তেল-চিনি-পেঁয়াজে টিসিবির ট্রাকই ভরসা
চট্টগ্রাম প্রতিনিধি : কড়া রোদ, ভ্যাপসা গরম। ঘেমে একাকার। কারও মাথায় ছাতা। কেউবা আবার বাজারের থলে মাথায় ঠাঁই দাঁড়িয়ে আছেন সকাল সাতটা থেকে। নারী পুরুষের আলাদা লাইন। প্রতি লাইনে শতাধিক মানুষ।
নগরের জামালখানের সিনিয়র্স ক্লাবের সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনের চিত্র এটি। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ট্রাক আসার পর শুরু হয় বেচাকেনা।
টিসিবির ডিলার জানান, বন্দরটিলা গুদাম থেকে পণ্যসামগ্রী নিয়ে আসতে আসতে ১১টা বেজে গেছে। পণ্য থাকা সাপেক্ষে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলবে। চাহিদা বেড়ে যাওয়ায় তার আগেই অনেক সময় ট্রাক খালি হয়ে যায়।
লাইনে দাঁড়িয়ে থাকা মজলিশ মিয়া (৬৫) বাংলানিউজকে জানান, সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়েছি। খুচরা দোকানে খোলা সয়াবিনে ভেজালের আশঙ্কা থাকায় কষ্ট হলেও কম দামে টিসিবির তেলের জন্য এসেছি। পেলে চিনি, মশুর ডালও নেব।
টিসিবির ট্রাকে প্রতিকেজি চিনি ৫০ টাকা, সয়াবিন তেল ৯০ টাকা, মশুর ডাল ৫৫ টাকা ও তুরস্কের বড় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তো অনেক দাম। তাই গরিবরা শুধু নন, নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষও বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছেন।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রামে ২২টি ট্রাকে ডিলারদের মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি করছে টিসিবি। প্রতি ট্রাকে ৩০০ কেজি পেঁয়াজ, ১ হাজার কেজি চিনি, ১ হাজার লিটার সয়াবিন তেল ও ৭৫০ কেজি মশুর ডাল দেওয়া হয়েছে।
তিনি জানান, পেঁয়াজের চাহিদা বাড়লে প্রতি ট্রাকে ১০০ কেজি বাড়িয়ে দেওয়া হবে। আমাদের কাছে সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। রমজানের ছোলাও এসেছে টিসিবির গুদামে।











