সর্বজনীন পেনশন, দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি
ড. সালেহউদ্দিন আহমেদ
আমাদের দেশে সামাজিক নিরাপত্তা অত্যন্ত সীমিত ও দুর্বল। সরকারি কিছু উদ্যোগ ছাড়া এখানে অন্যান্য পদ্ধতি যেমন পেনশন, ইন্স্যুরেন্স, বিশেষ করে বেসরকারি খাতের জন্য নেই বললেই চলে।
২০১৬ সালে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও পেনশনের আওতায় আনা প্রয়োজন। কিন্তু আর বিষয়টি এগোয়নি। বিলম্বে হলেও সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে; তা যেন প্রক্রিয়াগত কারণে সময় আরও বয়ে না যায়, এজন্য কাজের গতিশীলতা জরুরি। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এজন্য প্রয়োজন আইন, বিধি প্রণয়ন ও যথাযথ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন।
দেশে বর্তমানে মুক্তিযোদ্ধা-ভাতা, বয়স্ক-ভাতা, বিধবা-ভাতাসহ সরকারের আরও কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব ক্ষেত্রে কখনো কখনো সংশ্লিষ্ট দায়িত্বশীল কারও কারও বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এ রকম দৃষ্টান্ত আরও আছে। অনেক ভালো উদ্যোগ অনিয়ম-দুর্নীতি-অস্বচ্ছতার কারণে মুখ থুবড়ে পড়ার নজিরও আমাদের সামনে কম নেই। তাই এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। ব্যবস্থা কিংবা প্রক্রিয়া ভালো হলে অবস্থা ভালো হতে বাধ্য।
আমরা আমাদের প্রবৃদ্ধি নিয়ে অহরহ কথা বলছি। কিন্তু এই প্রবৃদ্ধির সুষম বণ্টন যেমন হয়নি; তেমনি এর সুফলও অনেকে পাননি। যারা অনানুষ্ঠানিক কিংবা বেসরকারি খাতের সঙ্গে যুক্ত, তারা সরকারি সুযোগ-সুবিধা তেমন কিছুই পান না। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো চলমান সেগুলোর বেশিরভাগই বয়স্ক-দরিদ্রদের জন্য। সামগ্রিকভাবে এসব কর্মসূচির কোনোটিকেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলা যায় না। এ পরিপ্রেক্ষিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর চিন্তা সময়োপযোগী বলে মনে করি। এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ রাখতে হবে, এর উপকারভোগী যাতে সবাই হতে পারেন। এটি বড় চ্যালেঞ্জও। এজন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার; একই সঙ্গে পক্ষপাতহীনতা।
আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে; মানুষ অর্থ বিনিয়োগ করবে। তাই সুযোগের পরিধি একটু বিস্তৃত করতে হবে। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদা বা অর্থ জমা দিতে না পারেন, তা হলে এজন্য যেন সময়সীমার সুযোগটা অবারিত থাকে। আমরা দেখছি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো কারণে একটা-দুটো প্রিমিয়াম দিতে বিলম্ব হলে অনেক ক্ষেত্রে পুরো ইন্স্যুরেন্সই বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে যেন এমনটি না হয়। মানুষ যেন তার ন্যায্য প্রায় সহজেই পেয়ে যায়, তাও নিশ্চিত করতে হবে।
আমাদের অভিজ্ঞতায় আছে, সরকারি পেনশনভোগীদের নানা ক্ষেত্রে কত রকম বিড়ম্বনার মুখে পড়তে হয়! সেবা নিতে গিয়ে মানুষকে শিকার হতে হয় হেনস্তার! প্রক্রিয়াগত জটিলতা পদে পদে মানুষকে অতিষ্ঠ করে তোলে। এর সঙ্গে আছে অসাধু দায়িত্বশীলদের অপতৎপরতা। অর্থাৎ অন্যের ন্যায্যতার পথে প্রতিকূলতা সৃষ্টি করে নিজেদের পকেট ভারী করার অপচেষ্টা। সরকারি পেনশন ব্যবস্থা এখনো কত জটিল হয়ে আছে, তা ভুক্তভোগী ছাড়া অন্যদের বোঝা সহজ নয়। তাই এ ক্ষেত্রে এমন কিছু না হয় লক্ষ্য থাকতে হবে সেটি। প্রযুক্তি আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে। প্রযুক্তির সহায়তায় অনেক কিছু করা এখন মোটেও কঠিন কিছু নয়। আমাদের অভিজ্ঞতা যেহেতু অনেক ক্ষেত্রেই প্রীতিকর নয়, সেহেতু এমন একটি ভালো ব্যবস্থা চালুর আগেই সবকিছু পরিষ্কার করা বাঞ্ছনীয়।
কথা উঠেছে, এ ব্যাপারে বেসরকারি খাত অনাগ্রহ প্রকাশ করতে পারে। তা কোনোভাবেই চলবে না। এ সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় রেখে তাদের এ ব্যবস্থার আওতায় আসতে বাধ্য করার বিধান নিশ্চিত করতেই হবে। আমাদের বেসরকারি খাত সরকারের কাছ থেকে অনেক রকম সুবিধা পায়। কিন্তু বেসরকারি খাতের কর্মজীবীরা সে অনুপাতে সুযোগ-সুবিধা পানই না। সরকারি চাকরিজীবীরা ব্যাংক ঋণসহ চাকরি ক্ষেত্রে নানারকম সুযোগ-সুবিধা পান। তাই বেসরকারি খাত বিষয়ে এ ব্যাপারে আরও বেশি জোর দিতে হবে। বেসরকারি খাত সুবিধা পাবে অথচ এ খাতের কর্মজীবীরা এর সুফল পাবেন না- তা তো মেনে নেওয়া যায় না। এত বড় উদ্যোগে বেসরকারি খাতের অনাগ্রহের ব্যাপারে অনমনীয় থাকতেই হবে।
আমরা দারিদ্র্য হ্রাসে মোটামুটি একটা স্বস্তির জায়গায় এসেছিলাম। করোনা দুর্যোগ দরিদ্র-হতদরিদ্রদের সংখ্যা স্ফীত করছে। তাদের এ ব্যবস্থার আওতায় আনার ব্যাপারে বিশেষভাবে ভাবতে হবে। তাদের উপকারভোগীর কাতারভুক্ত করার ব্যাপক পরিকল্পনা ও এর বাস্তবায়ন জরুরি। তা না হলে এর সুফল মিলবে না। তাদের ব্যাপারে সরকারকেই বাড়াতে হবে সহযোগিতার হাত। এজন্য সরকারের যথেষ্ট অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। অর্থাৎ সরকার যে উদ্যোগ নিয়েছে, এর সামনে চ্যালেঞ্জও কম নয়। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন কিছু নয়, যদি প্রক্রিয়া কিংবা ব্যবস্থার সব পথ মসৃণ করা যায়। শেষ বয়সে মানুষ নানাভাবে অসহায় হয়ে পড়ে। এর মধ্যে আর্থিক অনটন অন্যতম।
আমাদের শ্রেণি-বিভাজনের দাগ অনেক মোটা। উদ্বেগের কারণ হলো, তা আজও মোটা হচ্ছে। সম্পদ মুষ্টিমেয় মানুষের কাছে পুঞ্জীভূত হয়ে পড়ছে। বৈষম্যের ছায়া বিস্তৃত হচ্ছে। সমতাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার শুধু অঙ্গীকারেই বৃত্তাবদ্ধ।
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠন ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর ৫০ বছর অতিক্রান্তেও আমরা কাক্সিক্ষত স্তরে পৌঁছাতে পারিনি। সর্বজনীন পেনশন ব্যবস্থা যে বিশাল কর্মযজ্ঞ- এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কারোরই ন্যূনতম উদাসীন থাকার অবকাশ নেই। এই পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এর বৈশিষ্ট্য নির্ধারণে দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি। রাজনৈতিক সদিচ্ছা-স্বচ্ছতার অভাবে অনেক নেতিবাচক দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এর যেন পুনরাবৃত্তি না হয়।
আমাদের মনে রাখতে হবে, উন্নত দেশের মতো আমাদের দেশেও মানুষের গড় আয়ু বাড়ছে। বাড়ছে বয়স্ক মানুষের হারও। তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এই ব্যবস্থা সুচারুভাবে করা যায় তা হলে সামাজিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা যাবে। সর্বজনীন পেনশন তহবিলে যত অর্থ জমা হবে; এর অংশবিশেষ সরকার নানা খাতে বিনিয়োগ করবে। কাজেই সর্বাবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার যেমন বিকল্প নেই; তেমনি প্রক্রিয়াও সহজ করতে না পারলে এত বড় কর্মযজ্ঞের সড়ক প্রশস্ত করার সুযোগ সঙ্কুচিতই থাকবে।
এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, সামাজিক নিরাপত্তার আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন স্বাস্থ্যবীমা, কর্মহীন বেকারদের জন্য বীমা, দুর্ঘটনাকবলিত ব্যক্তির চিকিৎসা বীমা। এগুলোও সর্বজনীনভাবে চালু করার পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি সরকার মানসিক প্রতিবন্ধীদের বিশেষ কয়েকটি শ্রেণির জন্য স্বাস্থ্যবীমা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই ধরনের সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ সর্বতোভাবে কাজে লাগাতে হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ : অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক











