সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনে মুসলিমদের করণীয়

news-image

ইবরাহিম ওজদেমির : অনেক সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মানুষ মনে করে, জলবায়ু পরিবর্তনের বিষয়টি শুধু পশ্চিমা দেশগুলোর ধারণাপ্রসূত। এসব দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনো পরিবেশ বিপর্যয়ের ব্যাপারটি আমলেই নেয় না, প্রায় সম-জনসংখ্যার বাংলাদেশ-পাকিস্তানও সেদিক থেকে ব্যতিক্রম নয়।

বিভিন্ন পরিসংখ্যান ও প্রতিবেদনে দেখা যাচ্ছে, মুসলিম দেশগুলো জলবায়ু পরিবর্তনের চাপ সামলালেও এ ব্যাপারে তাদের নীতিগত সতর্কতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ অবিশ্বাস্যরকম সীমিত। অথচ ইসলামি ঐতিহ্যের ওপর ভর করে গড়ে ওঠা ‘ইসলামি পরিবেশবাদ’ আন্দোলন অনেকটা সফলভাবে এ সমস্যার মোকাবিলা করতে পারে, যা উন্নত বিশে^র রাজনৈতিক প্রচারণার ফসল পশ্চিমা পরিবেশবাদ আন্দোলনের পক্ষে সম্ভব নয়। কভিড-১৯-পরবর্তী কার্বন নিঃসরণের স্থিরতার সময়টিই দ্রুত সমস্যা চিহ্নিত করার একটি মোক্ষম সুযোগ।

এ আন্দোলনের প্রয়োজনীয়তা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি। আমার মাতৃভূমি তুরস্কের কথাই ধরুন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার আবহাওয়া বিশেষভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির মাত্রা কমছে। ফলে পানির মজুদ কমে গিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে দেশটি।

ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যেই জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান রাষ্ট্র বাংলাদেশের এক সপ্তমাংশ লোক বাস্তুচ্যুত হবে। সৃষ্টি হবে কোটি ‘জলবায়ু-শরণার্থী’র। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা অনাবাদি ভূমিতে পরিণত হবে। আগামী কয়েক দশকে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ধ্বংসাত্মক লু হাওয়া।

যা হোক, সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক মুসলিম দেশ সমস্যা মোকাবিলায় এগিয়ে আসছে। বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী রাষ্ট্র। নিঃসরণ রোধে তারা খুব কম পদক্ষেপই নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বের সবচেয়ে দূষিত দুটি দেশ। তবে দূষণ মোকাবিলায় তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। জলবায়ু পরিবর্তন ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখতে ২০১৫ সালে মুসলিমবিশ্বের ঐকমত্য সত্ত্বেও নিষ্ক্রিয়তা অব্যাহত রয়েছে।

আপনি হয়তো ভাবছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তরাই পরিবর্তন ঠেকাতে বেশি আগ্রহ দেখাবে। এমনটি সব সময় হয় না। অনেক মুসলিম দেশই পরিবেশবাদের পশ্চিমা ধারণা জনগণের ওপর চাপিয়ে দিতে নারাজ বা বলতে পারেন, দূষণ ও কার্বন নিঃসরণ না ঠেকিয়ে যেসব দেশ শিল্পোন্নয়নে এগিয়ে চলেছে, তাদের চাপের কাছে তারা মাথা নোয়াতে চায় না। তারা মনে করে, পরিবেশগত উপনিবেশবাদ এর সমাধান নয়।

আমাদের করণীয় হলো মুসলমানদের পরিবেশ সুরক্ষার প্রতি উৎসাহ জোগাতে ইসলামের মৌলিক নীতিমালা কাজে লাগানো। কারণ, ইসলাম পৃথিবীর সুরক্ষার কথা বলে। মুসলমানমাত্রই বিশ্বাস করে, মানুষই পৃথিবীর অভিভাবক বা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। আর এ কারণেই কৃতকর্মের জন্য তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহির এই বিশ্বাস খুব শক্তিশালী ও ফলদায়ক। মুসলিমবিশে^র পরিবেশনীতিতে পরিবর্তন আনতে এই বিশ্বাসই জলবায়ু পরিবর্তনের ইসলামি ঘোষণাপত্রে প্রয়োগ করা হয়।

এ বিষয়ে মুসলমানদের কোরআন ছাড়া অন্য কোনো নির্দেশনার দরকারই পড়ে না। খোদ কোরআনেই পরিবেশসচেতনতা-বিষয়ক অন্তত ২০০টি আয়াত রয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘মানুষের সৃষ্টির চেয়ে ভূমণ্ডল ও নভোমণ্ডলের সৃষ্টি মহান কাজ।’ (সুরা মুমিন, আয়াত : ৫৭)

তাই বাস্তবতা হলো, আল্লাহর সবচেয়ে মূল্যবান সৃষ্টি পৃথিবী রক্ষা করার চেয়ে বড় ইসলামি কাজ আর কোনোটিই হতে পারে না।

এই দৃষ্টিভঙ্গিই পারে সারা বিশ্বের ১ দশমিক ৮ বিলিয়ন মুসলমানের হৃদয় স্পর্শ করতে। তাই আর উপেক্ষা নয়, এটিকে কাজে লাগিয়েই জলবায়ু আন্দোলনে তাদের সংঘবদ্ধ করতে হবে।

মহানবী (সা.)-ও পশুদের চিকিৎসার ক্ষেত্রে দয়া ও যত্নের কথা বলেছেন। পশুদের ব্যাপারে তিনি চমৎকার নীতি গ্রহণ করেছেন, যা মুসলিমদের জন্য অনুকরণীয়। খেলাধুলার জন্য প্রাণী হত্যা তিনি নিষিদ্ধ করেছেন। উট-গাধাকে অতিরিক্ত বোঝা চাপিয়ে না দেওয়ার নির্দেশ দিয়েছেন। খাবারের জন্য জবাই করা পশুর প্রতি অনুগ্রহ প্রদর্শন, তার অনুভূতি বিবেচনা এবং পশুর জীবনদাতা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আদেশ দিয়েছেন। এমনকি মদিনার কোন স্থানে প্রথম মসজিদ নির্মাণ করা হবে তা তিনি তার উটকেই বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন।

২০১৩ সালে ইন্দোনেশিয়ার এক সমীক্ষায় দেখা যায়, ইসলামি সম্মেলনগুলোতে পরিবেশবিষয়ক আলোচনার কারণেই পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা ও উদ্বেগ বেড়েছে। ২০১৪ সালে ইন্দোনেশিয়া বিপদগ্রস্ত প্রজাতিগুলোর সুরক্ষায় দেশটির মুসলমানদের সমর্থন পেতে একটি ফতোয়া জারি করে।

ধর্মীয় নির্দেশনা ব্যবহার করে পরিবেশ সুরক্ষার বার্তা প্রচারকারী অনেক সংস্থা রয়েছে। অ্যালায়েন্স ফর রিলিজিয়নস অ্যান্ড কনজারভেশন (এআরসি) এমনই এক সংস্থা। এ সংস্থার অন্যতম সফল প্রজেক্ট ছিল, ইসলামিক স্কলারদের মাধ্যমে তানজানিয়ান জেলেদের এ কথা বোঝানো হয় যে, ডিনামাইট, টানা-জাল এবং বর্শা দিয়ে মাছ শিকার করা কোরআনের নির্দেশনার বিপরীত এবং তারা তা মান্যও করেছিল। ঘটনাটি থেকে আমাদের আরও শেখার আছে। দূর থেকে স্রেফ নৈতিকতার কথা বলে তা বাস্তবায়ন করার সম্ভাবনা খুবই কম। জেলেরা এর আগে সরকারি আইন অমান্য করেছিল। কিন্তু একবার যখন তাদের বলা হলো, তারা ইসলামবিরোধী কাজ করছে, তখন তা মানতে রাজি হয়ে গেল! এক জেলে বলল, ‘পরিবেশ সুরক্ষার এ নির্দেশনা সাদা চামড়ার লোকদের পক্ষ থেকে আসেনি, বরং এটি কোরআনের নির্দেশনা।’

শীর্ষস্থানীয় অনেক মুসলিম বুদ্ধিজীবী এ ব্যাপারে সচেতন। চিন্তাবিদ হিসেবে তারা নিজেদের অধিকার বলে একটি ‘স্বদেশি’ পরিবেশ আন্দোলন চাঙা করতে চান। যেমন এ মাসের দ্বিতীয় সপ্তাহে ‘ঢাকা ফোরাম’ কভিড-১৯-পরবর্তী করণীয় নির্ধারণে এক অনলাইন সম্মেলনের আয়োজন করে। সেখানে অধিকাংশ বক্তা মুসলিমবিশ্ব থেকেই অংশ নিয়েছেন।

জলবায়ু সমস্যা নিরসনের দৌড়ে মুসলিমদের একটি শক্ত ভিত রয়েছে। তাদের রয়েছে নিজস্ব কাঠামো। রয়েছে এমন এক বিশ্বাস ও আদর্শ, যা পৃথিবী এবং এর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। ধর্ম ও পরিবেশ আন্দোলনের অন্যতম প্রবক্তা সাইয়েদ হোসাইন নসরের যুক্তি হলো, পশ্চিমের আদর্শিক বিভাজনের কারণেই এ কথা সামনে আসছে যে, পৃথিবীর কর্র্তৃত্ব করা মানুষের অধিকারই নয় শুধু, এজন্য তাকে জবাবদিহিও করতে হবে; এবং এটিই ইসলামি দৃষ্টিভঙ্গি। তাই আল্লাহর আদেশ পালনার্থে ও পরিবেশ সুরক্ষায় মুসলিমদের অবশ্যই আবারও পৃথিবীর ত্রাণকর্তা হতে হবে। দেশ রূপান্তর

লেখক : প্রখ্যাত পরিবেশবিদ ও তুরস্কের ওসকুদার বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। আল-জাজিরা ইংরেজি থেকে অনুবাদ করেছেন ইজাজুল হক

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী