রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : ধাক্কা দেওয়া সেই কার্গো আটক, দুই তদন্ত কমিটি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটিসহ নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তবে লঞ্চটিকে ধাক্কা দেওয়া এমভি রূপসী-৯ কার্গো জাহাজটি সন্ধ্যায় মেঘনা ঘাট এলাকা থেকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ নৌপুলিশের এসপি মীনা মাহমুদা এ তথ্য নিশ্চিত করে জানান, এমভি রূপসী-৯ এর চালকসহ জাহাজে থাকা সবাইকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে, এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন উপ-সচিব আমিনুর রহমান। এতে প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএ) ড. আ ন ম বজলুর রশিদকে। অপর দুই সদস্য হলেন- নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাঈদ মোহাম্মদ দেলোয়ার এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলাম। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে ঘটনার কারণ উদ্ঘাটন, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে। এ তথ্য জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে চর সৈয়দপুরের আলামিন নগরের সেতুর কাছে এমভি রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, জয়নাল নামের যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তিনি হার্টের রোগী ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার পর সাঁতারে তীরে উঠেছিলেন জয়নাল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মারা যান।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছয়জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তারা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

লঞ্চ ডুবির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।