কলকাতা পৌর ভোটে তৃণমূলের ভূমিধস জয়
অনলাইন ডেস্ক : কলকাতা পৌর করপোরেশনের ভোটে বিরোধীদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে ভূমিধস জয় পেয়েছে তৃণমূল।
মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে পাওয়া প্রাথমিক হিসাবে দেখা যায়, তৃণমূলের প্রাপ্ত ভোট কমপক্ষে ৭২ শতাংশ। কলকাতায় ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টি তৃণমূলের।
অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি গত মে মাসে বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ৭৭টি আসন পেলেও কলকাতা করপোরেশনের নির্বাচনে তারা জিতেছে মাত্র তিনটি ওয়ার্ডে।
ভোটের চূড়ান্ত ফল রাত পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক হিসাব দেখে ধারণা করা যায়, কলকাতা করপোরেশনের নির্বাচনে বিজেপির ভোট সম্ভবত থাকবে ১০ শতাংশের নিচে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছিল। অর্থাৎ পৌর নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি কলকাতা শহরে অবস্থান হারাল।
অন্যদিকে ১৪৪–এর মধ্যে ১৩৪ (চূড়ান্ত নয়) ওয়ার্ড জেতার পাশাপাশি তৃণমূলের ভোটের হার কলকাতায় ৭০ শতাংশের ওপরে চলে গেছে। গত বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল ৪৮ শতাংশ ভোট।
কলকাতা করপোরেশনের নির্বাচনে বামপন্থীরা শুধু দুটি ওয়ার্ড পেয়েছে। তাদের ভোটের হারও বেড়ে চলে গেল ১১ শতাংশের ওপরে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ভোট ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
অর্থাৎ কলকাতায় সিপিআইএমসহ (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সিস্ট) বামফ্রন্ট বিজেপির থেকে বেশি ভোট পেল।
ভোটের হিসাবে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ৬৫টিতে তৃণমূলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থীরা আর ৫৪টিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
তবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ভোট কারচুপি করা না হলে তাঁরা আরও বেশি ভোট পেতেন।
ভোটে কারচুপির অভিযোগ তুলে বিধানসভায় বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বলেছেন, রাজ্য নির্বাচন কমিশনকে ‘অভিনন্দন’ বুথের ভেতরে ক্লোজড সার্কিট ক্যামেরা অকেজো করে রাখা, ত্রুটিপূর্ণ ভোট যন্ত্র দিয়ে ভোট করিয়ে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য এবং পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে মুখ না খোলার জন্য।
তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন।











