রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফারি পার্কে সুস্থ হয়ে উঠছে প্রাণীরা

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের অসুস্থ প্রাণীগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। নিবিড় পর্যবেক্ষণে চলছে এই প্রাণীগুলোর চিকিৎসা। বাঘ, সিংহ ও জেব্রার মৃত্যুর কারণ অনুসন্ধানে দফায় দফায় পার্কে আসছে তদন্ত দল।

এদিকে, তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা থাকলেও তা দিতে পারেননি তারা। এ জন্য আবেদন করে যথাযথ সঠিক প্রতিবেদন দিতে আরও ১০ কার্যদিবসের সময় নিয়েছে বন মন্ত্রণালয়ের তদন্ত দল।

জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে সাফারি পার্কে একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটে। গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহীর মৃত্যু হয়। প্রাণী মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের তদন্ত দল, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল ও সিআইডি’র তদন্ত দল।

সূত্র মতে, গত ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তদন্ত দল প্রথম পার্কে আসেন। পরে ৩০ জানুয়ারি পার্ক পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। একই দিনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জয় কুমার ভৌমিকের নেতৃত্বে গঠিত তদন্ত দল।

এরপর ৬ ফেব্রুয়ারি পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাহাব উদ্দিন এমপি, উপমন্ত্রী হাবিবুন্নাহার এমপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। পরে ৭ ফেব্রুয়ারি তদন্তে আসে সিঅইডি’র তদন্ত দল। এ দলটি জেব্রা, বাঘ ও সিংহের বেস্টুনি পরিদর্শন করে বিভিন্ন সেড থেকে নমুনা সংগ্রহ করে। ৯ ফেব্রুয়ারি পূনরায় পার্কে এসে যৌথ বৈঠক করে বন মন্ত্রণালয় ও মেডিকেল বোর্ডের তদন্ত দল। সবশেষ গতকাল শনিবার ফের পার্কে আসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের তদন্ত দল।

মেডিকেল বোর্ডের দাবি, পাঁচটি জেব্রা নিজেরা মারামারি করে এবং চারটি জেব্রা ব্যাকটেরিয়ার সংক্রমনে মারা গেছে। এ ছাড়া, অ্যানত্রাক্সে আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেছে সিংহীটিও।

মেডিকেল বোর্ডের তদন্ত দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো.আল হাদী নুর জানান, পার্কে জেব্রার প্রধান খাবার ঘাস। ঘাসে লেড বা সিসার অস্তিত্ব রয়েছে। জেব্রার মৃত্যুর জন্য লেডের প্রভাব দায়ী হতে পারে। দফায় দফায় তদন্ত দল পার্ক পরির্দশনে আসছে। প্রাণী মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খুঁজতে এখনো কাজ করছে তদন্ত দলগুলো।

পরে গত ৬ ফেব্রুয়াারী পার্ক পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. সাহাবউদ্দিন সাংবাদিকদের জানান, পার্কে একটি বাঘ ও সিংহকে অসুস্থ দেখেছেন।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ বাঘ, সিংহ ও জেব্রাকে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে রেখে নিবিড় পরিচর্চার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ প্রাণীগুলো ক্রমেই সুস্থ হয়ে উঠছে। বাঘটি সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগতে পারে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩টি প্রাণীর মৃত্যু হয়। এতে পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে।

এর পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান, ভেটেরিনারী চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

অপরদিকে, গত ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরবর্তিতে গত ৭ ফেব্রুয়ারি এক আদেশে পার্কের বন্যপ্রাণীর সুপারভাইজার সারোয়ার হোসেনকে পার্কেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।