সাভারে সিলগালা ভেঙে গোপনে চিকিৎসা, এরপর…
সাভার প্রতিনিধি : হাসপাতালের সিলগালা ভেঙে গোপনে চিকিৎসা করাতে গিয়ে এবারও ভুল চিকিৎসায় মৃত্যুমুখে পতিত হয়েছে এক যুবক। সাভারের তালবাগে সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে ঘটেছে এমন ঘটনা। সেখানে টানা আটদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে পাঠানো হয় অন্য একটি হাসপাতালে। সেখানেই বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে।
এদিকে, বিষয়টি নিয়ে থানায় ঘুরে ঘুরেও কোন প্রতিকার পায়নি তার পরিবার। সেইসঙ্গে ভুল চিকিৎসার শিকার হয়ে মুমূর্ষ ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন ওই যুবকের অসহায় মা-বাবা।
জানা গেছে, ছেলে আমিনুল ইসলামের পেটে ব্যথার চিকিৎসা করাতে সাভারের তালবাগে সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে যান পারভীন বেগম এবং আব্দুর রশিদ দম্পতি। সেখানে হাসপাতালের মালিক ডা. আবু তাহের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাদের ছেলের অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করান। এরপর থেকেই আমিনুলের অবস্থা সংকটাপন্ন হতে থাকে।
ওই হাসপাতালে টানা আট দিন চিকিৎসার পর পরিস্থিতির কোনো উন্নতি না হলে ওই যুবককে পাঠানো হয় পার্শ্ববর্তী সুপার হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পুনরায় অপারেশন করে দেখতে পান, আমিনুলের পেটের নাড়িভুড়ি সব পেঁচিয়ে আছে। এ সময় সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকের গাফিলতি এবং অবহেলার কারণে এমন পরিস্থিতি বলে মন্তব্য করেন তারা।
এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার সাভার থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্ত ডাক্তার আবু তাহের গা-ঢাকা দেওয়ায় এখন পর্যন্ত জড়িত তাকে আটক করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা জানান, ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যুর কথা এখন পর্যন্ত তিনি জানতে পেরেছেন। একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেওয়ার পরও সেখানে কী করে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে তা খতিয়ে দেখা হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাভার সেন্ট্রাল হাসপাতালের মালিক ডাক্তার আবু তাহের জানান, তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সের ক্লাসে রয়েছেন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।











