এখনও সময় আছে পদত্যাগ করুন, সরকারকে গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারকে বলব, এখনও সময় আছে পদত্যাগ করেন। জাতিকে রক্ষা করতে সোজা পদত্যাগ করেন। তা না হলে জনগণ আপনাদের টেনে হেঁচড়ে নামাবে।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে আজ বুধবার গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি অবিরাম সংগ্রাম করে আসছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। গত ১২ বছরে দেশ থেকে ১০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণের পকেট কেটে বিদ্যুৎখাতে ভর্তুকি দিচ্ছে। আপনাদের চুরি করা টাকার ক্ষতিপূরণের দায়িত্ব জনগণের নয়। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। অবিলম্বে এ দুটির দামসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান।’
বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। একের পর এক শিল্প-কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বেকার হচ্ছে। দিন মজুররা কাজ পাচ্ছে না। দেশটা জাহান্নামে যাবে এ জন্য যুদ্ধ করি নাই। এই সরকারের পালাবার জায়গা নেই’।
জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা হুমায়ুন কবীর খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, স্থানীয় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান, সাখাওয়াৎ হোসেন সবুজ, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লী, ভিপি মো. হেলাল উদ্দিন, আক্তারুল আলম মাস্টার, বিল্লাল হোসেন বেপারি, মনিরুল ইসলাম মনির, হাসিবুর রহমান মুন্না, জেলা মহিলা দলের ফেরদৌসী বেগম, শ্রমিক দলের আক্তারুজ্জামান বাবুল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা প্রমুখ।











