রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো দাম নেই: তালেবান শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আফগান তালেবানের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে উচ্চশিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে শোনা যায়। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার কট্টরপন্থী হিসেবে পরিচিতদের নিয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে তালেবানের সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনিরকে বলতে শোনা যায়, ‘এখনকার দিনে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আপনারা দেখুন, ক্ষমতায় থাকা মোল্লা ও তালেবান কারওই পিএইচডি, এমএ, এমনকি হাইস্কুল ডিগ্রিও নেই। কিন্তু তারা সবার সেরা।’

উচ্চশিক্ষা নিয়ে নুরুল্লাহ মুনিরের এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোক শিক্ষা নিয়ে কথা বলছেন কেন?’

অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘উচ্চশিক্ষামন্ত্রীই বলছেন যে তার (উচ্চশিক্ষা) কোনো মূল্য নেই।’

ক্ষমতা দখলের পর সশস্ত্র সংগঠনটি বলেছিল, তারা আগের মতো আফগানিস্তানে কট্টর শাসনব্যবস্থা চাপিয়ে দেব না। কিন্তু তালেবানের এই কথা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সন্দেহ রয়েছে।

তালেবান বলেছিল, তারা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গড়বে। কিন্তু গতকাল তালেবান যে সরকারের ঘোষণা দিয়েছে, তা মোটেই অন্তর্ভুক্তিমূলক নয়। তালেবান সরকারের মন্ত্রিসভায় কোনো নারীকে রাখা হয়নি।

এদিকে আফগানিস্তানের সদ্যঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন করতে বলেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। গত ১৫ আগস্ট আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। তবে গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন। তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম আখুন্দজাদা কোনো বিবৃতি দিলেন।

আখুন্দজাদার বিবৃতিটি ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে ইসলামিক আইন ও শরিয়াহ আইন বাস্তবায়নে এ সরকার কঠোর পরিশ্রম করে যাবে।’

বিবৃতিতে আখুন্দজাদা বলেন, ভবিষ্যতে আফগানিস্তানের সব কর্মকাণ্ডই পরিচালিত হবে শরিয়াহ আইন অনুসারে। তালেবানের নতুন সরকার দেশটিতে দীর্ঘ মেয়াদে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করে যাবে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু