মাঠ গোছানোয় ব্যস্ত আ.লীগ ও বিএনপি
গাজীপুর সিটি নির্বাচন
দরজায় কড়া নাড়ছে গাজীপুর সিটি নির্বাচন। এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতার গণসংযোগে হাওয়া লেগেছে ভোটের পালে। রাজনীতির মাঠও বেশ সরগরম। বসে নেই বিএনপির নেতারাও। সিটি নির্বাচন সামনে রেখে ঢেলে সাজানো হচ্ছে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের কমিটিগুলো।
মুখে সরকারবিরোধী আন্দোলনের কথা বললেও বাস্তবে নির্বাচনমুখী দল গোছানোর কাজ করছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। অন্যদিকে নির্বাচনমুখী দল গোছাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার পর থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বেশ গতি পেয়েছে।
আওয়ামী লীগের গাজীপুর মহানগর সভাপতি এবং নৌকা প্রতীকের শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান নির্বাচনমুখী সাংগঠনিক তৎপরতার কথাই শোনালেন। তিনি জানান, সামনেই গাজীপুর সিটি নির্বাচন, এর পরপরই জাতীয় নির্বাচন। মহানগরে ৮ থানা কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই মহানগর সম্মেলন করা হবে।
অন্যদিকে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহরাব উদ্দিন জানান, মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি ঢেলে সাজানো হয়েছে। নির্বাচন করার মতো একাধিক প্রার্থীও প্রস্তুত। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় নির্বাচনেও বিএনপি যাচ্ছে না।
২০১৮ সালের ২৬ জুন সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ শেষের আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। বিধি মোতাবেক আর মাত্র ৮ মাস পরেই গাজীপুর সিটি নির্বাচনের দিন গণনা শুরু হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের নির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হয়েছেন। বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরন দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির মনোনয়নপ্রত্যাশী আধাডজন নেতা মাঠে রয়েছেন। এর মধ্যে মহানগর সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বরাবরের মতোই মেয়র পদে প্রার্থীর হওয়ার দৌড়ে বেশ শক্তিশালী দাবিদার। মহানগর সহসভাপতি এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনকেও দলীয় মনোনয়নে প্রার্থী করার পক্ষেও একটি বলয় সক্রিয় আছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদও আছেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। এ ছাড়া মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মনোনয়নপ্রত্যাশী। ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল নৌকার প্রার্থী হতে চান। একাধিক ব্যবাসয়ী নেতাও নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন।
‘…ভাইকে মেয়রপ্রার্থী হিসাবে দেখতে চাই।’ গাজীপুর মহানগরের মূল সড়ক এবং অলিগলি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নেতাদের এমন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। ধর্মীয় মাহফিল, বিবাহ-কুলখানিসহ সামাজিক অনুষ্ঠান বা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমেও মনোনয়নপ্রত্যাশী নেতারা গণসংযোগ করছেন। তাছাড়া শীত মৌমুমের শেষদিকে এসে যুবলীগ থেকে মনোনয়নপ্রত্যাশী কামরুল আহসান সরকারের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার বলেন, কেন্দ্রের নির্দেশে দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করছি। করোনার শুরু থেকেই অক্সিজেন সেবাসহ মানুষকে খাদ্য সহায়তা করে আসছি। এখন শীতের কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। তবে নৌকা প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হোক, এসব সেবামূলক কাজ আওয়ামী লীগ প্রার্থীর জন্যই সুফল আনবে।
মহানগর বিএনপির একাধিক নেতার সঙ্গে সিটি নির্বাচন নিয়ে কথা হয়েছে। তাদের ভাষ্য, সামনে নির্বাচন যে কোনো সময় কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা এলে সেই মোতাবেক অংশগ্রহণের প্রস্তুতি তাদের রয়েছে। তবে স্থানীয়ভাবেও সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ সরকার সৃষ্টি করেনি। ব্যালট বা ইভিএম কোনো মাধ্যমেই মানুষ ভোট দিতে পারে না। আওয়ামী লীগের দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠনের পাঁয়তারা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন বর্জনের কেন্দ্রীয় সিদ্ধান্তই সঠিক। প্রয়োজনে আন্দোলনের প্রস্তুতি হিসেবে তারা দলকে সুসংগঠিত করছেন।
বিএনপি সূত্রে জানা যায়, সাবেক মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার, মহানগর আহ্বায়ক সালাহ্ উদ্দিন সরকার, সদস্যসচিব সোহরাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন।
‘গাজীপুর সিটিতে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার মতো মূল দলে একাধিক যোগ্য ব্যক্তি রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের জন্য নিবেদিত এবং ত্যাগীদের মূল্যায়ন করবেন- এমনটাই মনে করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ।
মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং ২০১৮ নির্বাচনে ধানের শীষের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শক্তিশালী কমিটি হয়েছে। দলীয় সিদ্ধান্ত এলে যে কোনো সময় নির্বাচন করার মতো প্রস্তুতি তাদের রয়েছে।











