সুষ্ঠু নির্বাচনের স্বাধীনতা ইসির থাকবে তো
ড. জোবাইদা নাসরীন
বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে আছে নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সম্ভাব্য দশ নাম। কাদের নাম শেষ পর্যন্ত পাঠাবে সার্চ কমিটি? সেই দশ জনের নাম প্রকাশের দাবিও করা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখান থেকে পাঁচ জনের নাম ফাইনাল করবেন রাষ্ট্রপতি।
ইতোমধ্যে অতিদ্রুতই অনেক কিছু হয়েছে। এর কারণও রয়েছে। গত ২৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে কণ্ঠভোটে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাস হয়। এই বিল অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের শূন্যপদে নিয়োগের জন্য রাষ্ট্রপতি এ আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশের উদ্দেশ্যে ছয় সদস্যের সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করবেন। সেই কমিটিতে থাকবেন- প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সেই বিচারক হবেন এই কমিটির সভাপতি। এর বাইরে যারা থাকবেন তারা হলেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক।
সেই হিসেবেই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য রয়েছেন দুজন বিশিষ্ট নাগরিক। তারা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক। গত ৫ ফেব্রুয়ারি এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের কর্মসময় বেঁধে দেওয়া হয় ১০ দিন, কেননা ১৫ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন সাবেক কমিশনাররা।
কাজ শুরু করে সার্চ কমিটি। কাজের অংশ হিসেবেই ষাট বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম ইতোমধ্যেই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমরা আরও জেনেছি যে, এই ৩২২টি প্রস্তাবিত নামের মধ্যে সাবেক ও বর্তমান আমলারা রয়েছেন সবচেয়ে বেশি। গণনার হিসেবে তাদের সংখ্যা ১০০ জন। শিক্ষাবিদরা আছেন ৬১ জন। অন্যদের মধ্যে আছেন বিচারক ৩৮ জন, সাবেক সামরিক কর্মকর্তা আছেন ৩৮ জন, আইনজীবী ২৬ জন, মানবাধিকারকর্মী ১১ জন, সাবেক পুলিশ কর্মকর্তা নয় জন। এ ছাড়া রয়েছেন বিভিন্ন পেশাজীবী, শিল্পপতি ও সাংবাদিক।
এ পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল, ছয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকে নাম জমা দিয়েছেন। বিএনপি ও সিপিবিসহ ১৫টি দল নাম জমা দেয়নি। তার পরও যেসব দল বাকি রয়েছে, তাদের জন্য ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি প্রথম থেকেই এই সার্চ কমিটির প্রতি অনাস্থা জানিয়েছে এবং এখন পর্যন্ত তাদের প্রস্তাবিত নাম জমা দেয়নি। ওইদিনই সার্চ কমিটির মেয়াদ শেষ হবে এবং ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
আর এই প্রকাশিত ৩২২ জনের নাম নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই তালিকায় তাদের নাম দেখে বিব্রত হয়েছেন আবার অনেকের মর্যাদাও রাতারাতি অনেকটাই যেন বেড়ে গেছে। অনেকে অভিযোগ করে বলেছেন, তাদের নাম প্রস্তাব করার আগে প্রস্তাবকারী ব্যক্তি বা সংস্থা তাদের অনুমতি নেয়নি। কেউ কেউ বাড়তি পদক্ষেপ হিসেবে নাম প্রত্যাহারও করেছেন এবং কমিটিতে না থাকার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ যুক্তি দিয়েছেন যে, ‘এভাবে নাম প্রকাশে আবার একটি সাংবিধানিক পদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে।’
এই প্রস্তাবিত নামগুলো প্রকাশের দাবিই বা উঠেছিল কেন? কারণ আগে থেকেই একটা পিসফাস ছিল যে, সরকার আগে থেকেই নাম ঠিক করে রেখেছে, তাই সার্চ কমিটিসহ সব প্রক্রিয়াই হবে লোক দেখানো। তাই হয়তো এভাবে নাম প্রকাশ এক ধরনের গণপ্রতিক্রিয়াকেই সামনে এনেছে। আবার অনেকেই এভাবে নাম আসায় বিব্রত হয়েছেন এ কারণে যে, নির্বাচন কমিশন এখন অনেকটাই বিতর্কিত হয়ে পড়েছে। বিশেষ করে সর্বশেষ দুটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে। দুটি কমিশনই ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে দুটো জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠার কারণে। তাই অনেকেরই ধারণা, আসলে এখন নির্বাচনী ব্যবস্থা বলে আর কিছুই নেই। প্রতিষ্ঠানগুলো ? ভেঙে পড়েছে। তাই এই সময়ে এসব ভঙ্গুর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া মান-সম্মান নষ্ট হওয়ার মতো।
যাহোক, যেভাবেই যে দশটি নামই সার্চ কমিটি প্রস্তাব করুক না কেন, সবচেয়ে বড় বিষয় তারা নিরপক্ষে, যোগ্য এবং সবার কাছে গৃহীত হবেন কিনা, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের পক্ষে হয়তো শতভাগ নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এবং বাংলাদেশে হয়তো সর্বজন গৃহীত এবং আদৃত ব্যক্তিও খুঁজে পাওয়া কঠিন, তাই নিরপেক্ষতার প্রশ্ন এখানে আসলে হয়তো খুবই দুর্বল হিসেবে হাজির হবে। তবে বিশিষ্ট নাগরিকরা দল-মত নির্বিশেষে একটি বিষয়ে একমত হয়েছেন যে, এই নির্বাচন কমিশনের কেউ যেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির না হয়। এ বিষয়ে সবাই নিরপেক্ষতার বিপরীতে একটি পক্ষেই অবস্থান করেছেন।
সব দিক বিবেচনায়, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এই মাসেই গঠিত হবে নির্বাচন কমিশন। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি নতুন কমিশন মোকাবিলা করবে তা হলো স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার স্বাধীনতা তাদের থাকবে কিনা? অনেকেই ইতোমধ্যে সন্দেহ পোষণ করছেন যে, একটি সরকারের অধীনে সুষ্ঠু এবং যথাসম্ভব নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য এই নির্বাচন কমিশন আসলে কতটা স্বাধীনভাবে সুযোগ পাবে? এটি কি তবে আগের নির্বাচন কমিশনের মতোই নির্বাচন বিষয়ে জনগণের আস্থাহীনতাকেই আরও বাড়িয়ে দেবে? নতুন নির্বাচন কমিশনও কি এভাবে বিতর্কিত হবে?
অনেক প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। তবে শঙ্কার জায়গাটা তো অনেক বড়। আমার বিবেচনায় সবচেয়ে বড় যে দায়িত্ব আমরা নির্বাচন কমিশন থেকে আশা করছি সেটি হলো এ দেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে সেই অধিকার ফেরত পাওয়ার ব্যবস্থা করা। তাই যারাই হবেন এই কমিশনের সদস্য তারা যে দলে বা মতেরই হোন না কেন, তাদের নিরপেক্ষতার জায়গা হবে মানুষের অধিকার নিশ্চিত করার মতো সাহসী হয়ে ওঠা।
আমরা যদিও জেনে গেছি বাংলাদেশের সাধারণ মানুষ আসলেই অনেক বেশি অবহেলিত। এই মানুষরা কী চায় সেই বিষয়ে কারও কোনো মাথাব্যথা নেই। এই যে এত সার্চ কমিটি, প্রস্তাবিত নাম, বেশিরভাগ মানুষ হয়তো সেগুলো তাদের জড়িত কোনো বিষয় হিসেবেই মনে করে না। নির্বাচন কিংবা নির্বাচনের পরও তারা হয়তো কারোরই কেন্দ্রীয় জায়গায় থাকবেন না। আর এভাবেই ভোটের অধিকারের মতো একটি বিষয় থেকে মানুষের চিন্তা ক্রমেই দূরে সরে যাচ্ছে।
২০২৩ সালে হবে পরবর্তী সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিকেই সবার মনোযোগ। হালের কয়েকটি স্থানীয় নির্বাচন সরকারকে কমবেশি চিন্তিত করেছে নিঃসন্দেহে। এর পাশাপাশি একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এবং আমলানির্ভর হয়ে গেলে এক ধরনের জনবিচ্ছিন্নতাও তৈরি হয়। সে বিষয়গুলোও নিশ্চয়ই ভাবাচ্ছে ক্ষমতাসীন দলকে।
সবকিছু মিলে এবারের নির্বাচন কমিশনের প্রতি মানুষের আগ্রহ বেশিই থাকবে। সেই জায়গাকে কমিশন কতটুকু আমলে নেবে সেটি দেখার বিষয় এখন।
ড. জোবাইদা নাসরীন : অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়











