তা নিয়ে মোটেও মন খারাপ করার কিছু নেই : মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন ছবি কাজ শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এর শুটিং। বর্তমানে ঘরবন্দি আছেন তিনি। মাহির ভাষ্য, ‘হাতে বেশ কয়েকটি নতুন ছবির কাজ ছিল। করোনার কারণে এতদিন কাজগুলো করা হয়নি। কিছুদিন আগে নতুন একটি ছবির শুটিং শুরু করেছিলাম। কিন্তু এর মধ্যেই করোনা প্রকোপ বাড়ায় তা বন্ধ হয়ে যায়। কোনো কাজ শুরুর পর যদি থেমে যায়, তাহলে সত্যিই খারাপ লাগে। তবে যে কারণে ছবির শুটিং বন্ধ হয়েছে, তা নিয়ে মোটেও মন খারাপ করার কিছু নেই। করোনার এই দুঃসময়ে শুটিং বন্ধ রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘বিশেষ কাজ ছাড়া আপাতত ঘর থেকে বের হচ্ছি না। এর মধ্যে গত বুধবার “সেরা রাঁধুনী”র ঈদের একটি পর্বের শুটিং ছিল। স্বাস্থ্যবিধি মেনে এর শুটিং করেছি। আপাতত নতুন আর কোন কাজ হাতে নিচ্ছি না।’
সম্প্রতি এক নায়কের বিপরীতে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর কী কোন কারণ আছে? উত্তরে মাহি বলেন, ‘না, কোন কারণ নেই। নির্মাতারা চেয়েছেন বলেই সাইমনের বিপরীতে “গ্যাংস্টার”, “লাইভ” ও “নরসুন্দরী” ছবিতে অভিনয় করছি। তাছাড়া জুটি গড়ে ওঠার বিষয়টা নির্ভর করে দর্শক আর নির্মাতাদের চাওয়ার ওপর ভিত্তি করে। সাইমনের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো দর্শকদের কাছে বেশ প্রশংসিতও হয়েছে। হয়তো সে কারণেই নির্মাতারা আমাকে ও সাইমনকে নিয়ে আরও ছবি করার কথা ভেবেছেন।’
শুনলাম, ওয়েব সিরিজে কাজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, শিহাব শাহীনের “মরীচিকা” নামের একটি ওয়েব সিরিজে কাজ করছি। রায়হান রাফির “অক্সিজেন”-এ কাজ করার পর থেকেই ওয়েব কনটেন্টের প্রতি আগ্রহ বেড়েছে। গল্প ও চরিত্র ভালো হলে সামনে আরও কাজ করার পরিকল্পনা আছে।’











