সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চসিক নির্বাচনে হাল ছেড়ে সহিংসতা করেছে : তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও শেষের দিকে হাল ছেড়ে দিয়ে ঘরেই বসেছিল আর নির্বাচনের দিন সহিংসতার আশ্রয় নিয়েছে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে, ইভিএম মেশিন ভেঙে দিয়েছে, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের ছেলেসহ বেশ কয়েকজনকে আহত করেছে। তবে, একটি সহিংসতা হয়েছে দুই ভাইয়ের মধ্যে। এতে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য বিএনপির যেভাবে মাঠে থাকার প্রয়োজন ছিল, তা তারা ছিল না।

বিএনপির অভিযোগগুলো গৎবাঁধা, মুখ রক্ষার জন্য ও নাচতে না জানলে উঠান বাঁকার মতো উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বেশিরভাগ জায়গায় বিএনপির এজেন্ট যায়নি। নির্বাচনের সময় তারা এজেন্টেকে বের করে দিয়েছে এ ধরণের অভিযোগ করছে, কিন্তু এজেন্ট তো যায়ই নি, বের করবে কাকে?

সার্বিকভাবে বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ছোটখাট ঘটনা ঘটেছে, যা পশ্চিমবাংলাসহ পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যেও ঘটেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ২০১৮ সালে কলকাতা সিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত নির্বাচনের সময় ১৯ জন মৃত্যুবরণ করেছে। এমনকি কোলকাতা সিটি নির্বাচনে বিজেপির প্রার্থী রূপা গাঙ্গুলির উপস্থিতিতেই তার নির্বাচনী প্রচারণা মিটিং ভেঙে দেয়া হয়েছিল, তাকে দৌড়ে একটা ঘরে আশ্রয় নিতে হয়েছিল। সে ধরণের ঘটনা এখানে ঘটেনি।

করোনার মধ্যে ভোটার উপস্থিতি একটু কম ছিল এবং এ সময় খুব বেশিসংখ্যক ভোটার উপস্থিতি আশা করাও সঠিক নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯৯৪ সালের পর কার্যত বিএনপি কখনো জয়লাভ করেনি। ২০১০ সালে প্রতীকবিহীন নির্বাচনে মঞ্জুরুল আলম মঞ্জু সাহেবকে তারা মনোনয়ন দিয়েছিল যিনি সারাজীবন আওয়ামী লীগ করেছেন, বিএনপির আহ্বানে ‘হায়ারে খেলতে’ গিয়েছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগ নেতা হিসেবে তার কাজ ও বঙ্গমাতার নামে ফাউন্ডেশন ও স্কুল পরিচালনার ফলে আওয়ামী লীগের বহুলোক তারপক্ষে কাজ করেছিল বলে তিনি জিতেছিলেন। প্রকৃতপক্ষে, ’৯৪ সালের পর থেকে তারা কোনো জয় পায়নি, এবারও তাদের কোনো কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেনি। চট্টগ্রাম শহর আওয়ামী লীগেরই ঘাঁটি।

আলোকচিত্র সাংবাদিকতার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংবাদের সাথে ছবি যোগ হলে পূর্ণতা আসে। আলোকচিত্র শিল্পীরা কোনো একটা ঘটনা বা মুহূর্তকে যেভাবে জীবন্ত করে তোলেন সেটা কালের অসাধারণ সাক্ষী হয়ে থাকে। আলোকচিত্র সাংবাদিকদের তোলা আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধিকার আন্দোলন কিম্বা দেশ বিভাগের সময়কার কিম্বা তারও আগের বহু ছবি কালজয়ী হয়ে রয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক কাজল হাজরা এসময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রীর সহায়তা চান। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাসিম সিকদার, ইয়াসিন বাবুল, যুগ্ম-সম্পাদক জীবন আমীর, শেখ হাসান, অর্থ-সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক উদ্দিন এনায়েত, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম, মো. হারুন-অর-রশীদ রুবেল, জাহিদুল ইসলাম সজল এবং আবদুল্লাহ আল মমীন এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস