আফগানিস্তানে সবাই হেরেছে, যুক্তরাষ্ট্রও হারল
এম সাখাওয়াত হোসেন
বিগত প্রায় তিন দশক আফগানিস্তানের যুদ্ধ আর ইতিহাসের প্রেক্ষাপটে এই পত্রিকাতেই বেশ কিছু প্রবন্ধ লিখেছি। আমার চাকরিজীবনে পশতুনদের, বিশেষ করে আফগান জাতি-উপজাতিগুলোর সম্বন্ধে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এরই প্রেক্ষাপটে সোভিয়েত দখলদারির পরিণতি ও পরবর্তী সময়ে টুইন টাওয়ারে হামলা এবং যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণ প্রভৃতি নিয়ে ২০০২ সালে আমার লেখা আন্তর্জাতিক সন্ত্রাসের ইতিকথা: আফগানিস্তান হতে আমেরিকা বইটি প্রকাশিত হয়।
আমার এই বই লেখায় যে দুই ব্যক্তি সহযোগিতা করেছিলেন তাঁদের একজন জেনারেল বাবর, পাকিস্তানের একসময়ের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপরজন আমার পূর্বপরিচিত প্রয়াত কর্নেল সুলতান আমির। এঁরা দুজনই ইতিহাসে প্রথমে মুজাহিদীন ও পরে তালেবানের গুরু বলে পরিচিত। এঁদের এবং আমার বিশ্লেষণে আফগান ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলাম, রাশিয়ার মতো না হলেও ভিয়েতনামের পর আমেরিকাকে আফগানিস্তানেও কৌশলগত পরাজয়ের মুখ দেখতে হবে। কারণ, স্বাধীনচেতা আফগানদের ধরে রাখা বা পদানত করার কোনো ইতিহাস এ পর্যন্ত নেই।
মনে পড়ে, ২০০৮ সালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস ফ্রান্সিস মরিয়ার্টি আফগানিস্তান যুদ্ধ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে আমার মতামত চেয়েছিলেন। আমার যৎসামান্য অভিজ্ঞতার আলোকে বলেছিলাম, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরিণতি উনিশ শতকের ব্রিটিশরাজ এবং বিংশ শতাব্দীর রাশিয়ার মতো না হলেও ভূকৌশলগত পরাজয় অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে উদাহরণ টেনে তাঁকে আরও বলেছিলাম ১৮৪২ সালের ব্রিটিশ-আফগান প্রথম যুদ্ধে ওই সময়ের দখলদার বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সার্জন উইলিয়াম ব্রাইডেনের কাহিনি পড়তে। যেখানে ৪ হাজার ৫০০ সৈন্য ও ১২ হাজার সাধারণ কর্মচারী, নারী-পুরুষ আফগানদের হত্যাযজ্ঞের শিকার হন। আজও বলা হয়, একমাত্র ব্রাইডেন আফগানিস্তান থেকে বেঁচে এসেছিলেন।
২০০৮ সালের ওই সন্ধ্যায় জেমস মরিয়ার্টি শুধু ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে মাথা নেড়েছিলেন। জানি না, তাঁর কী ধারণা হয়েছিল। কারণ, বাংলাদেশে নিযুক্তির আগে তিনি পাকিস্তানে ছিলেন। আমার বইয়ের কথা উল্লেখ করে তাঁকে বলেছিলাম, ভিয়েতনামের পরিণতি এড়াতে হলে মুখরক্ষার আবরণে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ত্যাগ করতে হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের এই উপলব্ধি হতে আরও ১৩ বছর লাগল। পরাশক্তি যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে তালেবানের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় দোহা চুক্তির আড়ালে ২ জুলাই মধ্য এশিয়ার সবচেয়ে বড় বাগরাম ঘাঁটি ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুযায়ী এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সৈন্য আফগানিস্তান ত্যাগ করবে।











