সবুজ পরী এলেন দুই ঘন্টা পর
বিনোদন প্রতিবেদক : পরনে সবুজ গাউন। গাউনের সামনের উপরের পার্টে ময়ূরের পেখমের আল্পনা। নীচের দিকে মুক্তার দানার মতো পাথর। তা আবার হীরের মতো চিক চিক করছে। মাথায় সাপের ফনার মতো উঁচু করে চুলগুলো বাঁধা। এমন সাজেই রাজধানীর ইন্টার কন্টিনেন্টালের বলরুমে রাত ৯টা ৩৫ মিনিটে নেমে এলেন পরী। না আকাশের পরী নয়। চিত্রনায়িকা পরীমনি।
আজ এ নায়িকার জন্মদিন। বরাবরের মতো এবারে জন্মদিনেও বন্ধু-বান্ধব ও গণমাধ্যমের মানুষদের জন্য আয়োজন করেন সবুজে রাঙানো এক পার্টির। যে পার্টির রঙ ছিলো সবুজ। প্রকৃতিকে ভালোবেসে সবুজ রংকেই বেছে নিয়েছেন এই চিত্রনায়িকা।
জন্মদিনের আয়োজনে সবুজে মোড়ানো অন্য এক পরীকেই দেখা গেলো যেনো। পাশাপশি সবুজ গাছ পালা দিয়েও সাজানো হয়েছে পরীর জন্মদিনের পার্টির চারপাশ। আর সবুজে মোড়ানো স্টেজ সাঁজানো হয়েছে ময়ূরের পেখম দিয়ে। যে ময়ূরের পেখমের মাঝে যখন পরী পিল পিল করে হেঁটে গিয়ে দাঁড়ালেন মনে হলো যেনো আকাশ থেকে সবুজ এক পরীই নেমে এসেছে মাটিতে।
পরী স্টেজে দাঁড়ানোর পর পরই উপস্থিতি সবাই ব্যস্ত হয়ে উঠলেন পরীকে শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে জলে উঠে ক্যামেরার ফোকাস।
তবে পরীর পাঠানো দাওয়াত নামায় সময় দেয়া হয় সন্ধ্যা ৮টা । সে মোতাবেক অতিথিরা সেখানে হাজির হলেও পরী না থাকায় কিছুটা বিরক্তির ভাব ছিলো সবার মাঝেই। পরী যখন আসেন তখন রাত প্রায় দশটা। তবে পরী আসা মাত্রই তার সবুজে মোড়ানো রুপ দেখে যেনো বিরক্তি পালিয়ে যায়।
তবে করোনার এই পরিস্থিতিতে জন্মদিনের আয়োজনে সাস্থবিধি মানতে দেখা যায়নি খুব একটা। আগত প্রায় সবাই ছিলেন মাস্ক ছাড়াই।
যদিও এর আগে পরী জানান, এবার তার আয়োজন করার ইচ্ছে ছিলো না তাও করলেন। কেনো করলেন সেটা পরীর মুখ থেকেই শুনুন, ‘করোনা মহামারির জন্য অনেকদিন ঘরবন্দি হয়ে আছি। যদিও এরমধ্যে কিছু শুটিংয়ে অংশ নিয়েছি। এবার জন্মদিনের আয়োজন করার ইচ্ছা ছিল না। সবমিলিয়ে দেখে স্বাস্থ্যবিধি মেনে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকৃতিকে ভালোবেসে সবুজ এবার আমার থিম।’
পরীমনি শুটিং শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এই ছবিতে তার বিপরীতে আছেন সিয়াম। আগামী কয়েক মাসের মধ্য শুরু করবেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার শুটিং। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিশ্বসুন্দরী’।











