রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই বুধবার থেকে শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করার কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করবে অনুসন্ধান কমিটি। এ জন্য কাল বিকেলে বৈঠক ডাকা হয়েছে।

আজ মঙ্গলবার চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, কমিটি আর কাউকে ডাকার সিদ্ধান্ত নেয়নি।

প্রকাশ করা ৩২২ জনের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সাবেক আমলা। এ ছাড়া বিচারপতি, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন তালিকায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটির পক্ষ থেকে নামের তালিকা মোটামুটি সম্পাদনা করা হয়েছে। প্রকাশিত ৩২২ জনের মধ্যে যেসব নাম একাধিকবার এসেছে, সেগুলো একটি করা হয়েছে। বুধবার কমিটির সামনে নামগুলো উপস্থাপন করা হবে। এরপর কমিটির কার্যপদ্ধতি ঠিক করে এখান থেকে বাছাইয়ের দিকে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

যে নামগুলো প্রকাশ করা হয়েছে, সেখান থেকেই ১০ জনের নাম সুপারিশ করা হবে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনুসন্ধান কমিটি যেভাবে অনুসন্ধান করার কথা সেভাবেই করবে। যদি মনে করে আরও অনুসন্ধান করার প্রয়োজন আছে, সেটা ওনারা দেখবেন।’ কমিটি কবে নাগাদ সুপারিশ করবে—এমন প্রশ্নে তিনি বলেন, যে ১৫ কার্যদিবস সময় আছে সেই সময়ের মধ্যেই করা হবে।

আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠন করা হয় ৫ ফেব্রুয়ারি। সেই হিসাবে তাদের হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। অনুসন্ধান কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ সচিব কথা বলার আগে অনুসন্ধান কমিটি চারজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক করেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিকেরা হলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিভি টুডের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ। আরও কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না। বৈঠকে সভাপতিত্ব করেন অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।