জয়া আহসান কলকাতায় যে কারণে কাঁদলেন
বিনোদন প্রতিবেদক : কলকাতায় সৌকর্য্য ঘোষাল পরিচালিত নতুন সিনেমা ‘ওসিডি’র শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত জয়া আহসান। এই ব্যস্ততার ফাঁকেই যোগ দিলেন তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার নন্দনে উৎসবের উদ্বোধন হলো। উদ্বোধনী ছবি ছিল ‘হাসিনা: আ ডটার’স টেল’। দুই বছর আগে মুক্তি পাওয়া ছবিটি এই প্রথমবার বড় পর্দায় দেখলেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। ছবিটি দেখে অশ্রু বাঁধ মানল না তাঁর চোখে। জানালেন, একা শুধু তিনিই নন, অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা জাহিদ হাসান আর রিয়াজও ছবিটি দেখে স্তব্ধ হয়ে ছিলেন।
গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেলে কলকাতায় থাকা জয়া আহসানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ‘হাসিনা: আ ডটার’স টেল’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৮ সালের নভেম্বরে। এর মধ্যে ছবিটি দেশ–বিদেশে নানা উৎসবে ঘুরেছে। প্রশংসা কুড়িয়েছে, পুরস্কৃতও হয়েছে। জয়া বললেন, ‘নানা ব্যস্ততায় ছবিটি দেখার সুযোগ হয়ে ওঠেনি। আমি যে কী মিস করেছি, বড় পর্দায় ছবিটি দেখার পর তা উপলব্ধি করলাম। নন্দনের মতো প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারায় উপলব্ধিটি আরও গভীর হলো।’
জয়া বললেন, ‘হাসিনা: আ ডটার’স’ টেল অসাধারণ একটি ছবি। বললেন, ‘পিপলু খান দারুণ একটি কাজ করেছেন। দেশের বাইরে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব উদ্বোধনের জন্য এর চেয়ে ভালো ছবি আর কিছু হতে পারে না। বাক্রুদ্ধ হয়ে দেখলাম। এ ছবি দেখে সত্যিই কান্না ধরে রাখা যায় না। আমি মুক্তিযোদ্ধার সন্তান। এসব ঘটনার বহু কিছুই আমার অজানা নয়। এরপরও ছবিটি দেখার সময় কান্না রোধ করতে পারছিলাম না। জাহিদ ভাই, রিয়াজ ভাই, আমি—সবাই স্থির হয়েছিলাম। পরিচালক যে বেদনা তুলে ধরতে চেয়েছেন—বাবার জন্য একজন সন্তানের বেদনা, পরিবারের জন্য একজন সদস্যের বেদনা, সেটি তিরের মতো বুকে এসে বেঁধে। উৎসবের উদ্বোধনের জন্য এ ছবির বিকল্প নেই।’
জয়া আহসান বললেন, ‘সিনেমা একটি বিশ্বস্ত মানবিক দলিল। সিনেমা ইতিহাসের মানবিক উপাদানের সংরক্ষণাগার। তবে মুক্তিযুদ্ধের মতো ঘটনা চলচ্চিত্রে উপস্থাপন করতে হলে সৃষ্টিশীলতা যেমন দরকার, তেমনি দরকার বিশদ গবেষণা। “হাসিনা: আ ডটার’স টেল” ছবির পেছনে পিপলু খানের সে ভালোবাসা আর শ্রমের পরিচয় আছে।’
এ ছবি নিয়ে কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রসঙ্গও টেনে আনেন জয়া আহসান। তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে পশ্চিমবঙ্গে গভীর আবেগ আছে। তবে আবেগের তুলনায় সব সত্য খুব ভালোভাবে সবার জানা নেই। ছবিটি দেখে ঘুমানোর আগপর্যন্ত আমার পশ্চিমবঙ্গের বন্ধুবান্ধবেরা কেবল ছবিটি নিয়েই শত কথা বলছিলেন। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সংগ্রাম—এসব নিয়েই কথা। ছবিটিতে তাঁর উপস্থাপন একেবারেই অনাড়ম্বর। যেন আটপৌরে বাঙালি একজন নারী। ভাবতে ভালো লাগছে, এমন একটি সিনেমা আমাদের দেশের একজন পরিচালকের হাতে তৈরি হয়েছে।’
কথা প্রসঙ্গে জয়া বললেন, বাংলাদেশের ছবি নিয়ে কলকাতার দর্শকদের আগ্রহ প্রচুর। ‘বাংলাদেশে ভালো ছবিগুলো কলকাতার দর্শকদের দেখার সুযোগ মেলে না। এ রকম উৎসব সে সুযোগ তৈরি করে।’ প্রসঙ্গত, এ উৎসবে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ন ডরাই’, ‘জন্মসাথী’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জালালের গল্প’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘রাজাধিরাজ রাজ্জাক’, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’, ‘কাঙ্গাল হরিনাথ’, ‘আবার বসন্ত’, ‘ছুঁয়ে দিল মন’, ‘হীরালাল সেন’, ‘অজ্ঞাতনামা’, ‘সত্তা’, ‘মুসাফির’, ‘শাটল ট্রেন’, ‘ইতি’, ‘তোমারই ঢাকা’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘পদ্মপাতার জল’, ‘ইন্দুবালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘ফাগুন হাওয়ায়’, ‘ইসমাইলের মা ও কাঠবিড়ালী’।
আজ রোববার কলকাতার নন্দনে দেখানো হবে জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ ছবিটি। কলকাতার দর্শকেরা জয়া অভিনীত ও প্রযোজিত ছবিটি এই প্রথমবারের মতো দেখার সুযোগ পাচ্ছেন। জয়া বললেন, ‘অভিনয়শিল্পী ও প্রযোজক হিসেবে এটা অবশ্যই আনন্দের। “দেবী” ছবিটি দেখার জন্য এখানকার দর্শকেরা উৎসুক হয়ে আছেন। এর প্রদর্শনীর সময় আমি থাকতে পারব না। তবে জাহিদ ভাই আর রিয়াজ ভাই নন্দনে ছবিটি দেখাবেন। নন্দন এশিয়ার অন্যতম বড় মানসম্পন্ন প্রেক্ষাগৃহ। এই মিলনায়তনে ছবিটি দেখার আনন্দ নিশ্চয়ই অন্য রকম হবে।’
কলকাতায় শুরু হওয়া তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। পাঁচ দিনব্যাপী এ উৎসবে এবার ২৮টি ছবির ৩২টি প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহ ১, ২ ও ৩-এ প্রদর্শিত হবে ছবিগুলো। উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবমন্ত্রী ব্রাত্য বসু, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ। অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন রিয়াজ, জাহিদ হাসান, মিথিলা, সৃজিত মুখার্জিসহ দুই বাংলার চলচ্চিত্র–তারকারা। প্রথম আলো











