয় বছরে প্রায় ৩১ হাজার কোটি টাকা লোপাট করেছে বিভিন্ন জালিয়াত ও প্রতারকচক্র। আর এই লোপাট হওয়া অর্থের অন্তত ৫২ শতাংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে বেরিয়ে গেছে বলে জানানো হয়েছে সংসদে। ব্যাংক খাতে চলতি বছরের জুন পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি ৩১ লাখ টাকা। যা মোট ঋণ বিতরণের ৮ দশমিক ৬১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, করোনা মহামারীর সময়ে উদ্যোক্তা ও ঋণগ্রহীতাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সত্তে¡ও খেলাপি কমাতে পারেনি সরকার, বরং বেড়েছে। ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। করোনার কারণে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে যে ছাড় দেওয়া হয়েছিল, ধাপে ধাপে তা উঠিয়ে নেওয়া হয়। তারই প্রভাব পড়েছে খেলাপি ঋণে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

এদিকে দেশে খুচরা বাজারে (কার্ব মার্কেট) মার্কিন ডলারের দাম ৯২ টাকা ছাড়িয়েছে। অথচ ব্যাংকগুলোয় প্রতি ডলারের বিনিময় হার ৮৬ টাকা। ব্যাংক খাতের সঙ্গে খুচরা বাজারে ডলারের দামের এই বড় ধরনের তারতম্যের সঙ্গে অর্থ পাচারের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। ৮৫ টাকায় প্রতি ডলার হিসাবে তা ৬৪ হাজার কোটি টাকা। গত বছরের মার্চে এ প্রতিবেদন প্রকাশিত হয়।

জিএফআইর প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের পর মূল্য ঘোষণায় গরমিল দেখিয়ে অর্থপাচারের পরিমাণ বেড়েছে। ২০১৫ সালে সর্বোচ্চ ১ হাজার ১৫১ কোটি ৩০ লাখ ডলার বিদেশে চলে গেছে, যা ২০০৮ সালে ছিল ৫২৮ কোটি ডলার। এ ছাড়া ২০০৯ সালে ৪৯০ কোটি, ২০১০ সালে ৭০৯ কোটি, ২০১১ সালে ৮০০ কোটি, ২০১২ সালে ৭১২ কোটি এবং ২০১৩ সালে ৮৮২ কোটি ডলার বিদেশে গেছে।

জিএফআইর ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ২০১৫ সালে ৫৯০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। এই অর্থের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠিতে বলেছে, পণ্য আমদানির আড়ালে যেমন বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে, বিদেশে পণ্য রপ্তানির প্রচুর অর্থও দেশে ফেরত আসছে না। এ নিয়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর আওতায় মামলা হলেও নিষ্পত্তি হচ্ছে না। সময় গড়ানোর সঙ্গে এসব বিষয় আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বাংলাদেশের সামনে।