টিকা নিয়ে ‘অসাবধানতাবশত’ ভুল ব্যাখ্যা দিয়েছিলেন চিকিৎসক জাহাঙ্গীর
মানসুরা হোসাইনঢাকা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের একটি ভিডিও নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। ভিডিওতে তিনি করোনার টিকা নিয়ে কিছু কথা বলেছেন। সমালোচনা উঠেছে, জাহাঙ্গীর কবির যে বক্তব্য দিয়েছিলেন, তা টিকা নিতে মানুষকে নিরুৎসাহিত করবে বা ভুল বার্তা দেবে। সমালোচনার মুখে জাহাঙ্গীর কবির ফেসবুক-ইউটিউব থেকে ওই ভিডিও ডিলিট বা মুছে দিয়ে টিকা নিয়ে ‘অসাবধানতাবশত’ ভুল তথ্য দেওয়ার জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।
জাহাঙ্গীর কবির ক্ষমা চাইলেও বা ভিডিও ডিলিট করলেও ফেসবুকের আলোচনা থামেনি। টিকাবিষয়ক ভিডিওর অংশটুকু ঘুরছে ফেসবুকে। চিকিৎসকেরা জাহাঙ্গীর কবিরের ভিডিওর বক্তব্য ধরে এর ব্যাখ্যা দিচ্ছেন। অন্যদিকে, যাঁরা বিভিন্ন সময় জাহাঙ্গীর কবিরের পরামর্শ নিয়ে ভালো আছেন, তাঁরা সমালোচনার প্রতিবাদ করছেন। তাঁদের মতে, জাহাঙ্গীর কবির ফেসবুকে তুমুল জনপ্রিয়। ওষুধ যাতে খেতে না হয়, তার জন্য বিভিন্ন উপদেশ দেন, তাই একশ্রেণির চিকিৎসক সমালোচনা করে জনপ্রিয়তা কমাতে চাইছেন।
ফেসবুকে জাহাঙ্গীর কবিরের ২৩ লাখ ফলোয়ার। পাবলিক ফিগার হিসেবে ভেরিফায়েড তাঁর ফেসবুক পেজ। চিকিৎসকের পাশাপাশি নিজের পরিচিতি হিসেবে ‘লাইফস্টাইল মডিফায়ার’ হিসেবে উল্লেখ করেছেন। সমালোচনার মুখে নতুন করে নিজের পরিচিতিও ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। গত ১৫ জুন ‘রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেছিলেন ফেসবুক ও ইউটিউবে। এ ভিডিওর টিকার অংশটুকু নিয়ে সমালোচনা শুরু হয়।
জাহাঙ্গীর কবির ফেসবুকেও টিকা প্রসঙ্গে তাঁর বক্তব্য নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা নিয়ে গত মঙ্গলবার ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘আমার একটি ভিডিও এবং দুটি পোস্ট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথমত, সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে করোনার ভ্যাকসিন বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমার অসাবধানতাবশত ভুল ব্যাখ্যা দিয়েছিলাম। …ভিডিওতে যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে, সেসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে পূর্বের ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছি। একই সঙ্গে সকলকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ এবং উৎসাহ দিয়েছি।’
টিকা নিয়ে সমালোচনার অংশ হিসেবে ১ আগস্ট চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) পক্ষ থেকে জাহাঙ্গীর কবিরকে একটি চিঠি পাঠানো হয়েছে। এফডিএসআরের মহাসচিব চিকিৎসক শেখ আবদুল্লাহ আল মামুনের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘টিকা নিয়ে ইমিউনোলজি-বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন। আপনি সম্প্রতি বলেছেন, কোভিড ভ্যাকসিনের মাধ্যমে শরীরে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। আরও বলেছেন, ভাইরাসের বিভিন্ন স্ট্রেইনের জন্য ভিন্ন ভিন্ন ভ্যাকসিন দরকার। এ রকম ভুল ও অসত্য তথ্য দিয়ে আপনি আপনার অজ্ঞতাপ্রসূত পোস্ট মারফত কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করেছেন, যা জনবিরোধী কাজ। আপনার টিকা নিয়ে অজ্ঞতা দেশের চিকিৎসকদের মর্মাহত ও লজ্জিত করেছে।’ টিকার বাইরেও এ চিঠিতে জাহাঙ্গীর কবিরের দেওয়া কিটো ডায়েট, বিভিন্ন চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে কটাক্ষ করাসহ বিভিন্ন বিষয়ও উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে দুই মাস আগের ভিডিও বর্তমানে আলোচনায় আসা প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ভিডিওর খণ্ডিত চিত্র প্রকাশ করা হয়েছে বলেই এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভুল বোঝার অবকাশ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ভুলভ্রান্তির সৃষ্টি হলে আমি ভুল স্বীকার করেছি। ভিডিও ডিলিট করেছি। আবার নতুন ভিডিওতে টিকার উপকারিতা নিয়ে বলেছি। সবাইকে টিকা দিতে বলেছি। এর বাইরে আমি আর কী করতে পারি?’
এফডিএসআর উকিল নোটিশ পাঠিয়েছে—এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘আমি এ সংগঠনের কাছ থেকে একটি পারসোনাল বা ব্যক্তিগত চিঠি পেয়েছি। তবে এই পারসোনাল চিঠিও ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যমে। আমি এ চিঠির উত্তর ফেসবুকে দিয়েছি। ব্যক্তিগতভাবেও দেব।’
জাহাঙ্গীর কবিরের বিভিন্ন বক্তব্য, যেমন—জীবনধারা বদলালে ওষুধ লাগে না, আর জীবনধারা ভালো না হলে ওষুধ কাজ করে না—এ ধরনের বক্তব্যের সমালোচনা করে এফডিএসআরের চিঠিতে বলা হয়েছে, ‘এভাবে আপনি ওষুধের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার চেষ্টা করেছেন, যা অসাধু কাজ ছাড়া কিছু না। রক্তকে অ্যাসিডিক করা বিষয়ে আপনার বক্তব্যের কোনো ভিত্তি নাই। আপনি নিয়মিত বিভিন্ন চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন, যা চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যপুস্তকে বর্ণিত রোগ নিরাময়ের পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক।’ চিঠিতে চিকিৎসকদের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য দুঃখ প্রকাশ না করলে দেশের আইন অনুযায়ী এফডিএসআর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করা হয়েছে। এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারকে।
জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘আমার বিদেশি ডিগ্রি বিএমডিসির অনুমোদন নেই। আমার এমবিবিএস সদন ছাড়া আর কোনো সনদ নেই বা তা ব্যবহারও করি না। বিভিন্ন বিষয়ের ওপর আমি ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছি। অথচ এ ট্রেনিংকে ডিগ্রি হিসেবে প্রচার করা হচ্ছে। জাহাঙ্গীর কবির জানান, ২০০০ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি কখনো কোনো সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেননি। ফেনির দাগনভূঞা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে রাজধানীর আফতাবনগরে নিজস্ব চেম্বারে রোগী দেখেন।
করোনার টিকা নিয়ে এত আলোচনা-সমালোচনা, সেই টিকা তিনি নিজে নিয়েছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির বলেন, ‘আমি এখনো টিকা নিইনি। তবে সবাইকে বলব টিকা নিতে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেন চলতে।’
জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, তিনি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা গোপন রেখে কিটো ডায়েটের বিষয়ে মানুষকে উৎসাহী করে তুলছেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, তিনি শুধু ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন না; তিনি মূলত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি অটোফেজি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তির চর্চা করাকে সমানভাবে গুরুত্ব দেন। এ ছাড়া তিনি জরুরি চিকিৎসায় ওষুধ অপরিহার্য, এটাও মানেন। তবে লাইফস্টাইলজনিত রোগগুলো লাইফস্টাইল মডিফাই করে প্রতিরোধ করা যেতে পারে।
জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘সত্যি কথা হলো আমার অবস্থা ভালো নেই। আমার মা মুঠোফোন নিয়ে রেখেছিলেন, যাতে আমি কারও সঙ্গে কথা না বলি।’











