জোয়ার চাষির কপালে এঁকেছে ‘দুর্ভাগ্য’ রেখা
নিউজ ডেস্ক : ঝড়ঝঞ্ঝা-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করাটা উপকূলবাসীর নিয়তি! করোনাকালেও উপকূলের মানুষ জোয়ারের সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছে। সর্বনাশা জোয়ার উপকূলের মাছ ও চিংড়ি চাষিদের এরই মধ্যে পথে বসিয়ে দিয়েছে। তাঁদের করেছে নিঃস্ব। একই হাল ফসল আবাদকারী কৃষকদেরও। উপকূলের ফসল ভরা ক্ষেতে এখন শুধুই জলের চলন। মাঠে মাঠে পচছে সবজি আর ধান। জোয়ারের জল চাষিদের কপালে যেন নতুন করে এঁকে দিয়ে গেছে দুর্ভাগ্যের রেখা। উপকূলীয় এলাকায় গতকাল রবিবারও দিনভর বৃষ্টি হয়েছে থেমে থেমে। ফলে উপকূলের মানুষের ভোগান্তি আরো বেড়েছে। এদিকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস এখন চলছে জোয়ার-ভাটার ওপর ভরসা করে। পদ্মায় প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরে প্রবল জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অর্ধশতাধিক গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে। পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের। ডুবে আছে ফসলি জমি। কোথাও কোমর, কোথাও গলাপানিতে গবাদি পশু নিয়ে দুর্বিষহ দিন পার করছে মানুষ। আশাশুনি সদর, প্রতাপনগর ও শ্রীউলা এবং শ্যামনগরের গাবুরা ও কাশিমাড়ি ইউনিয়নে যাতায়াতের প্রধান সড়কের ওপর দিয়ে বইছে জলস্রোত। এর ফলে নষ্ট হয়ে গেছে ওই সব এলাকার যাতায়াতের প্রধান প্রধান সড়ক। এদিকে প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে এবং গত তিন দিনের টানা বর্ষণে পানিবন্দি হয়ে আছে সাতক্ষীরার লাখো মানুষ। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, এরই মধ্যে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দুটি উপজেলার দুর্গতদের মধ্যে ৯০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট : জোয়ারের পানিতে বাগেরহাটে পাঁচ হাজার ২৭৪টি মাছের ঘের ডুবে গেছে। এসব ঘের থেকে ১০ কোটি টাকার চিংড়িসহ বিভিন্ন মাছ ভেসে গেছে। কোনো কোনো ঘেরের ওপর দিয়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতায় পানি বয়ে গেছে। আম্ফান ও বুলবুলের জলোচ্ছ্বাস এবং সর্বশেষ অস্বাভাবিক জোয়ারের পানিতে চাষিদের একের পর এক মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির মুখে পড়েছে চিংড়ি শিল্প। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, জোয়ারের পানিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় পাঁচ হাজার ২৭৪টি মাছের ঘের ডুবে গেছে। ডুবে যাওয়া ওই সব ঘেরের আয়তন দুই হাজার ৬৭৯ হেক্টর।
ঝালকাঠি : ঝালকাঠির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপত্সীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সকালে শহরের রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা এখনো পানিবন্দি। অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া পানিতে গ্রামের ফসলের ক্ষেত ও মাছের ঘের ডুবে আছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরাও। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জানায়, স্বাভাবিকের চেয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে চার-পাঁচ ফুট পানি বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। সুগন্ধা নদী বেষ্টিত ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে যাওয়া ১১টি খাল থেকে পানি ওঠানামা করছে। কিছু কিছু এলাকার ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় পানি জমে আছে। এদিকে নদীর পানিতে কাঁঠালিয়ার আমুয়া ও নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে দুই দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁদপুর : পদ্মা ও মেঘনা নদী থেকে জোয়ারের পানি নামতে শুরু করলেও তাণ্ডবের ক্ষত রেখে গেছে। নদীপারের প্রায় এক হাজার মাছের খামার ও ঘেরের কমপক্ষে ২০ কোটি টাকার মাছ ভেসে গেছে। এ ছাড়া চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তরের সড়ক, বসতঘর, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে জোয়ার-ভাটার ওপর ভরসা করে এখন চলছে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস। ফলে এই ফেরি সার্ভিসের চাঁদপুরের হরিণা এবং শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে রবিবার দুপুর পর্যন্ত সহস্রাধিক যানবাহন আটকে ছিল। ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত হরিণাঘাট এলাকায় ফেরির পন্টুনের গ্যাংওয়ে পানিতে তলিয়ে ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিকেলে ফের জোয়ার শুরু হলে ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায়।
মোংলা (বাগেরহাট) : টানা বৃষ্টি ও আকস্মিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে মোংলার বিভিন্ন নিচু এলাকার কয়েক হাজার চিংড়িঘের। এতে ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়িসহ অন্যান্য মাছ। গত তিন দিনে এখানকার এক হাজার ৭৬৫টি চিংড়িঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা।
আগৈলঝাড়া (বরিশাল) : উজিরপুরে জোয়ারের পানিতে পৌর এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগ এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছে। ব্যাপক ক্ষতির মুখে রয়েছেন মৎস্য চাষিরাও। প্রবল জোয়ারের পানি ঘরবাড়িতে ঢুকে পড়ায় মানবেতর জীবন যাপন করছে লাখো পানিবন্দি মানুষ।
কালকিনি (মাদারীপুর) : কালকিনির আলিনগর ইউনিয়নের ১৫১ নম্বর চর হোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে পদ্মা নদীর পানি সামান্য কমলেও এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানিয়েছে, গতকাল ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে দুই সেন্টিমিটার পানি কমে বিপত্সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে পদ্মায় প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস চলাচল ব্যাহত হচ্ছে।











