,

সিনিয়র গ্রুপের হামলায় নিহত জুনিয়র গ্রুপের জাহিদ!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইফরান ওরফে ডামরু (২৪), মো. ডলার হোসেন ওরফে ডলার (২৫), মো. রাজা হোসেন (২২) ও মো. কোরবান (২৫)। আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার কাঁচা বাজার পেঁয়াজ পট্টি এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডে নিহত জাহিদ হাসানের বাবা হানিফ খাঁন বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর পল্লবী, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনসহ ৪ জন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়।

অনুসন্ধানে জানা যায়, নিহত জাহিদ হাসান (২৫) পল্লবী থানার বেনারশী পট্টি এলাকায় স্বপরিবারে বসবাস করতো। সে মূলত পেশায় একজন বাস চালক ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে যানবাহন চলাচল সীমিত হওয়ায় পেশা পরিবর্তন করে মাছ ব্যবসা শুরু করে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, নিহত জাহিদ ও গ্রেপ্তারকৃত হয়েছে ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা। এলাকাটি ননবাঙ্গালী বিহারী ক্যাম্পের (জল্লা ক্যাম্প, মুসলিম ক্যাম্প ও মিল্লাত ক্যাম্প) আওতাধীন। ওই এলাকায় মাদকের অপব্যবহারসহ গ্যাং কালচারের প্রবণতা রয়েছে।

এলাকায় সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপ নামে দুইটি গ্রুপ রয়েছে যারা এলাকায় চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক সেবন ও মাদক ব্যবসায় লিপ্ত থাকে। উক্ত গ্রুপ দুইটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সার্বক্ষণিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে। নিহত জাহিদ জুনিয়র গ্রুপের অর্ন্তভুক্ত ছিল এবং গ্রেপ্তারকৃত আসামিগণ সিনিয়র গ্রুপের সদস্য।

ঘটনার দিন সন্ধ্যায় প্রথমে জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপের ইমরান আলীর সাথে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হলে জুনিয়র গ্রুপের ৫/৬ জন সদস্য ইমরান আলীকে চর-থাপ্পর মারে।

এই সংবাদটি জানতে পেরে সিনিয়র গ্রুপের প্রধান মো. ইফরান ওরফে ডামরু ও মো. ডলার এর নেতৃত্বে একই দিন রাত ১০টার দিকে সিনিয়র গ্রুপের ১৫/১৬ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, সুইস গিয়ার, হকি স্টিক, এসএস পাইপ, লোহার রড) নিয়ে কাঁচা বাজার পেঁয়াজ পট্টি এলাকায় অবস্থানরত জুনিয়র গ্রুপের ৫/৬ জনের উপর অতর্কিত আক্রমণ করে।

সেসময় মামলার এজাহারনামীয় আসামি মিঠুন, কামরান, ডলার, রাজা ও কোরবানসহ আরো কয়েকজন হকি স্টিক, এসএস পাইপ এবং রড দিয়ে ভিকটিম জাহিদসহ অন্যান্যদের উপর আক্রমন করে। মিঠুন, ডলার ও কামরানের এলোপাতাড়ি আঘাতে নিহত জাহিদ ভারসাম্য হারিয়ে ফেললে মামলার প্রধান আসামি মো. ইফরান ওরফে ডামরু তার হাতে থাকা ধারালো সুইস গিয়ার (চাকু) দিয়ে জাহিদের পেটে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় নাড়িভুড়ি বের হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলে ভিকটিম জাহিদ ছাড়াও জুনিয়র গ্রুপের সদস্য মো. কামরান (২২) এবং হাসান (২৩) গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন জাহিদসহ আহতদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ভিকটিম জাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলেই উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. ইফরান রাজধানীর পল্লবী থানার জল্লাক্যাম্পে বসবাস করে। সে জুতার কারখানায় কাজ করলেও এলাকায় সিনিয়র গ্রুপের নেতৃত্বস্থানীয় সদস্য হিসেবে প্রকাশ্যে চুরি-ছিনতাই এবং মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা যায়। সে নিজেও একজন নিয়মিত মাদকসেবী। মূলত মাদকের অর্থ যোগানের জন্য নানাবিধ অপকর্মে লিপ্ত।

এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বিস্ফোরক, মাদক, চুরি-ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। জুনিয়র গ্রুপের বিষয়েও অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড