,

আইসোলেশনে থাকা নেতাদের আসামি করায় প্রমাণ হয় মামলা বানোয়াট : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাড়ি পোড়ানোর ঘটনায় কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনে থাকা নেতাদের আসামি করায় প্রমাণ হয়েছে এসব মামলা বানোয়াট।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার বলছে- সিসিটিভির ফুটেজ দেখে বাসে অগ্নিকাণ্ডের হোতাদের ধরা হচ্ছে। অথচ বাসায়, হাসপাতালে চিকিৎসাধীন, কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনে থাকা নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

‘এমনকি দুই বছর যাবৎ পঙ্গুত্ববরণকারী নেতাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে’ যোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও ভোট ডাকাতির নির্বাচন আড়ালের উদ্দেশে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সুপরিকল্পিতভাবে ঢাকায় গণপরিবহনে আগুন দিয়েছে। এখন সেই ঘটনার দায়-দায়িত্ব বিএনপির ওপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিতে ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা দায়ের করেছে।’

মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে হয়রানি করছে। শুধু তাই নয়, গ্রেপ্তারের নামে বাসাবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করছে।

তিনি বলেন, সরকার বলছে- সিসিটিভি ফুটেজ দেখে মামলা হয়েছে, অথচ একটি মামলার বাদী হিসেবে যাকে দেখানো হয়েছে তিনি নিজেই অস্বীকার করেছেন যে, তিনি মামলা দায়ের করেছেন। ভুয়া বাদীর সেই মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ অনুযায়ীই যদি আসামি করা হয়ে থাকে তাহলে প্রশ্ন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অসুস্থ, আহত, চিকিৎসাধীন কিংবা ঢাকার বাইরে ও বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের মামলায় আসামি করা হলো কীসের ভিত্তিতে?’

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতা আরিফুর রহমান নাদিমসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা