ঢাকা মেডিকেলে অর্থাভাবে প্লাজমা থেরাপিতে ধীরগতি
নিউজ ডেস্ক : কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপি ব্যবহারের পরীক্ষামূলক প্রয়োগের কাজ মাঝপথে এসে অর্থাভাবে প্রায় আটকে গেছে।
এই পরীক্ষার জন্য মে মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৪০ লাখ টাকা অর্থ সহায়তা চাওয়া হলেও এখনো কোনো অর্থ বরাদ্দ মেলেনি।
প্লাজমা থেরাপির জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ খান বলেন, নিজস্ব অর্থ ও দাতাদের সহায়তায় এ পর্যন্ত ৩৫ জনের শরীরে প্লাজমা প্রয়োগ করে ‘ভালো ফল’ পাওয়া গেছে।
“কিন্তু সরকারি কোনো ফান্ড না পাওয়ায় এখন কাজের গতি স্লো। … সরকারের সহায়তা না পেলে এগিয়ে নেওয়া যাবে না।”
ডা. খান জানান, মোট ৯০ জনের জন্য প্লাজমা থেরাপি প্রয়োগসহ পুরো গবেষণাটির কোন খাতে কত টাকা খরচ হবে তা নির্দিষ্ট করে দিয়ে মোট ৪০ লাখ টাকা সরকারের কাছে চাওয়া হয়েছিল।
মে মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের (হাসপাতাল) কাছে আবেদন জমা দেওয়া হয়। সেখান থেকে চিঠিটি মন্ত্রণালয়ে গিয়েছে।
এখন পর্যন্ত বরাদ্দ না পাওয়ার কারণ জানতে চাইলে এই চিকিৎসক বলেন, কেন দিচ্ছে না তা বুঝতে পারছেন না তিনি।
“আমরা যতদূর জানি এ ব্যাপারে মন্ত্রণালয়ের আগ্রহ আছে। কিন্তু মনে হয় প্রক্রিয়াগত কারণে আটকে আছে। হয়তো ফাইলটা কোথাও পড়ে আছে। সঠিক জায়গায় এখনও পৌঁছে নাই। আমি ঠিক জানি না।”
তিনি বলেন, গবেষণা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি, প্লাজমা ও টাইটার পরীক্ষার কিট এবং প্লাজমা দেওয়ার আগে-পরে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ লাগবে।
“কিছু পরীক্ষা আমাদের এখানে হয়, কিছু বাইরে থেকে করিয়ে আনতে হয়। সেখানে কিছু খরচ আছে।”
বিষয়টি নিয়ে কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান খান বলেন, অধ্যাপক খান বলেছেন, কমিটি হাসপাতাল শাখার পরিচালককে চিঠি দিয়েছে, সেটা তিনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
“এটি কিন্তু আমার কাছে আসেনি। আবেদনটি কার কাছে আছে সেটি খোঁজ নিয়ে দেখব।”
নতুন করোনাভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করায় লাখ লাখ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলোও। এই অবস্থায় নতুন এই রোগে আক্রান্তদের সারিয়ে তুলতে সেরে ওঠা ব্যক্তিদের রক্তের প্লাজমা অসুস্থদের দেওয়ার চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশ।
রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলে। তিন ধরনের কণিকা ছাড়া রক্তের বাকি অংশই রক্তরস। মেরুদণ্ডী প্রাণীর শরীরের রক্তের প্রায় ৫৫ শতাংশই রক্তরস।
চিকিৎসকরা বলছেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা এ ভাইরাস মোকাবেলা করে টিকে থাকতে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি করোনাভাইরাসকে আক্রমণ করে। সময়ের সাথে সাথে আক্রান্ত ব্যক্তির প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডিই অসুস্থদের সারিয়ে তোলার জন্য ব্যবহার হবে।
বাংলাদেশে প্লাজমা থেরাপি প্রয়োগ করে কোভিড-১৯ রোগীর চিকিৎসা করার সম্ভাব্যতা দেখতে এপ্রিলের শুরুতে আগ্রহের কথা জানান ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজির অধ্যাপক ডা. এম এ খান। ১৯ এপ্রিল তাকে সভাপতি করে ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি করে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবির, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাজহারুল হক তপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন। বিডিনিউজ











