,

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করলেন চিত্রনায়িকা পরীমনি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক পোস্টে ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনার একদিন পর এ ঘটনায় মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার সকালে সাভার মডেল থানায় তিনি এই মামলা করেন। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ নামের ব্যবসায়ীকে। তিনি উত্তরা বোট ক্লাবের সদস্য। এতে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পওয়া যায়নি।

এরআগে রোববার রাত পৌনে ১১টার দিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। তিনি জানান, অমি নামে একব্যক্তি তার বেশ ক’বছরের পরিচিত। তার বাসার ডিজাইনার জিমির বন্ধু অমি। ওইসূত্রে পরীর বাসায় মাঝে মাঝে আসেন অমি। একদিন এসে বলেন কি একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করবেন। তাই আমার সঙ্গে বসতে চান। ওই প্রজেক্ট নিয়ে কথা বলতেই অমি উত্তরা ক্লাবে নিয়ে যান পরীকে।

পরীমনি জানান, এ সময় সঙ্গে তার মেকাপম্যান এবং ডিজাইনারও ছিলেন। সেখানে খাওয়া-দাওয়া করানো হয় পরীমনিসহ সবাইকে। এরপর একে একে লোকজন চলে যায়। তখন পরীমনিকে ড্রিংকস করতে বাধ্য করা হয়। মেকআপম্যানকে নির্যাতন করা হয়। একপর্যায়ে পরীমনিকেও নির্যাতনের চেষ্টা চালান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন। পরীমনি বাধা দিলে তাকে মারধর করা হয়। জোর করে তার মুখে মদ ঢেলে দেওয়া হয়। হঠাৎ পরীমনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে লাথি মারেন নাসির উদ্দিন।

তিনি আরও জানান, এ ঘটনার পর তারা রাতেই বনানী থানায় যান। সেখানে অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের টেস্টের জন্য হাসপাতালে যেতে বলে। পরে পরীমনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথেই তিনি কিছুটা সুস্থবোধ করলে ফিরে বাসায় চলে আসেন।

বাসায় ফেরার পর তিনি দুইদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। পরে রোববার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।

রোববার সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে পরীমনি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।
প্রধানমন্ত্রী বরাবর এ স্ট্যাটাসে পরীমনি বলেন, এ বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খোঁজে পাইনি গত চারদিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার; আমি কাউকে পাইনি। এসময় প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যাদের পেয়েছি, সবাই ঘটনার বিস্তারিত জেনে চুপ হয়ে যায় দেখেছি। আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে, তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে, এসব মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে আমি অনেকের মতো হব হয়ত।

এ অভিনেত্রী বলেন, আমি তাদের মতো চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে। আমার মা যখন মারা যান, তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনও আমার এক মুহূর্ত মাকে খুব দরকার, এমন মনে হয়নি। আজ মনে হচ্ছে ,ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার।

পরীমনি আরও বলেন, আমার এখন আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দরকার মা। আমার বেঁচে থাকার জন্যে আপনাকে খুব দরকার মা। আমি বাচঁতে চাই, আমাকে বাঁচিয়ে নাও মা।

নড়াইলের মেয়ে পরীমনির ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে। এরপর এ পর্যন্ত প্রায় দুই ডজন চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য