রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতদরিদ্র দুই প্রতিবন্ধীর জমকালো বিয়ে

news-image

বরিশাল প্রতিনিধি : বর দৃষ্টি ও কনে বাক প্রতিবন্ধী। দু’জনেই হতদরিদ্র পরিবারের সন্তান। তবে তাদের বিয়ের অনুষ্ঠানে ছিল না দারিদ্রতার ছাপ। আনুষ্ঠানিকতা শেষে নববধূ সুমা আক্তারকে (১৮) নিয়ে ঘোড়ার গাড়িতে চরে বাড়ি ফিরেন বর কালাম বেপারী।

আর এসব সম্ভব হয়েছে স্থানীয় কয়েক যুবকের মহতি উদ্যোগে। বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা।

জানা গেছে, বর কালাম বেপারীর গ্রামের বাড়ি জেলার বাকেরগঞ্জের কালিগঞ্জ গ্রামে। তার মা-বাবা নেই। দুই ভাইয়ের মধ্যে কালাম ছোট। বড় ভাই আবদুস সালামও বুদ্ধি প্রতিবন্ধী। দিনমজুরের কাজ করে যা আয় করেন, তা দিয়ে পলাশপুরের গুচ্ছগ্রামে ছোট্ট একটি খুপরি ভাড়া করে থাকেন দুই ভাই।

রিকশাচালক বাবুল পালোয়ানের দুই মেয়ে এক ছেলে নিয়ে পাঁচ সদস্যের অভাব-অনটনের সংসার। গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামে। জীবিকার টানে বরিশাল নগরীতে এসে পলাশপুরের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। পলাশপুরে পাশাপাশি বাসায় থাকার সুবাদে দুই পরিবারের আলোচনার মাধ্যমে কালাম বেপারী ও সুমা আক্তারের বিয়ে ঠিক হয়।

বিয়ের উদ্যোক্তা পলাশপুরের বাসিন্দা সুমন সরদার বলেন, ‘গত রোববার বিকেলে আমরা (স্থানীয় কয়েকজন যুবক) ঘোড়ার গাড়ি নিয়ে কনের গ্রামের বাড়ি বাকেরগঞ্জে কালিগঞ্জে যাই। সেখানে তাদের বিয়ে নিবন্ধন করি। মিষ্টি-ফিরনি দিয়ে মেয়ের পরিবার আমাদের আপ্যায়িত করে। পরে ঘোড়ার গাড়িতে বর-কনে নিয়ে পলাশপুরে ফিরে আসি। পলাশপুরের গলিগুলোতে বর-কনেবাহী ঘোরার গাড়ি চলার সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে স্থানীয়রা নবদম্পতিকে শুভেচ্ছা জানান। পরে সোমবার গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়।’

সুমন সরদার জানান, স্থানীয় লোকজন চাঁদা তুলে নগদ মোট ২৫ হাজার টাকা এবং নানান উপঢৌকন দিয়ে সহযোগীতা করেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (৭ নং ওয়ার্ড) কেফায়েত উল্লাহ রণি বলেন, এলাকার যুব সমাজ প্রতিবন্ধী দুই তরুণ-তরুণীর বিয়ের আয়োজন করে মহতি কাজ করেছে। তিনি উপহার হিসেবে বরকে একটি হুইল চেয়ার দিয়েছেন।

বিয়ের পর কালাম কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন সংসার চালানো নিয়ে। এজন্য বিত্তবানদের সাহায্য চেয়েছেন তিনি। তবে নববধূ সুমার এ বিষয়ে কোন ভাবাবেগ নেই। তার চেহারায় ফুটে ছিল বিয়ের খুশির আমেজ।