সাত মাস পর প্রাণচাঞ্চল্য চিড়িয়াখানা
নিউজ ডেস্ক : রৌদ্রোজ্জ্বল সকাল পেরিয়ে দুপুর আসতে না আসতেই মেঘে ঢেকে ছিল আকাশ। আর বিকেল গড়াতেই বৃষ্টি। তার পরও নেমেছিল মানুষের ঢল। রাজধানীর উত্তরা থেকে ছেলেমেয়ে নিয়ে ঘুরতে আসা রোজিনা আক্তার বলছিলেন, ‘চারদিকে এত হতাশা আর খারাপ খবর! এর মধ্যে চিড়িয়াখানায় এসে বেশ ভালো লাগছে। বাচ্চারাও মুক্তির আনন্দে মেতে উঠেছে।’
শুধু রোজিনা আক্তার নন, গত রোববার চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন ১২ হাজারের মতো মানুষ। দীর্ঘ সাত মাস পর খুলে দেওয়া মিরপুরের জাতীয় চিড়িয়াখানা হয়ে উঠেছিল প্রাণচঞ্চল। ইট-পাথরের নগরীতে যানজট থেকে শুরু করে ভয়াবহ করোনার ধকল সইতে থাকা মানুষের একাংশ ছুটে এসেছিলেন প্রাণ-প্রকৃতির টানে চিড়িয়াখানায়।
সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় প্রবেশ করেন একের পর এক দর্শনার্থী। অবশ্য ভেতরে ঢোকার পর অনেকেই তা উপেক্ষা করেছেন, মাস্ক খুলে ফেলেছেন, যেখানে-সেখানে অনেককে থুথু ফেলতেও দেখা গেছে। এর আগে দিনে সর্বোচ্চ দুই হাজার মানুষ প্রবেশের বিধিনিষেধ থাকলেও তা উঠে গেছে গতকাল। আগের বিভিন্ন নিয়ম ফিরে পেয়েছেন দর্শনার্থীরা। তাই ভিড়ও বেড়েছে অনেক। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রাখার কথা থাকলেও এখন থেকে তা খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
গতকাল চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। সেখানে তারা পেয়েছেন নতুন পরিবেশ, পেয়েছেন পুরো এলাকায় নতুন আঙ্গিক। এদিকে কয়েক মাস ধরে সুনসান থাকা চিড়িয়াখানা হঠাৎ এমন জমজমাট হয়ে ওঠায় প্রাণীদের আচরণে ঘটেছে খানিকটা ছন্দপতন। গতকাল সরেজমিনে দেখা যায়, খাঁচার এককোণে লুকিয়ে আছে শিম্পাঞ্জি। আড়ালে বসে হাত-পা নাড়াচ্ছে। খাঁচার বাইরে দাঁড়ানো উৎসাহী দর্শকরা চিৎকার করে কাছে আসতে ডাকছে তাকে। অথচ ভিড়ে বিরক্ত শিম্পাঞ্জিরা চাইছিল একটু আড়াল। দূর থেকে সেই দৃশ্য মোবাইলবন্দি করছিলেন অনেকেই।
বাঘ, হাতি ও জেব্রার খাঁচার সামনেও দেখা গেছে প্রচুর মানুষের ভিড়। অতিরিক্ত ভিড় দেখে ঘাবড়ে গিয়ে বাঘ-সিংহরাও বার বার লুকিয়েছে খাঁচার ভেতরের ঘরে।
ধানমন্ডি থেকে আসা নিজাম উদ্দিন স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে গতকাল রোববার সারাদিন কাটান চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সবুজ প্রকৃতি, পরিচ্ছন্ন পরিবেশ, সাজসাজ রব, স্বাস্থ্যবিধি ও সচেতনতামূলক প্রচারকাজে মুগ্ধ তিনি। তার কথায়, ‘দীর্ঘদিন কোথাও ঘুরতে যেতে পারিনি। আজ আসব বলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। পিকনিকের আমেজে ছিলাম।’
দর্শনার্থীদের দলে ছিলেন সদ্য বিয়ে করা ও প্রথম চিড়িয়াখানায় বেড়াতে আসা তরুণ-তরুণীও। তারা আশা করছেন, ধীরে ধীরে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। সবচেয়ে আনন্দে ছিল শিশুরা। সবুজ প্রকৃতি ও প্রাণিকুলের মধ্যে তারা বিচরণ করেছে প্রাণমন খুলে। বিকেল ৫টার পর চিড়িয়াখানা থেকে দর্শকরা বের হতে শুরু করলে দেখা দেয় যানজট। এ সময় বৃষ্টিতে খানিকটা ভোগান্তিও হয় তাদের।
এদিকে করোনার কারণে সর্বোচ্চ সতর্ক ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাপমাত্রা পরিমাপ, হ্যান্ড স্যানিটাইজেশনসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি প্রয়োগ করা হয়। মাইকে চলে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার। প্রধান ফটক থেকে শুরু করে চিড়িয়াখানাজুড়ে ছিল স্বেচ্ছাসেবক। ছিল সিসি ক্যামেরা। তবে দর্শনার্থীদের ‘শুভবুদ্ধির’ ওপরই ভরসা করতে চাইছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ। তিনি বলেন, ‘সাড়ে সাত মাস চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় প্রাণিকুল নিজেদের মতো করে বেড়ে উঠেছে। এ সময় প্রজনন ঘটেছে ১১৫টি বিভিন্ন প্রাণীর। পুষ্টিকর খাবার ও নিয়মিত পরিচর্যার ফলে তারা মোটাতাজা হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘নতুন করে চিড়িয়াখানা খুলে দেওয়ার প্রথম দিনেই ১১ হাজার ৮০২ জন দর্শনার্থী ঘুরতে এসেছেন। ভেতরে খাবারসহ দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। হাত ধোয়ার জন্য সাবান-পানির ব্যবস্থা আছে। সবসময় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। ৬৫ বছরের বেশি বয়সীদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। ভেতরে বাইরে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বারবার ঘোষণা দিলেও কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। কেউ কেউ তো প্রাণীদের নানাভাবে বিরক্ত করার চেষ্টাও করছেন। তবে নিরাপত্তাকর্মীরা মনিটরিং করছেন।
স্বাস্থ্যবিধি নিশ্চিত ও প্রাণীদের ভালো রাখতে জনমানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে কিউরেটর ডা. আব্দুল লতিফ বলেন, যত ব্যবস্থাই থাকুক মানুষকে সচেতন হতে হবে। বন্দি প্রাণীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, মানুষের মধ্যে সংবেদনশীল সে বোধটাই তৈরি করার চেষ্টা চলছে। দীর্ঘদিন পর এত মানুষ দেখে প্রাণীদের আচরণে কিছুটা ছন্দপতন হলেও আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করেন তিনি। তিনি বলেন, চিড়িয়াখানাকে বিশ্বমানের করে তোলার চেষ্টা চলছে। করোনাকালে সেলফি প্লাজা, শিশুপার্ক, শৌচাগার, সৌন্দর্যবর্ধনসহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীরা চিড়িয়াখানায় যেতে পারবেন।











