সার্চ কমিটিতে নাম না দিয়ে ভুল করেছে বিএনপি : কৃষিমন্ত্রী
সিলেট ব্যুরো : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদী তিনি।
আজ মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি এর আগেও অনেক ভুল করেছে। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তারা জাতির অনেক ক্ষতি করেছে। তারা রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। এসব করে তাদের কোনো লাভ হয়নি, অনেক ক্ষতি হয়েছে। ২০১৫ সালে একই পন্থায় তারা সরকারের পতন চেয়েছিল। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তাদের দেওয়া আগুনে পুড়ে অনেকেই মারা গেছেন। এখনো অনেকে দগ্ধভাবে কষ্টকর জীবনযাপন করছেন।’
আবদুর রাজ্জাক বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম না দিলেও তারা নির্বাচনে আসার ব্যাপারে আমরা আশাবাদী।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের সঙ্গে মতবিনিময় করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সার্চ কমিটিতে নাম দিয়েছেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সার্চ কমিটিতে আওয়ামী লীগের দেওয়া নামগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে আমাদের বিশ্বাস। এ ছাড়া অন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠ নাম দিয়েছে। তারাও হয়তো আওয়ামী লীগের দেওয়া নামের চেয়ে অনেক যোগ্য ও নিরপেক্ষ মানুষের নাম দিয়েছে। এর মধ্য থেকে যোগ্য ও ভাল ব্যক্তিদের দিয়েই নির্বাচন কমিশন গঠিত হবে।’
পৃথিবীতে সমস্যা যতো বড়ই হোক না কেন, সমাধানে আলোচনার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সমস্যা যত বড় হোক, যতোই শত্রুতা থাক। সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। উত্তেজনাকর পরিস্থিতিতেও পুতিন ও বাইডেন টেলিফোনে কথা বলছেন। কাজেই বিএনপি যে ধরণের পদক্ষেপ নিয়েছে তা অরাজনৈতিক ও অগঠনমূলক।’











