বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যা মামলার সর্বশেষ তথ্যসম্বলিত প্রতিবেদন হাইকোর্টে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের সর্বশেষ লিখিত অগ্রগতির তথ্যসম্বলিত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন দাখিল করেন।

রোববার (৩১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারওয়ার হোসেন বাপ্পী প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত বছরের ২ ডিসেম্বর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের সর্বশেষ লিখিত অগ্রগতির তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তারই আলোকে আজ এই প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখন এই প্রতিবেদনের ওপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

মামলার অন্যতম কারাবন্দি আসামি মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমের জামিন শুনানিতে ২০২০ সালের ২ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে ৩১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

ওইদিন আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শংকর প্রসাদ দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারওয়ার হোসেন বাপ্পী।

আইনজীবী শংকর প্রসাদ দে বলেন, ‘তার মক্কেল (ওয়াসিম) সাড়ে চার বছর ধরে জেলে আছেন। আসামি মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকার আবদুন নবীর ছেলে।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় সন্দেহভাজন হিসেবে আবু নসুর গুন্নু, শাহ জামান ওরফে রবিন, সাইদুল আলম শিকদার ওরফে সাক্কু ও শাহজাহান, মো. আনোয়ার ও মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম নামে কয়েকজনকে আটক করে পুলিশ।

এই হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে আটক হন এহেতাশামুল হক ভোলা ও তার সহযোগী মো. মনির। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়, যা মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ দাবি করেছিল তখন।

গ্রেফতার আনোয়ার ও মোতালেব মিতু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে মিতু হত্যার পরিকল্পনাকারী হিসেবে নাম আসে বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত মো. মূছার।

মিতুর বাবা পুলিশের সাবেক পরিদর্শক মোশারফ হোসেন মিতু হত্যায় বাবুল আক্তারকে দায়ী করেন। তিনি তদন্ত কর্মকর্তাকে অভিযোগের সাপেক্ষে বেশ কিছু তথ্য দেন বলে জানান মোশারফ হোসেন।

২০১৭ সালের ২৪ জুন রাতে ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে ঢাকা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

চাঞ্চল্যকর এই মামলার কোনো কূল কিনারাও করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মামলাটির তদন্তভার ‘আদালতের নির্দেশে’ গত বছরের জানুয়ারিতে চলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।

এ জাতীয় আরও খবর

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে

প্রধানমন্ত্রী থামালেন নিজের কনভয়, অ্যাম্বুলেন্সের পথ নিশ্চিত করলেন

প্রধানমন্ত্রী চাঁদপুর ও ফেনী জেলা সফরে যাচ্ছেন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, কেউ আহত হননি

বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মির্জা ফখরুলের

কংগ্রেস সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

নুসরাত তাবাসসুম শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে

গরুর হাটে চাঁদাবাজি হবে না, কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুনামগঞ্জে বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের সতর্কতা

আজও ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ

স্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যে, ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ