হৃতিকের প্রেমিকার কণ্ঠে বাংলা গান!
বিনোদন ডেস্ক : সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। এমন কথা-ই শোনা যাচ্ছে চারিদিকে। যদিও এ বিষয়ে দুজনের কেউই মুখ খুলেননি এখনও। সম্প্রতি একটি বাংলা গান গেয়ে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন সাবা। ‘মহারাজা তোমারে সেলাম’ গানটি নিজের কণ্ঠে তুললেন তিনি। স্বয়ং হৃতিকও সাবার গানের ভূয়সী প্রশংসা করলেন।
সাবা আজাদ তার ইনস্টাগ্রামে ‘মহারাজা তোমারে সেলাম’ গানটি গেয়ে এক ভিডিও পোস্ট করেছেন। এই গানটি সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর। সাবার এই পোস্টের পর নেট দুনিয়ায় আলোচনা। সবাই তার এই গানের ভিডিও দারুণ পছন্দ করছেন। সাবা তার এই গানের ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘অসুস্থ অবস্থায় এখন বাড়িতে আছি। গান ছাড়া আর অন্য কিছু করতে এনার্জি পাচ্ছি না। ছোটবেলায় চলচ্চিত্র উৎসবে মা–বাবার সঙ্গে রায় ফিল্মসের কালজয়ী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’ দেখেছিলাম।
আর এরপরই মা–বাবা আমাকে এই ছবির গানের ক্যাসেটটি কিনে দিয়েছিলেন। ওই সময় আমি বাংলা এতটুকুও বুঝতাম না। তা সত্ত্বেও ওটা আমার প্রিয় ক্যাসেট হয়ে উঠেছিল। আমি সব গানের প্রতিটা শব্দ মুখস্থ করেছিলাম। ওই সব শব্দের অর্থ না বুঝেই মুখস্থ করে ছিলাম। সংগীতের ক্ষেত্রে এটাই হয়। আপনাকে যদি তা আকৃষ্ট করে, তখন ভাষা কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না।’
তিনি আরও লিখেছেন, ‘কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে বাড়িতে যখন গান গাইছিলাম, তখন দেখলাম যে আমার এই গানের প্রতিটা কথা মনে আছে। আমি অনুভব করলাম যে আমার স্মৃতি থেকে এই গানের শব্দগুলো কখনই মুছে যায়নি।’
সাবার তার এই পোস্টে নেট জনতাকে অনুরোধ করেছেন যে উচ্চারণে ভুলভ্রান্তি থাকলে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তার এই গানের ভিডিওতে হৃতিক মন্তব্য করেছেন, ‘তুমি অসাধারণ একজন মানুষ।’ এদিকে বলিউড অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা সাবার উদ্দেশে লিখেছেন, ‘এটা আমার প্রিয় গানগুলোর মধ্যে একটি। আর তোমার উচ্চারণ দারুণ!’











