এক ছাদের নিচে তিন ধর্ম!
অনলাইন ডেস্ক : প্রায় এক দশক তিন একেশ্বরবাদী ধর্মের প্রতিনিধিরা একক উপাসনালয় নির্মাণ নিয়ে আলোচনা করছেন। অবশেষে জার্মানিতে ইহুদি, ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এমন উদ্যোগ আলোর মুখ দেখতে চলেছে। জার্মানির বার্লিনে হতে যাওয়া একক উপাসনালয়ের নাম দেওয়া হয়েছে ‘হাউজ অব ওয়ান’। দীর্ঘ প্রস্তুতির পর আগামী বছরের শুরুতে ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে খবর দিয়েছে ডিডব্লিউ।
হাউজ অব ওয়ান ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক রোলান্ড স্টোলটে জানান, প্রকল্পটি গত কয়েক বছর বেশ কিছু কারণে পিছিয়ে যায়। করোনা মহামারী দেখা দিলে আবারও পেছানো হয় নির্মাণকাজ। আগামী জানুয়ারিতে শুরু করা হবে।
ভবনটি নির্মাণে ২০ সদস্যের ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বার্লিনের মেয়র মিকায়েল ম্যুলার। তিন ধর্মের প্রতিনিধি ছাড়াও এই বোর্ডে হামবোল্ডট ফোরামের মহাপরিচালক, ইহুদি জাদুঘরের পরিচালক, জার্মান থিয়েটারের পরিচালক, প্রুশিয়ান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্টও রয়েছেন।
ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে, যেখানে ইসলাম, খ্রিস্টান ও ইহুদিদের প্রার্থনার জন্য আলাদা অংশ বরাদ্দ থাকবে। একই ভবনে থাকবে অন্য আরেকটি অংশ, যেখানে তিন ধর্মের অনুসারীরা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে পারবেন। একটি কেন্দ্রীয় বৈঠকখানার চারপাশ জুড়ে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ। ৪০ মিটার উঁচু এ ভবনটি নির্মাণে ৪৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৪৩২ কোটি টাকা খরচ হবে।
মূলত প্রোটেস্ট্যান্ট যাজক গ্রেগর হোব্যার্গ, রাব্বি টোফিয়া বেন-চোরিন ও ইমাম কাদির সানচি এ ধরনের ভবন নির্মাণের পরিকল্পনা করেন। প্রকল্পের শুরুতে কোনো মুসলিম সম্প্রদায় জড়িত হতে আগ্রহী ছিল না। পরে ‘ফোরাম ফর ইন্টেলেকচুয়াল ডায়ালগ’ নামের তুর্কিভাষী সুন্নি মুসলিমদের একটি সংগঠন এতে যুক্ত হয়। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যাবতীয় অর্থ তোলা হচ্ছে। যদিও ভবনের নকশা নিয়ে খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের একাংশ সমালোচনা করেছেন। জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের নেতা মার্টিন মোসেবাখ বলেন, ‘ভবনের নকশায় ‘পবিত্র’ বিষয়টি নেই। নকশাটি দেখে ‘ফেরাউনের কবরের’ মতো আকারহীন মনে হয়েছে।’ ইমাম কাদির সানচি বলেন, ‘তিন ধর্মের চলার পথ আলাদা হলেও লক্ষ্য একই। মানবিক দৃষ্টিকোণ থেকে তিন ধর্মের মধ্যে সম্পর্ক গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য থেকেই ভবনটি করা হচ্ছে।’











