ভরা মৌসুমেও যমুনায় মিলছে না মাছ, জেলেদের হাহাকার
টাঙ্গাইল প্রতিনিধি :ভরা মৌসুমেও টাঙ্গাইলে যমুনা নদীতে মাছের দেখা নেই। যমুনায় জাল পেতে দিন-শেষে হতাশ হয়ে ফিরছেন মৎস্যজীবীরা। গত বছর এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়ত প্রচুর পরিমাণে পিয়ালী, বাইজা, বাইলা, গোলসা ও চিংড়ি মাছ। বড় মাছের মধ্যে ছিল আইড়, বোয়াল, রিটা, রুই, মিরকা ও ইলিশ। কিন্তু এ বছর জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। টাঙ্গাইল জেলার সদর উপজেলা, কালিহাতি, নাগরপুর অংশে যমুনা নদীতে মাছ প্রায় উধাও। চলতি মৌসুমের মতো কয়েক দশকেও মাছের এতটা আকাল পড়েনি বলেই জানালেন মৎস্যজীবীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার বুকে কিছু মাছ ধরার ছোট ছোট ডিঙি ও ইঞ্জিনচালিত নৌকা। জেলেরা তাতে জাল টানছেন। কিন্তু জাল তুলে হতাশ হতে হচ্ছে তাদের। কিছু ছোট পিয়ালী, বাইজা ছাড়া অন্য কোনো মাছই নেই।
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে বর্ষার এ ভরা মৌসুমে প্রায় ৮০ জন জেলের জালে এমনই চিত্র দেখা গেছে। এছাড়া কালিহাতির গোয়লাবাড়ী, আলিপুর এবং নাগরপুরে আটাপাড়া, খকেন খাট, চৌহালির আরো দুই শতাধিক জেলের একই অবস্থা।
প্রতি বছর বর্ষার এ সময় জেলেদের আয়ের বড় মৌসুম। যমুনার বুকে জাল ফেললে উঠত নানা জাতের মাছ। অনেক জেলে প্রতিদিন ১০-১২ হাজার টাকার মাছ পেতেন। কিন্তু এবার চিত্র একেবারেই ভিন্ন। এখন জেলেরা দুপুর থেকে সন্ধ্যা এবং সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত টানা জাল, বেড় জাল, দাইন, কারেন্ট জাল, চায়না জাল পানিতে ফেলে ৭০০-৮০০ টাকার মাছও পাচ্ছেন না। কখনো কখনো একেবারেই ফিরতে হচ্ছে খালি হাতে।
ছোটবেলা থেকে বাবার সঙ্গে নৌকায় মাছ ধরতে যেতেন স্থানীয় জেলে বাবুল শেখ (৫৩)। তিনি স্মৃতিচারণ করে বলেন, যমুনায় মাছের এত খরা আমার জীবনে কখনো দেখেনি। এবার নদীতে অনেক পানি কম। আবার চায়না জাল ফেলার কারণেও মাছ কম পাচ্ছি আমরা।
ভরা বর্ষায় নদীতে মিলছে না ছোট ও বড় মাছ। বাড়ছে দেনা। প্রতিনিয়তই হতাশা ভর করছে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের নদীর পাড় ঘেঁষা কুকুরিয়া, হাসানাবাদ, সরাতৈল গ্রামের মৎস্যজীবী শতাধিক পরিবারের। ভরা মৌসুমে গত বছরগুলোর অভিজ্ঞতা এ বছর কোনো কাজেই লাগছে না। নদীর পাড়ে মাছের জন্য হাহাকার। আড়তে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত দাম। নেই দূরদূরান্তের ক্রেতাও।
এ বর্ষা মৌসুমে মাছ কমে যাওয়ার কারণ হিসেবে প্রবীণ জেলে ছকের আলী দায়ী করলেন মাছ ধরার চায়না ফাঁদ ও কারেন্ট জালের ব্যবহারকে। তিনি বলেন, স্থানীয়রা চায়না ফাঁদকে চায়না দিয়ার বলে। প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের দীর্ঘ ফাঁদে ভরে গেছে নদীর প্রতিটি বাঁক। এসব মাছ ধরার চায়না ফাঁদ ছোট পোনা মাছসহ সব ধরনের মাছ একেবারে পানি থেকে ছেঁকে টেনে তোলে, এজন্য মাছের পরিমাণ কমেছে নদীতে। এসব জালের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে নদীর মাছগুলো দ্রুতই বিলুপ্ত হবে বলেও জানান ছকের আলী।
আড়তমালিক বাবুল আক্তার খান বলেন, যমুনা নদীতে এবার ছোট-বড় তেমন কোনো মাছই পাওয়া যাচ্ছে না। আবার যা পাওয়া যাচ্ছে লকডাউনের কারণে আমরা সে মাছ বিক্রি করতে পারছি না। কারণ শহর থেকে কেউ মাছ কিনতে আসতে পারছে না।
মৎস্যজীবীদের অভিযোগ, বর্তমান করোনা মহামারীতে সরকার দরিদ্রদের জন্য বিভিন্ন সহায়তা দিলেও জেলেদের খোঁজ নেয় না কেউ।
মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান মাজেদুর রহমান বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত জেলে পরিবার ৭৫টি। বর্তমানে চরাঞ্চলের কর্মহীন মানুষ বাধ্য হয়েই এ পেশায় যুক্ত হয়েছে আরো কয়েক গুণ। আমার ইউনিয়নের মৎস্যজীবীদের জন্য কোনো বরাদ্দ আসেনি। নদীতে মাছ কমায় চরাঞ্চলের মৎস্যজীবীরা মানবেতর জীবন কাটাচ্ছে।











