রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ সপ্তাহে শিপিং করপোরেশনের শেয়ারদর দ্বিগুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবারের পর বুধবারও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ৯৫ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে। দরবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ।

শেয়ারদরে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে শেয়ার কেনাবেচার অর্থ হলো— আজ এর থেকে বেশি দরে শেয়ারটি কেনাবেচার সুযোগ নেই। দুপুর ১২টায় আজকের লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে এ দরে পৌনে ৩ লাখেরও বেশি শেয়ার কেনার জন্য আদেশ ছিল। কিন্তু বিক্রেতার ঘর ছিল শূন্য।

অর্থাৎ যাদের কাছে এ শেয়ার আছে, তারা আরও বেশি দরে শেয়ার বিক্রির আশা করছেন। যেহেতু ৯৫ টাকা ১০ পয়সার বেশি দরে কেনাবেচার সুযোগ নেই— তাই তারা আরও বেশি সময় অপেক্ষা করবেন।

গত ২৩ ডিসেম্বরও বিএসইর শেয়ারটি ৫০ টাকার কমে কেনাবেচা হয়েছিল। মাত্র নয় কার্যদিবসে শেয়ারটির দর প্রায় দ্বিগুণ হয়েছে।

দাম কম থাকায় দুই সপ্তাহ আগেও কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তেমন আগ্রহ ছিল না। ২৩ ডিসেম্বর বিকেলে পর্ষদ সভা শেষে গত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরই শেয়ারটির দর বাড়ছে।

গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি ৪ টাকা ৩৪ পয়সা মুনাফার তথ্য বিনিয়োগকারীদের এ শেয়ারে আকৃষ্ট করেছে।

গত বছর করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনতে দেশে লকডাউন আরোপের পর সমুদ্রগামী জাহাজের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যহত হয়। এর পর পুনরায় এ ব্যবস্থা সচল হলে আন্তর্জাতিক বাণিজ্যের চাপে সমুদ্র পথে বাণিজ্য বহুলাংশে বেড়ে যায়। এতে পণ্য পরিবহন খরচও বৃদ্ধি পায়। গত বছর রেকর্ড রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। তাই পণ্য পরিবহন ও ফ্রেইড চার্জ বৃদ্ধির কারণে শিপিং করপোরেশনের মুনাফাও বাড়ছে।

এদিকে মঙ্গলবার সার্বিকভাবে মিশ্রধারা গেলেও লেনদেনের শেষাংশে বাংলাদেশ শিপিং করপোরেশনসহ কিছু শেয়ারের দর উল্লেখযোগ্য হারে বেড়েছিল। বুধবার দিনের লেনদেনের শুরু থেকে ওইসব শেয়ারসহ আরও অনেক শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছে।

দুপুর ১২টায় প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৪৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি পেয়ে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ৯৬ শেয়ার এবং অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা গেছে ৩৬টিকে।

অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৬৯৩৮ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

দরবৃদ্ধির ধারা থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টা পর্যন্ত ৭২৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। মঙ্গলবার এ সময়ে কেনাবেচা হয়েছিল ৪৫৪ কোটি টাকার শেয়ার।

বাংলাদেশ শিপিং করপোরেশন ছাড়াও দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় ডিএসইতে বিডি থাই অ্যালুমিনিয়াম কোম্পানির শেয়ারও আজকের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর (১০ শতাংশ বেশিতে) ২২ টাকা ২০ পয়সায় কেনাবেচা হতে দেখা গেছে।

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে আরও কেনাবেচা হচ্ছিল লাভেলো (৪৭.৮০ টাকা), ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স (৫৭.৭০ টাকা) এবং রবি (৩৮.৮০ টাকা)।