ভুয়া ডকুমেন্টে দেশের ভাবমূর্তি ক্ষুন্নের একটি গভীর চক্রান্ত!
আমজাদ হোসেন শিমুল,রাজশাহী
৮টি ফায়ার ফাইটিং ট্রাক কেনার নামে ৯টি ভুয়া ডকুমেন্ট তৈরি করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সঙ্গে কোরিয়ান একটি কোম্পানির ভুয়া চুক্তিপত্র সম্পাদনের বিষয়টি সারাদেশে এখন আলোচনার বিষয়। ‘শিনশিন গ্লোবাল কোম্পানি লিমিটেড’ নামের কোম্পানি রাসিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ভুয়া পাসপোর্ট, এনআইডি এবং ইমেইল ব্যবহার করে ওই চুক্তিপত্রের মাধ্যমে প্রায় ৮৭ কোটি টাকার প্রতারণার চেষ্টা করেছে।
গত বুধবার রাজশাহী সিটি করপোরেশনের এনেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতারণার বিষয়টি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশি কিংবা আন্তর্জাতিক একটি বড় ধরনের ষড়যন্ত্র, যা রাজশাহী সিটি করপোরেশন তথা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্নের অপচেষ্টা হতে পারে। তা না হলে মডেল সিটি হিসেবে পরিচিত রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এ ধরনের ভুয়া চুক্তিপত্র সম্পাদন করে বিশাল অঙ্কের এ টাকা দাবি করার দুঃসাহস কেউ দেখাতে পারার কথা নয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী সিটি করপোরেশন দেশের অন্যতম মডেল একটি সিটি। মহানগরীর সব নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন, বায়ুদূষণ কমানো, ইপিআই কার্যক্রমে জাতীয়ভাবে পরপর ১০ বার
দেশসেরা হওয়াসহ নানাবিধ ক্ষেত্রে দেশ-বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অদম্য অগ্রযাত্রার ধারাবাহিকতায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রায় বহুগুণে এগিয়েছে। উন্নয়নে বদলে যাচ্ছে রাজশাহীর সবকিছুই। এ অবস্থায় এমন একটি গভীর চক্রান্ত সিটি করপোরেশনের বিরুদ্ধে করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে সিটি মেয়র বলেন, ২০১৮ সালের ১৩ জানুয়ারি কোরিয়ার শিনশিন গ্লোবাল কোম্পানি লিমিটেড রাজশাহীতে ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের আগ্রহ দেখিয়ে মেয়র বরাবর পত্র দেয়। পত্রের পরিপ্রেক্ষিতে সে সময়ে কোম্পানিটির প্রেসিডেন্ট বিসি শিন রাজশাহীতে আসে। একাধিক আলোচনার পর সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে অনাগ্রহ দেখানোয় সে সময়ই পত্র যোগাযোগসহ বিষয়টির সমাপ্তি ঘটে। এর প্রায় তিন বছর পর গত বছরের ১ ডিসেম্বর বিসি শিন টেলিফোনে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মো. আশরাফুল হককে ৮টি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের বিষয়ে জানতে চান। সিটি করপোরেশনের সঙ্গে কোম্পানিটির কখনই যোগাযোগ না হওয়ার বিষয়টি বিসি শিনকে জানিয়ে দেওয়া হয়। এর পর তিনি কয়েকটি ই-মেইল পাঠিয়ে তার কোম্পানি থেকে ৮টি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়বিষয়ক ভুয়া ডকুমেন্ট পাঠান।
সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মো. আশরাফুল হকের কাছে পাঠানো ডকুমেন্ট ও আগের কথিত ই-মেইলগুলো পর্যালোচনা করে দেখা যায়, বিসি শিন ট্রাক ক্রয়ের যাবতীয় যোগাযোগ ই-মেইল এড্রেস ([email protected]) এর সঙ্গে করেছেন। প্রকৃতপক্ষে প্রকৃত ই-মেইল [email protected]। অর্থাৎ আমার ই-মেইল এড্রেস থেকে বিসি শিনের যোগাযোগ করা ই-মেইল এড্রেসে একটি জেড বেশি। বিসি শিন তার কথিত অর্থ লেনদেনের কোনো পর্যায়ে ফোনালাপ বা আমার প্রকৃত ই-মেইল অ্যাড্রেসে কোনো ই-মেইল পাঠাননি। যেখানে করেছেন তা আমার নয়। অ্যাড্রেস এর পরও গত বছরের ৪ ডিসেম্বর তিনি আমার বরাবর কথিত একটি চাহিদাপত্র প্রেরণ করেছেন। তার সংযুক্তি হিসেবে প্রাপ্ত ৯টি ডকুমেন্ট যাচাই-বাছাই করে পাসপোর্ট জালিয়াতি ও ই-মেইল আইডি ব্যবহার, সিটি করপোরেশনের কর্মকর্তার ভুয়া নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।
মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশনের কার্যাবলির মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে ফায়ার ফাইটিংয়ের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নামক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সরকারি সংস্থা রয়েছে। স্বভাবতই, রাজশাহী সিটি করপোরেশনের ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের কোনো প্রশ্নই আসে না। বিষয়টি অপ্রাসঙ্গিক ও অযৌক্তিকও। এটি গভীর একটি ষড়যন্ত্রেও অংশ, যা রাজশাহী তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।
বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা বলেছেন, এত বড় জালিয়াতি দেশের সাধারণ হ্যাকারদের করা কোনোভাবেই সম্ভব নয়। এটি অবশ্যই একটি আন্তর্জাতিক চক্র কিংবা দেশি রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘এটি অবশ্যই একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। তার পরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করছি, এমন মহাপ্রতারণার বিষয়টি জাতির সামনে খুব দ্রুতই উন্মোচিত হবে।’
মেয়রের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, ‘গত ২৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চক্রান্তের বিষয়টি ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ার সিউলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। এ ছাড়া বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেওয়া হচ্ছে। এটি শুধু সিটি করপোরেশনের নয়; পুরো দেশের সঙ্গে ষড়যন্ত্র। আন্তর্জাতিক এ চক্রটির বিরুদ্ধে মামলাসহ যত ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া দরকার আমার নেব।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দীক বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে কোরিয়ান কোম্পানির প্রতারণার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই মেয়র সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে জানিয়েছেন। এ নিয়ে থানায় একটি জিডিও হয়েছে। বিষয়টি আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। তারা অনুসন্ধান করে দেখছে।











