রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার রঙ ছড়াবে রাজসিক টিউলিপ

news-image

এস কে দোয়েল
দুটি অক্ষরে একটি মিষ্টি শব্দ ফুল। ফুল ভালোবাসে না এরকম মানুষ নেই বললেই চলে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের নানান উৎসব ঘিরে থাকে ফুলের চাহিদা। বিয়ে, দিবস, বসন্ত উৎসবে ফুল। আর ভালোলাগার মানুষকে প্রণয়ের কথা জানানোর মাধ্যমই হচ্ছে ফুল। এই ফুল তৈরি করে ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার কাছে আসার গল্প। এবার ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকাদের হৃদয় রাঙাবে তেঁতুলিয়ার ভিনদেশি রাজসিক ফুল টিউলিপ।

সৌন্দর্যের দীপ টিউলিপের একখণ্ড নেদারল্যান্ড হয়ে উঠেছে উত্তরের পর্যটন কন্যা তেঁতুলিয়া। ত্রি-সীমান্ত ঘেরা দর্জিপাড়া-শারিয়ালজোত গ্রামে বেসরকারি সংস্থা ইএসডিও’র পরীক্ষামূলক চাষেই ফুল ফুটে সুবাস ছড়াচ্ছে বাহারি রঙের চল্লিশ হাজার টিউলিপ। অধরা সৌন্দর্যবতী নারীর নাম টিউলিপ। দৃষ্টি আকর্ষিত নারীর সৌন্দর্যের মতোই নজর কাড়ছে পর্যটকদের। টিউলিপ দেখতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ মূল্য দিয়ে মুগ্ধ হয়ে দেখছেন টিউলিপ। কিনে নিচ্ছেন ফুল। প্রিয়জনদের দিচ্ছেন উপহার।

এবার ভালবাসা দিবসে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, লং স্টিক রোজের পর ফুলপ্রেমীদের হৃদয় পুলকিত করবে টিউলিপ। তাইতো ফুল প্রেমিক, ভালোবাসা কিংবা জীবনের প্রথম ভালোলাগা মানুষটিকে টিউলিপ উপহার দিয়ে মন জয় করতে ভিড় করছেন বাগানগুলোতে। টিউলিপের রূপে মুগ্ধ হয়ে মোবাইলে ধারণ করছেন টিউলিপের চিত্র। আর টিউলিপময় এ ভালোবাসার রং বহুগুণে ছড়িয়ে পড়বে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে।

১৩ ফেব্রুয়ারি সীমান্তের টিউলিপের রাজ্য ঘুরে দেখা যায়, ভিনদেশি নেদারল্যান্ডের হলুদ, লাল, চার ধরনের গোলাপি, কমলা, সাদা, পার্পেল রঙেরসহ ১২ ধরনের টিউলিপ রাজকীয় হাসিতে দৃষ্টি কাড়ছে। সৌন্দর্যের দীপে পরিণত করতে এই ফুল ফুটিয়েছেন আয়েশা, মনোয়ারা, মুক্তা পারভীন, আনোয়ারা, সুমি, হোসনে আরা, মোর্শেদা ও সাজেদা নামের আট নারী। নারীদের কোমল হাতে সৌন্দর্যের গুণে প্রস্ফুটিত হয়েছে টিউলিপ।

ভালোবাসা দিবসে প্রিয়জনকে টিউলিপ উপহার দিতে ঠাকুরগাঁও থেকে ছুটে এসেছেন ইশারাত মৌ ও সায়মন জাকারিয়া নামের এক নব দম্পতি। একে অপরকে টিউলিপ উপহার দিয়ে ভালোবাসা রাঙাতে চান দুজনেই। বাগান ঘুরে ঘুরে ফুল পছন্দ করছিলেন তারা। কথা বলতে চাইলে নবদম্পতি জানান, আমাদের প্রেমের বিয়ে। এর আগে আমরা গোলাপ দিয়ে ভালোবাসার প্রপোজ করে দুজনের কাছাকাছি হয়েছিলাম। এবার টিউলিপ উপহার দিয়ে আমাদের ভালোবাসা রাঙিয়ে তুলবো। এ এলাকায় টিউলিপ ফুটবে, ভাবাই যায় না। অনেক অনেক আনন্দ লাগছে।

ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে টিউলিপ কিনতে ছুটে আসতে দেখা গেল দুই ভার্সিটি পড়ুয়া তরুণীকে। বাগান ঘুরে ঘুরে দুটি রঙের দুজনে চারটি টিউলিপ কিনেছেন তারা। তারা বলেন, জীবনে প্রথম বাস্তব চোখে টিউলিপ দেখলাম। পছন্দের মানুষের জন্যই কিনলাম।

টিউলিপ বাগান দেখে অভিভূত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন আমেরিকান প্রবাসী মিজানুর রহমান রঞ্জু। তিনি বলেন, টিউলিপ দেখতে এখন সুইজারল্যান্ড, নেদারল্যান্ড কিংবা ভারতের কাশ্মির যেতে হবে না। তেঁতুলিয়ার মাটিতে টিউলিপ চাষ ভাবাই যায় না। অসম্ভবকে সম্ভব করেছে এখানকার নারীরা।

ভালোবাসা দিবসে ফুল প্রেমিদের মন রাঙ্গাতে চান ফুল চাষির আট নারী। তাদের মধ্যে আয়েশা সিদ্দিকা জানান, আমি ইএসডিও’র সহযোগিতায় পাঁচশতক জমিতে টিউলিপ চাষ করছি। আমার বাগানে হাসছে পাঁচ হাজার টিউলিপ। ইতিমধ্যে সহস্রাধিক ফুল বিক্রি হয়ে গেলেও বাকি ফুলগুলো রেখেছি ভালোবাসা দিবসের জন্য। টিউলিপের ভালোবাসায় মজুক মন। ভরে উঠুক প্রেমিক যুগলসহ প্রিয়জনদের মন। প্রতিটি ফুলের দাম একশ টাকা। আয়েশা সিদ্দিকী আশা করছেন, বাগানের সব ফুল উপহার হিসেবে হাতে উঠুক ভালোবাসা মানুষদের। যারা ফুল দিয়ে মন জয় করতে চায়। হৃদয় জয় করে মিশে যেতে চান ভালোবাসার রঙে। সেই সাথে ফুল বিক্রিতে লাভবান হবেন এমন স্বপ্ন দেখছেন আয়েশার মতো অন্যান্য নারী ফুল চাষিরা।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, টিউলিপ তেঁতুলিয়ায় পর্যটনে যেমন নতুনমাত্রা তৈরি করেছে। তেমনি ভালোবাসা দিবসে ফুল প্রেমিদের মনে টিউলিপ মুগ্ধতার অণুরণ ছড়িয়ে দিবে। তবে ভালোবাসা দিবসে যাতে অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী