সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশের নির্দেশ
নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আধিপত্য। ফলে বিনাদরপত্র এমনকি কোনো রকম চুক্তি ছাড়াই চলে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম। চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর রেলওয়ের ‘অনুরোধে’ টিকিট সরবরাহের কাজটি করছে আগের ভেন্ডার। তবে আদালতের নির্দেশে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এ সংক্রান্ত দরপত্রে এর আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। এজন্য দরপত্রে রেসপনসিভ হলেও ভেন্ডারের সঙ্গে চুক্তিতে যেতে পারেনি রেল কর্তৃপক্ষ। সম্প্রতি আইনি বাধা কেটেছে। তাই নতুন করে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ‘সহজ ডটকম’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে। এ প্রতিষ্ঠানটির সঙ্গে ৬০ মাসের চুক্তি বা ৫ বছরের মেয়াদে কমিশনে চুক্তি করবে রেলওয়ে। টিকিটপ্রতি ২৫ পয়সা কমিশন ধরা হয়েছে। বর্তমানে প্রতি টিকিট বিক্রিতে ২ টাকা ৯৯ পয়সা সিএনএস নামের প্রতিষ্ঠানকে কমিশন দিতে হয়। ফলে ৮০ কোটি টাকার বেশি সাশ্রয় হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।
বলে রাখা ভালো, টিকিট বিক্রির কার্যক্রমে ২ টাকা ৯৯ পয়সাকে ভিত্তি ধরে যাত্রীপ্রতি ৪.৩৫ টাকা প্রাক্কলন করে বাংলাদেশ রেলওয়ে ইনটিগ্রেটেড টেকনিক্যাল সিস্টেম। ৫ বছরে প্রায় ২০ কোটি টিকিট বিক্রির ধারণা দেওয়া হয়েছে। এখানে সর্বনিম্ন দরদাতার ০.২৫ টাকার উদ্ধৃত দরকে ‘প্রশ্নবিদ্ধ’ দাবি করা হয়। আর রেলের কর্মকর্তারা সর্বনিম্ন দরপ্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে ‘একপেশে’ মন্তব্য হিসেবে দেখছেন। রাষ্ট্রের স্বার্থে সর্বনিম্ন দরদাতাকে মনোনীত করাই বরং যৌক্তিক মনে করেছেন তারা।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, ‘টিকিট বিক্রি নিয়ে ভেন্ডারের সঙ্গে শিগগির চুক্তি হবে।’
জানা গেছে, দেশের রেলস্টেশনকে ডিজিটাল ব্যবস্থাপনার অংশ হিসেবে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ব্যবস্থায় ভেন্ডারের মাধ্যমে সেবা দিচ্ছে রেল। তবে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান সহজ ডটকমকে মনোনীত করা হয়। কিন্তু এর মধ্যে বাদ পড়া প্রতিষ্ঠান সিএনএস অভিযোগ করে সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে দরপত্র আহ্বান করতে বলেছে সিপিটিইউ। পরে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। তখন দরপত্র প্রক্রিয়ায় আদালতের স্থিতিবস্থা আসে। সম্প্রতি আদালতের নির্দেশে সিপিটিইউর সিদ্ধান্তকে বাতিল করা হয়। এর মধ্য দিয়ে রেলওয়ে নিযুক্ত ভেন্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বাধা নেই। সেই প্রেক্ষাপটে বিদ্যমান অপারেটর ‘সিএনএস’-এর পরিবর্তে টিকিট সরবরাহের কাজ করবে ‘সহজ ডটকম’।
সূত্র মতে, ২০২০ সালের ২৩ মার্চ দরপত্র উন্মুক্ত করে দেখা যায় ৯টি প্রতিষ্ঠান তাতে আবেদন করে। পরবর্তী সময়ে দুটি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে রেসপনসিভ করা হয়। সবশেষে সহজ ডটকমকে মনোনীত করে অনাপত্তি দেয় রেল কর্তৃপক্ষ। তার আগে ২০১৪ সালে সেপ্টেম্বরে সর্বশেষ চুক্তিবদ্ধ হয় রেলে নিযুক্ত অপারেটর সিএনএস। এরও আগে ২০০৭ সাল থেকে সেবা দিচ্ছে একই প্রতিষ্ঠান। ট্রেনের সংখ্যা বৃদ্ধি, স্টপেজ বৃদ্ধি, কোচ ও আসন বৃদ্ধি ইত্যাদি কারণসহ নানা যুক্তিতে প্রতিষ্ঠানটি চুক্তিমূল্য বাড়ায় কয়েক ধাপে। ২০২০ সালের ৩ ডিসেম্বরে নতুন প্রতিষ্ঠানকে অনাপত্তি দিলেও সিপিটিইউতে আপিল এবং পরবর্তী সময়ে আদালতের স্থিতিবস্থার কারণে চুক্তির প্রক্রিয়া ঝুলে যায়।
এর পর নিয়ম অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রির কথা রেল কর্তৃপক্ষের। কিন্তু দেশব্যাপী ম্যানুয়ালি অথবা কম্পিউটারাইজড পদ্ধতি কোনোভাবেই টিকিট বিক্রির সক্ষমতা নেই রেলের। তাই চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলেও অনুরোধের মাধ্যমে আগের প্রতিষ্ঠানকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে রেল। বরং সিএনএস লিখিতভাবে একবার দায়িত্ব পালনে ‘অপারগতা’ প্রকাশ করে। তথাপি তাদের কাজ চালিয়ে নিতে অনুরোধ করে রেল। সে কারণে তাদের নির্ধারিত কমিশনে টিকিট বিক্রি করছে সংস্থাটি। কারণ অন্তর্বর্তীকালে নিজেদের ব্যবস্থাপনায় টিকিট বিক্রি করতে পারছে না রেলওয়ে।
সংশ্লিষ্টরা বলছেন, রেলের পরনির্ভরতা কমিয়ে সক্ষমতা বৃদ্ধি জরুরি। সংস্থার নিজস্ব জনবল দিয়ে পাইলট প্রকল্প হিসেবে একটি করে স্টেশনের মাধ্যমে সক্ষমতা অর্জন দরকার। তবে এ ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে সিস্টেম ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো পদে বেতন-নিয়োগে। অবশ্য কোম্পানি আইনের মাধ্যমে উদ্যোগটি নেওয়া যেতে পারে। তা ছাড়া ভেন্ডার নিয়োগে দরপত্রে শর্তারোপে কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। দরপত্র আহ্বানে প্রতিষ্ঠানকে ৫ বছরের টিকিট বিক্রির অভিজ্ঞতা এবং সক্ষমতার মতো শর্ত জুড়ে দেওয়া হয় সংশ্লিষ্টদের স্বার্থে।
রেল কর্মকর্তারা জানান, ৬০ মাসের চুক্তি বা ৫ বছরের মেয়াদ আর টিকিট বিক্রির কমিশনমূল্য নিয়ে প্রথম আপত্তি আসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। প্রতি টিকিট বিক্রিতে ২ টাকা ৯৯ পয়সা কমিশন পায় রেল নিযুক্ত ভেন্ডার। চুক্তিমূল্যের টাকা তার আগে পেয়ে গেলেও ওই প্রতিষ্ঠান দিয়ে কাজ অব্যাহত রাখে রেল। কিন্তু ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বলে, চুক্তির মেয়াদ পার হবে নির্ধারিত অর্থ এবং সময়ের পরিমাণ যেটা আগে পার হবে সে বিবেচনায়। এ হিসাবে মেয়াদ অতিক্রমের পরে ক্রয় প্রস্তাব পাঠিয়েছিল রেল মন্ত্রণালয়। রেলের দাবি, তারা টাকার পরিমাণের পরিবর্তে চুক্তির সময়কে ‘গুরুত্ব’ দিয়েছিল। সাড়ে ৩ বছরের মাথায় টিকিট বিক্রির কমিশনের টাকা পেয়ে গেছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। ১৮ মাস পর চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছিল মন্ত্রিসভা কমিটিতে।
অন্যদিকে এ সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটি ২০২০ সালের ১৮ নভেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়। জমা দেওয়া মূল্যায়ন প্রতিবেদনে ‘হাইড অ্যান্ড সিক’ পন্থার কথা উল্লেখ করে সিপিটিইউ। দরপত্র প্রক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যক্রমকে ‘দুরভিসন্ধিমূলক ও চাতুর্যপূর্ণ’ বলে রায় দেয় সিপিটিইউর রিভিউ প্যানেল। এক্ষেত্রে রেল কর্মকর্তাদের বেলায় ‘যোগসাজশে ও দুর্নীতি করার মানসে’ শব্দগুচ্ছ উল্লেখ করা হয়। তবে একাধিক রেলকর্তা বলেছেন, দরপত্রে অনিয়ম হয়ে থাকলে মূল্যায়নকালে কমিটির সদস্য হিসেবে সম্পৃক্ত কম্পিউটার কাউন্সিল এবং বুয়েটের শিক্ষকরা দায় এড়াতে পারেন কিনা এমন প্রশ্ন উঠেছে। তাদের ব্যাপারে সিপিটিইউর রিভিউ প্যানেল থেকে মন্তব্য করা হয়নি কেন জানতে চান তারা।











