শিমুলিয়ায় গাড়ি ও যাত্রীর চাপ বাড়ছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি : সরকারি বিধিনিষেধ শেষ হওয়ায় ঈদের আগেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে আজ বৃহস্পতিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় দুই ঘাট কর্তৃপক্ষকে।
শিমুলিয়া ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, সামনে ঈদুল আজহা ও আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। তাই সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে যাত্রা করে ২১ জেলার মানুষ। গতকাল বুধবার রাত থেকেই এ ঘাটে চাপ বাড়তে থাকে। আজ সকালে ঘাটে হঠাৎ যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়।
আজ দেখা যায়, শিমুলিয়া-ভাঙা মোড় দিয়ে যাত্রী ও পরিবহনগুলো ঘাটের দিকে ছুটছে। ফেরিঘাটের প্রতিটি সংযোগ সড়কেই যানবাহনের সারি। পার্কিং ইয়ার্ড ও নৌপুলিশ মাঠেও যানবাহনের জটলা। লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী পারাপারে সরগরম। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, পরিবহন ও মালবাহী ট্রাক।
সকাল নয়টার দিকে শাহানাজ আক্তার নামের প্রাইভেট কারের এক যাত্রী বলেন, বিধিনিষেধ শিথিল হয়েছে। সামনে ঈদ। সবাই বাড়িতে ফিরবে। তখন ভিড় আরও বাড়বে। তাই পরিবারের অন্য সদস্যদের নিয়ে যশোরে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি।
জোসনা বেগম নামের এক নারী বলেন, তাঁর বোন অসুস্থ। বিধিনিষেধের আগে রাজধানীর রামপুরায় বোনকে দেখতে গিয়েছিলেন। যানবাহন ও নৌ চলাচল শুরু হয়েছে। তাই গ্রামের বাড়ি ফরিদপুর সদরে যাচ্ছেন তিনি।
তুরাব আলী নামের খুলনাগামী এক ব্যক্তি বলেন, ‘লকডাউনের আগে চিকিৎসার জন্য ঢাকায় ছিলাম। লকডাউনের কারণে গ্রামের বাড়িতে ফিরতে পারিনি। দুদিন পর ঘাটে ভিড় বাড়বে। তাই আগেভাগেই গ্রামের বাড়ি চলে যাচ্ছি।’
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে। সামনে ঈদ। গতকাল রাত থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে। ঘাটে ছোট-বড় সব মিলিয়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ছোট-বড় ১১টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।
শিমুলিয়া ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন বলেন, অন্য দিনের তুলনায় ঘাটে চাপ বেড়েছে। কাল শুক্রবার থেকে চাপ আরও বাড়বে।











