রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ও ক্ষমতার দ্বন্দ্বে বাড়ছে প্রাণহানী

news-image

অনলাইন ডেস্ক :আধিপত্য বিস্তারের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর সংঘাতে জড়িয়ে পড়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নির্বাচন, ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এমনকি নিজ দলের ভেতরেও অন্তর্কোন্দল রূপ নেয় সংঘর্ষে। যার কারণে ঘটে প্রাণহানী।

এবছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৩৩ জন। সর্বশেষ রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ভোটের দিন গুলিবিদ্ধ হয়ে ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে নিহত হয়েছেন তিনজন।

রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তারের অসুস্থ প্রতিযোগিতার কারণে এসব ঘটনা ঘটে বলে মনে করেন বিশ্লেষকেরা। যার শিকার হন সাধারণ কর্মী ও নাগরিকেরা।

বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক সংঘাত বাংলাদেশের নীতিহীন রাজনীতিরই বহিঃপ্রকাশ। দলগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যর্থ হয়ে সহিংসতাকে উস্কে দিচ্ছে। বিচারহীনতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, সামাজিক সন্ত্রাস উদ্বেগজনকভাবে চলমান ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতার ঘাটতি বেড়েই যাচ্ছে। এমনকি নির্বাচনী সহিংসতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও প্রাণহানি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত ১৩০ জনের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, রাজনৈতিক পরিচয়হীন ৫০ জন, চারজন বিএনপির নেতাকর্মী ও একজন সাংবাদিক।

আওয়ামী লীগের ৫৭ জনের মধ্যে ১২ জন অভ্যন্তরীণ সংঘর্ষে মারা যান। তাদের ৮ জন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে, একজন আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে এবং তিনজন যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

এছাড়াও আসকের তথ্যমতে, ২০১৯ সালে রাজনৈতিক সহিংসতায় ৩৯ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছেন দুই হাজার ৬৮৯ জন। সংঘাতের ঘটনা ঘটেছে মোট ২০৯টি। ২০১৮ সালে এমন ঘটনার সংখ্যা ছিল ৭০১টি। এতে ৬৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৭ হাজার ২৮৭ জন। ২০১৭ সালে নিহত হয়েছেন ৫২ জন আর আহত চার হাজার ৮১৬ জন। সে বছর রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটে ৩৬৪টি। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সংঘাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ২০১৬ সালে। মোট ১৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ হাজার ৪৬২ জন। সংঘাতের ঘটনা ছিল ৯০৭টি। ২০১৫ সালে ১৫৩ জন আর ২০১৪ সালে ১৪৭ জন মারা গেছে এমন সহিংসতার কারণে।

আর শুধু চলতি বছরের জুনে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে গত ২৮ অক্টোবর নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। টেঁটাযুদ্ধ ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনার দিন দু’জন নিহত হন। পরে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১ নভেম্বর ধামরাইয়ে একজন এবং ১ নভেম্বর নরসিংদীতে ৪ জন নিহত হয়েছেন।

ধামরাইয়ের যাদবপুরে সহিংসতার ঘটনায় প্রাণ হারান সিহান নামে এক ব্যক্তি। ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ এবং বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর কর্মী-সমর্থকদের মধ্যে পোস্টার ছেঁড়া নিয়ে বিরোধ চলছিল।

এর আগে ১৫ অক্টোবর মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

গত ২০ সেপ্টেম্বর কক্সবাজারে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সংঘর্ষে দু’জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে দুটি ভোটকেন্দ্রে সংঘর্ষ-গুলিতে হতাহতের ওই ঘটনা ঘটে। ওই জেলার আরও কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়াও ১৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়।

ইউনিয়ন পরিষদের আগের ধাপের নির্বাচনগুলোতে আগে ও পরে যে মাত্রায় সহিংসতা দেখা গেছে, এমন পরিস্থিতিতে সামনের ধাপের নির্বাচনেও উদ্বেগ বাড়ছে জনমনে। তবে সহিংসতার দায়িত্ব নিচ্ছে না কেউ।

পরিস্থিতি সামলে রাখতে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে।পাশাপাশি সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি।

পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে কঠোর অবস্থানে গেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। করণীয় নির্ধারণে দফায় দফায় বৈঠক করছেন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এইসব ঘটনা প্রধানত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি জড়িত ছিলো। পাশাপশি বিএনপি ইউপি নির্বাচনে সরাসরি অংশ না নিলেও তাদের তৎপরতা থেমে নেই। দেশের বিভিন্ন জায়গায় তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এর বাইরে দুই দলের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলও সংঘাতের জন্ম দিয়েছে। নির্বাচন প্রতিরোধ এবং মাঠ দখলে রাখার চেষ্টা ছিল সহিংসতার প্রধান কারণ।

এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, প্রতিহিংসার রাজনীতির পক্ষে আমি কখনোই নেই। তিনি মনে করেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হলে দেশে আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে। আর সেটা হলেই কেউ প্রতিহিংসা চরিতার্থ করার সাহস পাবে না।

ইউনিয়ন নির্বাচনের প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী অন্য দলগুলো ইউপি নির্বাচনে সরাসরি অংশ না নিলেও তাদের তৎপরতা থেমে নেই। দেশের বিভিন্ন জায়গায় তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে নির্বাচন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা বেড়ে চলেছে।

এবিষয়ে আসকের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, রাজনৈতিক সংঘাত ও সহিংসতা আমাদের নীতিহীন রাজনীতির প্রকাশ। তবে দুঃখজনক হলেও সত্য এর শিকার হন রাজনৈতিক দলের সাধারণ কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো তাদের শক্তি দেখিয়ে প্রতিপক্ষকে ভয় দেখাতে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সহিষ্ণু নয়, তারা অসহিষ্ণুতার প্রকাশ ঘটায়।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউপি নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সরবরাহ বেড়েছে; যা নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল ও বিরোধী জোটের বিরোধকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। গোয়েন্দাদের আশঙ্কা, তৃণমূলে যেভাবে সহিংসতা বাড়ছে, তাতে নির্বাচন-পরবর্তী সময়ও এর জের থেকে যাবে। এতে স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্বিগ্ন। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ঠেকাতে এরই মধ্যে জেলার পুলিশ সুপারদের আরও কঠোর হওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। সংঘাত-সহিংসতার ঝুঁকিতে থাকা প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।

জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচলাক কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ জার্নালকে বলেন, নির্বাচনে সহিংসতা থাকে সবসময়ই। ইউনিয়ন নির্বাচনেও সবসময়ই নাশকতা ও প্রাণহানির মতো ঘটনা ঘটে। তবে সহিংসতা প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে আমরাও কাজ করছি। যেন কোনো ধরনের সহিংসতা না হয়। কোনো প্রাণহানি ঘটনা না ঘটে। নির্বাচনে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য যেসব এলাকায় নির্বাচন ঘিরে হামলা সহিংসতার আশঙ্কা বেশি, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।

সহিংসতা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নির্বাচন আগের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হয়েছে। এছাড়াও মানুষের মধ্যে নির্বাচন কেন্দ্রিক অসহিষ্ণু মনোভাবও একটা কারণ। ছোট বিষয়েও সহিংসতা ছড়াচ্ছে। এসব কারণেই সহিংসতা বেড়েছে বলে মনে করেন র‌্যাবের মুখপাত্র।

নির্বাচন বিষয়ে র‌্যাব মুখপাত্র বলেন, নির্বাচনে কাজ করতে র‌্যাবের সক্ষমতা আছে। তবে র‌্যাবের কাজের নির্দিষ্ট পরিধি আছে। রির্টানিং কর্মকর্তা বা অথবা ম্যাজিস্টেট আমাদের সহযোগিতা চায় তাহলে কেন্দ্রে যায়। নির্বাচন ভিত্তিক ইনভলব হলে সহিংসতা রোধে কাজ করতে পারবো।

রাজনৈতিক সংশিষ্টরা বলছেন, নির্বাচনকেন্দ্রিক বেশিরভাগ সহিংসতা হচ্ছে আওয়ামী ঘরানার প্রার্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী নেতারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয়ী করতেই সহিংসতায় জড়িয়ে পড়ছে।