ডেল্টা লাইফের ২৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, মামলা
নিজস্ব প্রতিবেদক : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এর পর গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।
এনবিআরের নিয়ন্ত্রণাধীন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় অধিদপ্তরের উপপরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে একটি দল রাজধানীর গুলশান-২ নম্বরে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের তথ্য তদন্ত করা হয়। পরে ভ্যাট গোয়েন্দাদের তলবে ডেল্টা কর্তৃপক্ষ তাদের বার্ষিক সিএ রিপোর্ট এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিল জমা দেয়। সেগুলো যাচাই করে ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণ হয়।
ভ্যাট গোয়েন্দাদের এ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ডেল্টা ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমার ওপর ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৯৫৫ টাকা। অর্থাৎ ৮ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এর ওপর ভ্যাট আইন অনুযায়ী মাসে ২ শতাংশ হারে ১০ কোটি ১ লাখ ১১ হাজার ৮৫৩ টাকা সুদ হিসেবে প্রযোজ্য হবে।
তদন্ত অনুযায়ী, নিরীক্ষা মেয়াদে সিএ ফার্মের রিপোর্ট অনুযায়ী উৎসে ভ্যাট ৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৯ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা। এক্ষেত্রে ডেল্টার অপরিশোধিত ভ্যাট বাবদ ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার ফাঁকি উদ্ঘাটিত হয়। উৎসে কর্তনের ওপর প্রযোজ্য এই ফাঁকি দেওয়া ভ্যাটের ওপর আইন অনুসারে মাসভিত্তিক ২ শতাংশ হারে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা সুদ আদায়যোগ্য হবে।
অন্যদিকে, তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটি স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে ৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা পরিশোধ করেছে। কিন্তু প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৩ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকা। এক্ষেত্রে ১২ লাখ ৪৯ হাজার টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এই ফাঁকির ওপরও মাসে ২ শতাংশ হারে ১২ লাখ ৯ হাজার টাকা সুদ প্রযোজ্য হবে।
প্রতিবেদন অনুযায়ী, তদন্ত মেয়াদে ডেল্টার মোট অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১১ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা এবং সুদ বাবদ ১৩ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা মিলিয়ে মোট ২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব পরিহারের তথ্য উদ্ঘাটিত হয়। তদন্তে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে নানা ধরনের জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছে, যা ভ্যাট আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভ্যাট গোয়েন্দারা সংশ্লিষ্ট মূসক কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির ওপর নিয়মিত নজরদারিরও সুপারিশ করেছেন।











