,

ট্রেন চলবে অর্ধেক আসন ফাঁকা রেখেই, ভাড়া বাড়ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, রেলের ভাড়া বাড়ানোরও কোনো পরিকল্পনা তাদের নেই।

আজ সোমবার রেলভবনে লাগেজ ভ্যান ক্রয়সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ওপরের দিকে যাবে না নিচের দিকে নামবে, তা এখনো নিশ্চিত নই। এ জন্য বাসে আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলেও আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

রেলের ভাড়া বৃদ্ধির আলোচনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভবিষ্যতের জন্য গবেষণা চলছে। যখন মানুষের সামর্থ্য বাড়বে, তখন ভাড়া বৃদ্ধি করা যায় কি না, সেটা নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করা হয়েছিল। সম্প্রতি কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। এর মানে এই নয় যে রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, সেটি কিন্তু সঠিক নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার জন্য অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে বলেছেন। মালামাল পরিবহনের মাধ্যমে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস পরিস্থিতিতে গত মার্চের শেষের দিকে যাত্রীবাহী সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। ৩১ মে থেকে সীমিত আকারে ট্রেন চালু হয়। তখন থেকেই অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ছে। ৫ সেপ্টেম্বর থেকে ১৩৪টি ট্রেন চলবে। ওই দিন সব আন্তনগর ট্রেনের চলাচল শুরু হবে। তবে মেইল, লোকাল, কমিউটার অনেক ট্রেনের যাতায়াত চালুর এখনো ঘোষণা আসেনি। রেলে যাত্রীবাহী ও মালবাহী মিলে ৩৫৫টি ট্রেন চলাচল করে।

ব্রেক ভ্যান কেনায় চুক্তি
৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান কেনার লক্ষ্যে আজ চীনের সিএনটিক-রেলটেকো-জিনসি (যৌথ) কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে রেলওয়ে। বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক ইয়াং বিং।

এ সময় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, রেলপথ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান কেনার প্রকল্প নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, করোনার মধ্যে লাগেজ ভ্যান দিয়ে রাজশাহী থেকে ট্রেনে আম পরিবহন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে শাকসবজি ও নিত্যপণ্য পরিবহনে বিশেষ ট্রেন চলেছে। গত ঈদুল আজহায় কোরবানির পশুও পরিবহন করা হয়েছে। ভবিষ্যতে কৃষকের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে লাগেজ ভ্যান কেনা হচ্ছে। এতে কৃষক তাঁর পণ্যের ন্যায্যমূল্য পাবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য