রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের ‘পিক অ্যান্ড চুজ’ বরদাশত করা হবে না : হাইকোর্ট

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে উচ্চ আদালত বলেছে, ইচ্ছে হলো কাউকে আসামি করল, কাউকে আসামি করল না- দুদকের এই পিক অ্যান্ড চুজ নীতি আমরা গ্রাহ্য করব না।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার একটি মামলার শুনানিকালে এ মন্তব্য করে।

খেয়াঘাটের ইজারার অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম বাদ দিয়ে অধস্তনদের আসামি করা নিয়ে এমন মন্তব্য আসে হাইকোর্ট থেকে।

হাইকোর্ট সংশ্লিষ্ট মামলার বাদী দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের সচিবকে তলব করেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ।

আইনজীবী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় গত ১০ বছরে ছয়টি খেয়াঘাটের ইজারার ১৩ লাখ৭৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের প্রধান সহকারী খলিলুর রহমান, নিম্নমান সহকারী এসএম নাজমুল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে গত ২৭ জানুয়ারি মামলা করে দুদক। এর ধারাবাহিকতায় খলিল ও নাজমুল সম্প্রতি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

দুজনের আইনজীবী মো. ওজি উল্লাহ শুনানিতে জানান, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাদ দিয়ে অধস্তন দুজন কর্মচারীর বিরুদ্ধে মামলা করে অধস্তনদের ওপর অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে।

এ পর্যায়ে দুদক আইনজীবীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঊর্ধ্বতনদের কেন আসামি করা হয়নি সেটি জানতে চায় হাইকোর্ট। জবাবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে এই বলে অবহিত করেন যে, তদন্তে ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে। অর্থ আত্মসাতের এ অভিযোগ ওঠার প্রেক্ষিতে বিগত ১০ বছরে কোনো অডিট হয়নি শুনে আদালত দুদকের কর্মকাণ্ডের বিষয়ে প্রতি উষ্মা প্রকাশ করে।

হাইকোর্ট বলেন, ইচ্ছে হলো কাউকে আসামি করলাম, আবার ইচ্ছে হলো কাউকে করলাম না, এভাবে চলতে পারে না। আপনাদের পিক অ্যান্ড চুজ আমরা গ্রাহ্য করব না।

এ মামলায় আগাম জামিনের আবেদনকারী দুজনকে তাদের আইনজীবীর জিম্মায় দিয়ে তাদের ১৪ ফেব্রুয়ারি হাজির থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।

সূত্র : দেশ রূপান্তর