,

ভূমধ্যসাগরে ঠান্ডায় ৭ মৃত্যু : নৌকাটি থেকে আরও ২৬৬ বাংলাদেশি উদ্ধার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : অবৈধভাবে ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা ২৮৭ জনের খোঁজ পেয়েছে ইতালি। তাঁদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। তীব্র ঠান্ডায় জমে গিয়ে (হাইপোথার্মিয়া) যে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে তাঁরা এই দলেই ছিলেন। বাকিরা মিসরীয় নাগরিক। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তাঁরা।

রোমে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৫ জানুয়ারি দীর্ঘক্ষণ তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়ায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। এ বিষয়ে জানার পর থেকেই ইতালিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে। ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসালদের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথোপযুক্ত করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালি ভাষী কর্মচারীসহ দুই সদস্য বিশিষ্ট একটি দল দুর্ঘটনাস্থলে পরদিনই (২৬ জানুয়ারি) লাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। দীর্ঘক্ষণ তীব্র ঠান্ডায় থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে সাত অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় যারা বাংলাদেশের নাগরিক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

দূতাবাসের কাউন্সেলর গত ২৭ জানুয়ারি লাম্পেদুসার ডেপুটি মেয়র প্রেস্তিপিনো সালভাতোরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুর্ঘটনার বিষয়ে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও করণীয় কৌশল নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলাপ করেন। ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের নিবিড় সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন।

গত ২৮ জানুয়ারি সকাল ১১টায় কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় অবস্থিত মর্গে সাতটি মরদেহ ফেরত পাঠানো বা দাফনের আগে পর্যন্ত রাখা হবে বলে জানা গেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। মরদেহ পরিদর্শনের জন্য আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনো সরেজমিনে মরদেহগুলো দেখা সম্ভব হয়নি, তবে প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাঁদের সঙ্গে কথা বলেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য