রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বিদ্যুৎ সারের দাম বাড়ানোর সুপারিশ

news-image

আবু আলী
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’কে মাথায় রেখে আগামী ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। দেশের সবাইকে ডাবল ডোজ টিকা দেওয়ার পাশাপাশি ‘বুস্টার ডোজ’ প্রয়োগে আগামী বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দের কথা ভাবছে সরকার। একই সঙ্গে বাজেটের ভারসাম্য ঠিক রাখতে ও ভর্তুকি সহনীয় পর্যায়ে রেখে সার, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয়ের (বাড়ানো) সুপারিশ এসেছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আর্থিক, মুদ্রা ও মুদ্রাবিনিময় হারসংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল’ এবং ‘বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতেও উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে চায় সরকার। বর্তমান বাজেটে (২০২১-২২) জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই হার ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। করোনা মহামারী সত্ত্বেও গত বছর ভালো প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। এ বছর শেষেও কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

বৈঠকে দেশের বাজেট বাস্তবায়ন, রাজস্ব আদায় পরিস্থিতি, বৈদেশিক ঋণ ও সহায়তাসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে মিশ্র মতামত উঠে আসে। কারণ এ মুহূর্তে রাজস্ব আদায়ে কিছুটা ধীরগতি (অক্টোবর পর্যন্ত ১৬ শতাংশ) রয়েছে। আশা করা হচ্ছে ডিসেম্বরের পর এই গতি আরও বাড়বে। রেমিট্যান্স প্রবাহেও ধীরগতি রয়েছে। সামনে ঈদের সময় তা বাড়বে বলে আশা প্রকাশ করা হয় বৈঠকে। একইভাবে বৈদেশিক ও ঋণ সহায়তা ইতিবাচক অবস্থায় আছে। বৈদেশিক ঋণ পরিশোধের কিছুটা চাপ থাকলেও তা দ্রুতই কেটে যাবে বলে মনে করে অর্থ বিভাগ।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সর্বশেষ প্রতিবেদনে ছয় বছরে বাংলাদেশ থেকে অন্তত সোয়া চার লাখ কোটি টাকা পাচারের কথা উঠে এসেছে। বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ জন্য ব্যবসা-বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করতে বন্ডেড ওয়্যার হাউসগুলোকে অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

সঞ্চয়পত্রের সুদ কমায় সরকারি ব্যয় কমেছে। সরকার সম্প্রতি সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে। এতে সরকারের সুদ বাবদ খরচ কমেছে, যা সামগ্রিকভাবে বাজেট ব্যয় কমানো ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে আইএমএফ। গতকালের বৈঠকে এ বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ বিভাগের কর্মকর্তারা। বিষয়টিকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই বিবেচনায় নেওয়া হয় বৈঠকে।

অন্যদিকে এডিপি শতভাগ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হলেও গাড়ি কেনা খাতে ৫০ শতাংশ ব্যয় কমানোর সুপারিশ করা হয়েছে। একইভাবে অপরিহার্য ছাড়া বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে এডিপির আকার ১০ শতাংশ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর চলতি অর্থবছরে এডিপি পুরোপুরি বাস্তবায়ন করার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে তাগাদা দেওয়া হবে যাতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করা যায়।

এ ছাড়া বিদেশি ঋণ সহায়তা ও অনুদানপ্রাপ্তির বিষয়টিতে আগামী বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা মহামারীর এ সময়ে বেসরকারি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থান উৎসাহিত করতে কর ও ভ্যাট ছাড়ের পাশাপাশি ব্যবসাবান্ধব বাজেট করার বিষয়টি মাথায় রাখছে সরকার। এ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার, এলডিসি থেকে উত্তরণ, সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। করোনার প্রথম ঢেউ সামলানোর পর করোনার দ্বিতীয় ধাক্কা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কিন্তু সারাবিশ্বের মতো করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাংলাদেশের মানুষও উদ্বিগ্ন। এ কারণে চলতি অর্থবছরের মতো আগামী বাজেটেও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে। করোনার টিকা আমদানি ও চিকিৎসা ব্যয় সহজ করার মতো কর্মসূচি থাকবে আগামী বাজেটে। চলতি বাজেটে করোনার টিকা আমদানির জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়।

জানা গেছে, চলতি অর্থবছরের ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয় ৩২ হাজার ৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি মহামারীকালে জরুরি প্রয়োজন মেটাতে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়। এই বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এ খাতে আরও বরাদ্দ প্রয়োজন। করোনার নতুন ধরন ওমিক্রন বিশ^জুড়ে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে ডাবল ডোজের পাশাপাশি বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে টিকা কিনতে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে।