রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ও পাটুরিয়ায় হঠাৎ ভারী কুয়াশা

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : হঠাৎ ভারী কুয়াশায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে আড়াই ঘণ্টার বেশি ফেরিসহ নৌযান বন্ধ ছিল। এ সময় যানবাহনবোঝাই তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়।

এ ছাড়া সোমবার সকালে একসঙ্গে তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়লে ফেরি স্বল্পতা দেখা দেয়। এ কারণে উভয় ঘাটে যানবাহনের লাইন তৈরি হয় ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, রবিবার মধ্যরাত পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশা দেখা না গেলেও রাত শেষে হঠাৎ কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে ফেরি চলাচলে বিঘ্নিত হয়। সোমবার ভোর ৫টার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর সাড়ে ৫টার দিকে ফেরি বন্ধ করে দেয়। হঠাৎ এমন ভারী কুয়াশায় মাঝনদী ও সড়কে আটকে পরে যাত্রীদেও কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কমলে ফেরিগুলো ঘাট ছাড়তে থাকে।

এদিকে সোমবার সকালে যান্ত্রিক ক্রটিতে তিনটি ফেরি একসঙ্গে বিকল হয়ে পড়ে। এতে ফেরি স্বল্পতা দেখা দেয়। ঘাট কর্তৃপক্ষ জানায়, রো রো ফেরি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও শাহজালাল বিকল হয়ে পড়ে। ফেরি তিনটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রেখে মেরামত করা হচ্ছে। কুয়াশা ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, হঠাৎ ভারী কুয়াশায় নদী অববাহিকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়ে। আবার তিনটি ফেরি বিকল হয়ে যায়। সব মিলিয়ে উভয় ঘাটে যানবাহনের লাইন হয়ে যায়।