রংপুর বিভাগে পরীক্ষার সক্ষমতা বাড়ানোর দাবি
রংপুর ব্যুরো : করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই উত্তরের রংপুর বিভাগ জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের টেষ্ট করে নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ে দিনাজপুুর এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রংপুর বিভাগ জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৭১ জন ও মৃত্যু বরণ করেছে ৩শ’ ৩৬ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিভাগে সবচেয়ে এগিয়ে রয়েছে দিনাজপুর জেলা।
এদিকে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও রংপুর বিভাগে করোনা পরীক্ষার সক্ষমতা বাড়েনি। বিভাগের আট জেলার দেড় কোটি মানুষের জন্য রয়েছে মাত্র ২টি পিসিআর মেশিন ল্যাব। এর একটি রংপুরে অপরটি দিনাজপুরে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা রোগীদের। এনিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
সচেতন মহল বলছেন, রংপুর একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আট জেলা নিয়ে গঠিত। প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে। এখানে মাত্র ২টি পিসিআর ল্যাব রয়েছে। তাতে করোনায় আক্রান্ত ও করোনার পরীক্ষা করতে আগ্রহী শত শত নারী পুরুষ বিড়ম্বনায় পড়ছেন। করোনার শুরু থেকেই পিসিআর ল্যাব বাড়ানোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে রংপুর নগরীতে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান।
রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে করোনা প্রকোপ শুরু হলে ঢাকা বাইরেও করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় রংপুর মেডিকেল কলেজ একটি দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। প্রতিদিন ল্যাবে ১৮৮ জনের পরীক্ষা করা সম্ভব। সেই হিসেবে ২টি ল্যাবে প্রতিদিন ৩৭৬ জনের দেহে নমুনা পরীক্ষা করা সম্ভব। গত দুই সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার ও মৃত্যু বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। করোনা শনাক্তের পরীক্ষাগার না থাকায় অনেকেই করোনা পরীক্ষা করাতে পারছেন না বলে এমন অভিযোগ উঠেছে।
করোনা সংক্রমণের এই মুহূর্তে অনেকেই নমুনা পরীক্ষা করাতে আগ্রহী হলেও পিসিআর ল্যাবে সিরিয়ালের কারণে অনেকেই নমুনা পরীক্ষার আগ্রহ হারিয়ে ফেলছেন। আবার নমুনা দিলেও এর রিপোর্ট আসতে কয়েকদিন লেগে যাচ্ছে। তার পরেও করোনা হাত থেকে রক্ষা পেতে নমুনা পরীক্ষার বিকল্প নেই বলে অনেকে মনে করছেন। সচেতন মহলের দাবি এই সংকটকালে আরো পিসিআর মেশিন বাড়ানো না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জটিল হয়ে পড়বে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় বিভাগে ৩৭৮ জনের দেহের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১ লাখ ২২ হাজার ৫০৯ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৭১ জন। ২৪ ঘন্টায় এই বিভাগে মৃত্যু বরণ করেছেন ২ জন। এর মধ্যে একজন ঠাকুরগাওয়ে এবং একজন দিনাজপুরে। এবিভাগে এ পর্যন্ত মোট মৃত্যু বরণ করেছেন ৩৩৬ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিভাগে সবচেয়ে এগিয়ে রয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় ৫ হাজার ২৫৭ জন আক্রান্ত এবং এপর্যন্ত মৃত্যু বরণ করেছেন ১২০ জন। এর পরের অবস্থানের রয়েছে রংপুর জেলা । এ জেলায় এপর্যন্ত ৪ হাজার ৫৫৩ জন আক্রান্ত এবং মৃত্যু বরণ করেছেন ৭৭ জন। সবচেয়ে কম শনাক্ত ও মৃত্যু বরণ করেছেন লালমনিরহাট জেলায়। এই জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৩২ জন এবং মৃত্যু বরণ করেছেন ১২ জন। রংপুর বিভাগের ১২টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, রংপুর-দিনাজপুরের দুটি পিসিআর মেশিন দিয়েই করোনা শনাক্ত করা হচ্ছে। এছাড়া ঠাকুরগাওয়ে এন্টিজেন পদ্বতিতে পরীক্ষার ব্যবস্থা রয়েছে।











