বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্লান হচ্ছে অর্জন, অপরাধে জড়াচ্ছে পুলিশ

news-image

মো.ফরহাদ উজজামান

বৈশ্বিক মহামারি করোনার শুরুর দিকে মানবিক কাজে মানুষের পাশে থেকে সবার মনে জায়গা করে নিয়েছিলো পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তারা। জীবন ঝুঁকি নিয়ে লাশ দাফন থেকে শুরু করে বাসায় খাবার পৌঁছে দেয়ার কাজ ও করেছে তারা। তবে সাম্প্রতিক সময়ে কতিপয় পুলিশ সদস্য ও কর্মকর্তাদের অপরাধ কর্মকাণ্ডে সেই অর্জন ম্লান হয়েছে অনেকটাই।

কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধ ও অপকর্মের মধ্যে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও ঘুষ গ্রহণ ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা, অপহরণ, খুন, ছিনতাই, নির্যাতন, ভয় দেখিয়ে অর্থ আদায়, দাবি করা টাকা না পেয়ে হত্যা, গুলি করে বন্দুকযুদ্ধের নাটক সাজানো, উদ্ধার করা মালপত্র আত্মসাৎসহ গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশের কিছু সদস্য। দিন দিন অপরাধ দমন না করে নিজেরা বারবার তারা জড়িয়ে পরছেঅপরাধে। এর মধ্য দিয়ে গোটা পুলিশ বাহিনীর ইমেজ বা ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

সাম্প্রতিক সময়ে পুলিশবাহিনীর কিছু সদস্যের অপরাধ কর্মকাণ্ড নিয়ে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার পরিসংখ্যান থেকে এমন তথ্য পাওয়া গেছে।

পুলিশ প্রধান হিসেবে যোগদানের পর থেকে ড. বেনজীর আহমেদ একাধিক সভায় পুলিশ বাহিনীর সদস্যদের অপরাধ-অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকতে নানা নির্দেশনা প্রদান করেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে যে কাউকে ছাড় দেওয়া হবে না এমনও হুশিয়ারী দিয়েছেন তিনি। একই সঙ্গে মাদকসংশ্লিষ্টতা থেকে পুলিশকে দূরে থাকতেও কঠোর বার্তা দেন। কিন্তু তার এই নির্দেশনা মাঠপর্যায়ের পুলিশের ওপর কতটুকু প্রভাব ফেলছে এ বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে।

পরিসংখ্যান পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে ওঠেছে, পুলিশ প্রধানের এসব নির্দেশনার পর পুলিশ সদস্য ও কর্মকর্তাদের অপরাধপ্রবণতা কমছে না।

ফেনীতে গত ১০ আগস্ট পুলিশ সদস্যদের অসাধু একটি চক্র স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে স্বর্ণ লুট করে। এ ঘটনা আলোচিত হয় দেশব্যাপী। মামলা দায়ের হলে গ্রেপ্তার করা হয় পুলিশের ছয় সদস্যকে। তারা হলেন, ডিবির পরিদর্শক সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে গত ১২ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে নারী সহকর্মী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা উত্তরা পূর্ব থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৩ জুন বোট ক্লাব কাণ্ডে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় চলচ্চিত্র নায়িকা পরীমনির সঙ্গে পরিচয় হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের। সেই সূত্র ধরে নায়িকার সঙ্গে গড়ে তুলেন প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। সর্বশেষ পরীমনি এই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগে সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনকে ইতিমধ্যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে ডিআইজি মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে অপর এক নারীকে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনা তখন টপ অব দ্যা কান্ট্রি হয়ে ওঠে। এ ছাড়া এক নারী সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর তাকে ডিএমপি থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে বরখাস্ত হয় মিজানুর রহমান। এর চার মাস পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমে দুদক বিপুল গোপন সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়।

এর আগে ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বাবুল আক্তার মামলা করলেও পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই। এরপর তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। সর্বশেষ চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকেই গ্রেপ্তার করা হয়। এঘটনায় গত ১১ মে বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় নতুন একটি মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, পুলিশ বাহিনীতে বর্তমানে প্রায় সোয়া দুই লাখ সদস্য কর্মরত। তাদের অনিয়ম-দুর্নীতি ধরতে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন সেল এখন আগের চেয়ে আরও সক্রিয়। পুলিশ সদর দপ্তরের বাইরে পুলিশের বিভিন্ন ইউনিটেও অনুরূপ সেল কাজ করছে।

প্রতি বছর গড়ে ১৮ থেকে ২৫ হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে সদর দপ্তরে। এদের মধ্যে গড়ে প্রায় ২ হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মে জাড়িয়ে পড়ার তথ্য পায় পুলিশ সদর দপ্তর। অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারিত হয় তাদের সাজা।

পুলিশ প্রবিধান পিআরবি-১৮৬১অনুযায়ী, কোন পুলিশ সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে দুই ধরনের বিভাগীয় শাস্তির (লঘু ও গুরু) বিধান আছে। গুরুদণ্ডের আওতায় চাকরি থেকে বরখাস্ত, পদাবনতি, পদোন্নতি স্থগিত, বেতন বৃদ্ধি স্থগিত ও বিভাগীয় মামলা হয়। মামলায় অপরাধ প্রমাণিত হলে বরখাস্ত করা হয়। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। আর ছোট অনিয়ম বা অপরাধের জন্য দায়িত্ব থেকে প্রত্যাহার, অপারেশনাল ইউনিট থেকে পুলিশ লাইনস বা রেঞ্জে সংযুক্ত করে লঘুদণ্ড দেওয়ার বিধান আছে।

পুলিশদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশ জার্নালকে বলেন, এটা হঠাৎ করে বেড়ে গেছে এটা বলব না। যে অনিয়মগুলো হয় সেগুলোর কোনো বিচার হয় না। বড়জোর ডিপার্টমেন্টাল কিছু অ্যাকশন হয়। যে কারণে এটি বিকশিত হতে দেওয়া হয়েছে। এ কারণে এখন বেরিয়ে আসছে একের পর এক ঘটনা। এটি খুবই উদ্বেগজনক। গণতান্ত্রিক সমাজের জন্য এটি সহায়ক নয়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যারা অপরাধে জড়ান তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে হবে। পুলিশের অভ্যন্তরীণ স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা যতটুকু আছে সেটিও হারাবে। সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টিও দীর্ঘদিনের। সরকার পুলিশকে নিজস্ব কাজে ব্যবহার করছে। এ কারণে তারা তাদের পেশাগত দক্ষতা অর্জন করতে পারে না।

সাম্প্রতিক পুলিশের এমন অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের (এআইজি) সোহেল রানা বাংলাদেশ জার্নালকে বলেন, দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকিরা যাতে আইন মেনে চলেন, তার জন্য তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ভালো কাজে পুরস্কার এবং খারাপ কাজ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারির দুর্বলতাতেই এ ধরনের ঘটনা ঘটছে। শুধু নজরদারি বাড়ানো নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পারলে অনেকাংশে কমানো সম্ভব পুলিশ সদস্যদের অপরাধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, নতুন করে পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে এটা বলবো না। অপরাধ প্রবণতা সব প্রফেশনেই আছে, পুলিশেও আছে। এটা একটা পাওয়ার ফুল জব, তাই হয়তো আলোচনায় বেশি আসে।

শাস্তি না হওয়াতেই কি পুলিশের এমন অপরাধ প্রবণতা বাড়ছে জানতে চাইলে তিনি বলেন, গত দুই বছরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। তবে এই বিষয়গুলো সেভাবে গণমাধ্যমে আসে না বলেই হয়তো এমন হচ্ছে। ফলে বিষয়টি সামনে আসে না। শাস্তি না হবার আরেকটা কারণ উল্লেখ করে ফারজানা রহমান বলেন, পুলিশকে অনেক বেশি রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়। ফলে তারা অনেক সময় অপরাধ করলেও তাদের শাস্তির আওতায় আনা সম্ভব হচ্ছে না।

এদিকে ১৩ আগস্ট শুক্রবার জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেদের জড়িয়ে ফেলেছে তাদেরও শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, অপরাধ যেই করে না কেন সেই অপরাধী। এটা সব পুলিশ সদস্যই জানে। ফলে তাদের মোটিভেশনের এখানে কোন প্রয়োজন নেই। তাদের শাস্তি নিশ্চিত করতে পারলেই অপরাধ প্রবণতা কমবে। আর মাদকসহ এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ পুলিশ এখানে রক্ষক। এই রক্ষকই যদি মাদক সেবন বা উদ্ধার করা মাদক বিক্রি করে দেয় তাহলে তাকে কঠোর শাস্তি দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে