সুন্দরভাবে গড়ে উঠছে না শ্যামাসুন্দরীর শহর
অনলাইন ডেস্ক : স্বাধীনতার ৫০ বছরে রাজধানী ঢাকা যেমন বড় হয়েছে, তেমনি সম্প্রসারিত হয়েছে দেশের পুরোনো শহরগুলোও। বড় শহরের পরিবর্তন ও বাসযোগ্যতা নিয়ে ধারাবাহিক আয়োজন।
একনজরে রংপুর
১৮৬৯ সালে রংপুর পৌরসভার যাত্রা শুরু।
২০১২ সালে সিটি করপোরেশনে রূপ পায়।
পৌরসভার ওয়ার্ড ছিল ১৫টি, এখন ৩৩টি।
৫২ বর্গকিলোমিটারের পৌরসভা এখন ২০৫ বর্গকিলোমিটারের মহানগর।
জনসংখ্যা সাড়ে ৩ লাখ থেকে ৮ লাখ হয়েছে এখন।
‘পীড়ারও আকর ভূমি এই রঙ্গপুর/ প্রণালী কাটিয়া তাহা করিবারে দূর/ মাতা শ্যামাসুন্দরী স্মরণের তরে/ জানকী বল্লভ সুত এই কীর্তি করে।’ লাইন কটি রংপুরে শ্যামাসুন্দরী খালের পাশে কাচারি বাজার এলাকায় স্মৃতিস্তম্ভে লেখা। সে ১৩১ বছর আগের কথা। ১৮৯০ সালে তৎকালীন রাজা জানকী বল্লভ সেন তাঁর মা শ্যামাসুন্দরীর নামে শহরে একটি খাল খনন করেছিলেন। তখন রংপুরে ম্যালেরিয়া মহামারি আকার ধারণ করেছিল। পানিপ্রবাহের মাধ্যমে রোগব্যাধি দূর করতে খালটি খনন করা হয়। সেই ব্রিটিশ আমলে পরিকল্পিতভাবে শহরের পানিপ্রবাহ হলেও এখন খালটির অবস্থা করুণ।
নগরবাসী বলছেন, এত বছর আগেও যেখানে পরিকল্পিত শহর ছিল, ব্যবস্থাপনাও ছিল ভালো। কালের আবর্তে এ শহরের ইতিবাচক অনেক পরিবর্তন হওয়ার কথা। আদতে তা হয়নি। শ্যামাসুন্দরী খালে এখন পানিপ্রবাহই নেই, ঝোপ–জঙ্গলে ভরে গেছে। শহর থেকে নগর হয়েছে রংপুর। পেয়েছে সিটি করপোরেশনের মর্যাদা। প্রধান সড়কটি ভালো থাকলেও পাড়া–মহল্লার রাস্তাগুলো বেহাল। নর্দমাগুলোয় পানিপ্রবাহ নেই। ফলে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগর। সেই সঙ্গে যানজটে দুর্ভোগ তো রোজকার চিত্র। নগরের অর্ধেক এলাকায় সিটি করপোরেশনের নাগরিক সেবা পৌঁছেনি এখনো।
রঙ্গপুর থেকে রংপুর
একসময়ের রঙ্গপুর এখন রংপুর। নামকরণ নিয়ে কেউ কেউ মনে করেন, রাজা ভগদত্তের রঙমহল ছিল রংপুরে এবং সেই রঙমহল থেকে নাম হয়েছে রঙ্গপুর। আবার কেউ কেউ মনে করেন, রংপুরে বস্ত্ররঞ্জনী কারখানা ছিল। পাটনির্মিত বস্ত্রে বা চটে রং করা হতো বলে রংপুরকে রংরেজপুর বলা হতো এবং পরে সেটি হয়ে যায় রঙ্গপুর। তবে অনেক ঐতিহাসিক মনে করেন, রংপুরের নামকরণের ক্ষেত্রে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির অবদান গ্রহণযোগ্য। রঙ্গপুর ফার্সি শব্দ। আর তাই সংগত কারণে বখতিয়ার শাসন আমলেই রংপুরের নাম রঙ্গপুর হয়েছে। আর সেই রঙ্গপুর নাম পরিবর্তন হয়ে এখনকার রংপুর।
আগেই ভালো ছিল
সিটি করপোরেশন হওয়ার পর এলাকার পরিধি বেড়েছে। কিন্তু বর্ধিত এলাকাগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। নাগরিক সেবা তেমন একটা বাড়েনি। সেই সঙ্গে উন্নয়নের ছোঁয়াও লাগেনি। এখনো আগের মতোই গ্রামীণ পরিবেশ। দেখে মনে হবে না, এটি সিটি করপোরেশনভুক্ত এলাকা। কিন্তু সেখানে বেড়েছে সিটি করপোরেশনের করের বোঝা। নিয়ম অনুযায়ী, বিস্তর আবাদি জমি আবাসিক জমির তালিকাভুক্ত হয়েছে।
সিটির ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সিটি হওয়ার আগোত হামরা ভালো আছনো। তখন জমির কর নিয়া এত চিন্তা করা লাগে নাই। এলা ওই জমি ঠিকই থাকিল। খালি কর বাড়ি গেইছে। খালি মনোত সান্ত্বনা দেই যে, হামরা সিটিত আসছি।’
পানিনিষ্কাশন নাজুক
শহরের মধ্য দিয়ে প্রবাহিত ১৬ কিলোমিটার শ্যামাসুন্দরী খালটি খনন করা হয় ১৮৯০ সালে। সে সময় কলেরা, ম্যালেরিয়া মহামারিসহ বিভিন্ন রোগব্যাধি থেকে জনগণকে মুক্ত করতে রাজা জানকী বল্লভ সেন তাঁর মা শ্যামাসুন্দরীর নামে খালটি খনন করেন। শহরের উত্তর–পশ্চিম দিক সিও বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের ভেতর দিয়ে দক্ষিণ–পূর্বে মাহিগঞ্জের পাটবাড়ী পর্যন্ত ঘাঘট নদে গিয়ে মিশেছে খালটি।
খালপাড়ের প্রবীণ বাসিন্দা নূর ইসলাম। সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে থাকেন তিনি। নূর ইসলাম বলেন, আগে খালটিতে পানিপ্রবাহ ছিল। বৃষ্টির পানি কোথাও জমত না। এখন সেই খালের দুরবস্থা। সামান্য বৃষ্টিতেই শহরের সব জায়গায় পানি জমে গিয়ে মানুষের দুর্ভোগ বাড়ে। খালটি খনন ও সংস্কারে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফায় প্রায় ৩৭ কোটি টাকা খরচ হয়েছে।
মানুষ বাড়ছে, বাড়ছে ভবন
পৌরসভায় লোকসংখ্যা ছিল সাড়ে তিন লাখ। সিটি হওয়ায় এখন তা বেড়ে দাঁড়িয়েছে আট লাখে। সেই সঙ্গে বসবাসের জন্য ভবন বেড়েই চলেছে। আগে কোনো উঁচু ভবন ছিল না। এখন নতুন নতুন ভবন হচ্ছে। আশপাশের জেলা শহর থেকে মানুষজন এসে বসবাস করছে। বাসাভাড়াও বেড়ে চলেছে। তিন কক্ষের একটি বাসার ভাড়া স্থানভেদে ১০ থেকে ২০ হাজার টাকা। অথচ বছর কয়েক আগেও এর অর্ধেক ভাড়ায় বাসা পাওয়া যেত বলে জানালেন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক আকবর হোসেন।
সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বললেন, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ছয়তলা থেকে তার ওপরে উঁচু ভবন হয়েছে ৬০টি। বর্তমানে বহুতল ভবনের (সাততলার বেশি) অনুমোদন পেয়েছে ৯২টি। করোনার এক বছরে (২০২০–এর মার্চ থেকে ২০২১–এর মার্চ) ভবনের নকশা অনুমোদন হয়েছে ১ হাজার ২০০টি। এরও এক বছর আগে ভবনের নকশা অনুমোদিত হয়েছিল ১ হাজার ৪০০টি।
এই শহরে যানজটে নাকাল হওয়ার খবর অনেক পুরোনো। শহরের সিটি বাজারের সামনে থেকে পায়রা চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়, সুপারমার্কেট থেকে বেতপট্টি হয়ে শহরের প্রতিটি সড়কে যানজট লেগেই থাকছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে নগরবাসী। সিটি করপোরেশনের ভাষ্য, শহরে একটিমাত্র প্রধান সড়ক। এই সড়কে সব ধরনের যানবাহন চলে। সেই সঙ্গে ২০ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা। এ ছাড়া ব্যাটারিচালিত রিকশাও বাড়ছে দিন দিন।
সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ নজরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী শহরের মোট ভূমির ১০ শতাংশ পাকা সড়ক থাকতে হবে, কিন্তু সেখানে রংপুরে রয়েছে ৫ থেকে সাড়ে ৫ শতাংশ।
গণপরিবহনব্যবস্থা নেই
সিটি করপোরেশন হওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও এখনো গণপরিবহন চালু হয়নি রংপুরে। অথচ এই নগরের আয়তন ২০৫ বর্গকিলোমিটার। এই বিশাল এলাকায় যাতায়াতে নির্ভর করতে হয় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার ওপর। ২০১৯ সালে সিটি করপোরেশন বিআরটিসি দুটি দোতলা বাস চালু করে। কিন্তু এর চলাচল শুধু মহাসড়ক এলাকায় সীমাবদ্ধ।
নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটির সবেক সভাপতি সদরুল আলম বলেন, রংপুর সিটি হলেও নাগরিক সেবার মান খুব একটা বাড়েনি। এখানে রাস্তাঘাটগুলো ভাঙা। নর্দমাগুলোয় পানির প্রবাহ নেই। যানজটে দুর্ভোগে পড়তে হয়।
শিক্ষার হাল
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ফল ভালো। কিন্তু এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে মাত্র দুটি। এর একটি রংপুর জিলা স্কুল, অপরটি সরকারি বালিকা বিদ্যালয়। বিভাগীয় শহর হওয়ার পর নতুন আর একটিও সরকারি স্কুল হয়নি।
সদ্য অবসরপ্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষক শফিয়ার রহমান বললেন, ব্যাপক চাহিদা থাকার পরও এখানে ছেলেদের একটি ও মেয়েদের একটি নিয়ে মাত্র দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা বহগুণ বেড়ে যাওয়ায় এই দুটি সরকারি স্কুল এত শিক্ষার্থীর চাপ নিতে পারছে না। তারা বাধ্য হয়ে তখন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে।
উচ্চশিক্ষার জন্য প্রসিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় রয়েছে ২৫টি বেসরকারি কলেজ, ৫৪টি উচ্চবিদ্যালয় ও ২০২টি প্রাথমিক বিদ্যালয়।
চিকিৎসাসেবা বেহাল
এই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও সেখানকার অবস্থা বেহাল। রোগনির্ণয়ের আধুনিক অনেক যন্ত্র থাকলেও তা প্রায়ই বিকল থাকে। হাসপাতালে ভর্তি থাকলেও পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করতে হয় রোগীদের। এতে ভোগান্তির পাশাপাশি রোগীদের ব্যয়ও বেড়ে যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেছেন, কোনো যন্ত্র নষ্ট হলে তা ঠিক করতে ঢাকায় চিঠি পাঠাতে হয়। বারবার তাগাদাও দেওয়া হয়। কিন্তু অনেক সময় লাগে।
বর্জ্য ব্যবস্থাপনা নাজুক
নগরের অনেক স্থানে বর্জ্য পড়ে থাকছে। বাসাবাড়িসহ মেডিকেল বর্জ্য যেখানে-সেখানে ফেলা হচ্ছে। কখনো রাস্তার পাশে, আবার কখনো মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পাশে পড়ে থাকছে এসব বর্জ্য। সিটি করপোরেশনের গাড়ি দিয়ে এসব বর্জ্য প্রতিদিন সকালে সরানো হলেও আবারও একই অবস্থা হয়ে ওঠে। শহরের ধাপ, মেডিকেল কলেজ হাসপাতালের দেয়াল ঘেঁষে এসব বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, সিটিতে ৬৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। বর্জ্য অপসারণের জন্য ২৫টি ট্রাক আছে। সিটির ৩৩ ওয়ার্ডের মধ্যে পুরাতন ১৫টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ করা হয়। এ ছাড়া ৫টি ওয়ার্ডের আংশিক এলাকায় বর্জ্য অপসারণের কাজ করা সম্ভব হচ্ছে।
পর্যটন ও বিনোদনকেন্দ্র
রংপুর শহরে সরকারি একটি চিড়িয়াখানা আছে। শিশুদের জন্য পৃথক একটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা এখনো আলোর মুখ দেখেনি। জাদুঘর তাজহাট জমিদারবাড়ি থাকলেও সেখানে দেখার তেমন কিছু নেই বলে দর্শনার্থী অনেকের অভিযোগ আছে। এটি আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ নাসির। শহরের হনুমানতলায় আছে চিকলি লেক। আছে ঘাঘট নদের পাড়ে ঘুরে বেড়ানোর জন্য ‘প্রয়াস’ নামে একটি বিনোদন কেন্দ্র। অবসরে এসব স্থানে ঘুরতে যান শহরের বাসিন্দারা।
খেলার ক্লাবগুলো ধুঁকছে
ক্রিকেট ও ফুটবল বাদে রংপুরে অন্য খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। এরপরও ক্লাবগুলো তাদের নিজেদের চেষ্টায় টিকে আছে। বহু বছর ধরে হকি লিগ নেই। হ্যান্ডবল, ভলিবল, কাবাডি খেলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাঝেমধ্যে হয়। কিন্তু নিয়মিত নয় বলে খেলোয়াড়েরা জানিয়েছেন।
রংপুরে আছে বেশ বড়সড় একটি স্টেডিয়াম। কিন্তু নিয়মিত লীগ নেই। একসময় মহিলা হ্যান্ডবল খেলায় জাতীয় দলে রংপুর থেকে ১৪ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। মহিলা ভলিবলেও জাতীয় দলে রংপুর থেকে পাঁচজন খেলোয়াড় ছিলেন। এসব খেলায় রংপুর সব সময় এগিয়ে ছিল।
জেলা ক্রীড়া সংস্থার একজন বিশিষ্ট খেলোয়াড় ও প্রশিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ‘প্রতিবছর লিগ না হলে খেলোয়াড় তৈরি হবে কীভাবে? ফলে এসব খেলার অনেক ক্লাব থাকলেও তারা তাদের নিজেদের প্রয়োজনে খেলা চালিয়ে যাচ্ছে। টিকে থাকার চেষ্টা করছে।’
যা বললেন সিটি মেয়র
সার্বিক বিষয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, এত বড় এলাকা নিয়ে সিটি করপোরেশন, হিমশিম খাওয়ার অবস্থা। এরপরও ভালো কিছু করার জন্যই ছুটে চলা। চেষ্টার কোনো ত্রুটি নেই। কাজও হচ্ছে।











