জোন ভিত্তিক লকডাউন : কেনাকাটার হিড়িক
নিজস্ব প্রতিবেদক : ‘রেড জোন, সবকিছু হবে লকডাউন, কাল থেকে নেই, আর পাবেন না, আজই নিয়ে যান, কাল ঢুকতেই পারব না’।ফুটপাত ও পাড়া মহল্লায় বিভিন্ন নিত্যপণ্যের পসরা বসিয়ে এভাবেই হাঁকডাক দিচ্ছিলেন দোকানিরা।
ক্রেতাদেরও ভিড় দেখা গেছে যথেষ্ট, যেমনটি দেখা গিয়েছিল মার্চ মাসের মাঝামাঝি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন হবে পুরো দেশ- এমন শঙ্কায় সবাই খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করেছিল সে সময়।
তিন মাস পর ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় যখন সরকার এলাকাভিত্তিক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে, তখনও কেনাকাটার এমন হিড়িক শুরু হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি গত রোববার ‘রেড জোন’ (বেশি সংক্রমিত) হিসেবে ঢাকার ৪৫টি এলাকা চিহ্নিত করে। এ খবর গণমাধ্যমে আসার পর থেকেই শুরু ওইসব এলাকার বাসিন্দারা ভিড় করতে শুরু করেন দোকানপাটে।
যদিও কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় যখন যে অঞ্চলে প্রয়োজন, তখন সে অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হবে বলে মঙ্গলবার সরকারেরএক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, রেড জোন এলাকা লকডাউন বাস্তবায়ন করতে আরও চার-পাঁচদিন লাগবে।
কিন্তু তারপরও ফুটপাত, মুদি দোকান ও বিভিন্ন সুপার শপের আউটলেটে দেখা যায় ক্রেতাদের ভিড়।
লকডাউন হতে পারে এমন এলাকার মধ্যে রয়েছে আজিমপুর আর লালবাগ।
সকালে আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় গিয়ে দেখা যায় লোকে লোকারণ্য, সবাই কেনাকাটায় ব্যবস্থা। রাস্তার দুই পাশে অস্থায়ী মাছের, সবজির ভ্যানে ঘেঁষার উপায় নেই।
একজন মাছ বিক্রেতা চিৎকার করছিলেন, “ভাই নিয়া যান মাছ। কাল আর বসতে দিবে না। আমরা ‘রেড জোনে’ পড়ছি।”

একজন ক্রেতা তাকে ধমক দিয়ে বলেন, “ওই তোরে কে কইছে, কাল থেকে… মাছের দাম বাড়ানোর পাঁয়তারা। খবর-টবর কিছু রাখিস। উড়ো কথা নিয়া…।”
এভাবেই মাছ বিক্রেতাকে থামিয়ে মধ্য বয়সী ওই ভদ্রলোক চলে গেলেও মাছের ভ্যানগুলোর সামনে ভিড় কমেনি। বিডিনিউজ
আজিমপুর মেটারনিটি হাসপাতালের বিপরীতে দুটি সরকারি কোয়ার্টারের মাঝখানের রাস্তায়ও অসংখ্য সবজি, ফল আর আদা, পেঁয়াজ আর রসুনের ভ্যান।
মো. খোরশেদ আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাকেও বেশকিছু সবজি কিনতে দেখা যায়, হাতে মাছের বোঝাও অনেক ভারি।
এতকিছু কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “লালবাগে আমার বাসা, আমার এলাকাও রেড জোনে পড়েছে। আজ থেকে লকডাউন হওয়ার কথা ছিল।
“কিন্তু বুঝতেছি না কোনদিন থেকে লকডাউন করবে, আদৌ করবে কিনা। তাই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটু বেশি বাজার কিনেছি। যতই বলা হোক না কেন, খাবার- দাবার সরবরাহ করবে, কিন্তু কতজনকে করবে আর এত সরবরাহ করার সামর্থই বা আছে কিনা?”
আজিমপুরে সুপার শপ ‘স্বপ্ন’র আউটলেটে দেখা যায় ক্রেতারা ট্রলি ভরে মালামাল নিচ্ছেন। আউটলেটের মাছ ও মাংসের ডিসপ্লেও প্রায় খালি।
লালবাগ চৌরাস্তায়ও বিভিন্ন মুদি দোকান এবং রাস্তার পাশে কেনাকাটায় ব্যস্ত মানুষ।
বাবলু মিয়া নামের একজনের কাছে জানতে চাওয়ার আগেই বিরক্তি প্রকাশ করে বলেন, “কি যে শুরু হয়েছে বুঝতে পারছি না। চক মোগলটুলীতে দোকান আছে? চকবাজার দেখলাম রেড জোনে পড়েনি। কিন্তু আমার বাসা রেড জোনে।
“যদি লকডাউন করে তাহলে আমার দোকানদারির কি অবস্থা হবে? ওই সব এলাকায় তো দোকান খোলা থাকবে। তাহলে আমার খরিদ্দার না পেয়ে অন্য দোকান থেকে মাল নিয়ে যাবে। লোকসান তো সবদিক থেকে।”
মিটফোর্ড এলাকায় বাসিন্দা শাহীন আলম বলেন, “আমাদের এলাকাও রেড জোনে, কিন্তু কার্যকর করা অতি জরুরি। যদি দ্রুত লকডাউন কার্যকর না হয় তাহলে আরও ভয়াবহ হবে। মিটফোর্ডে রোডে রাস্তার দু’পাশে ফুটপাতে পসরা নিয়ে বসে, মানুষ আর মানুষ, কিছু মানতে চাচ্ছে না কেউ।”
মিটফোর্ড ও লালবাগের কিছু অংশ চকবাজার থানা এলাকায় পড়ে। রেড জোনের মানচিত্র বা কতটুকু রেড জোনের মধ্যে এমন কোনো নির্দেশনা মঙ্গলবার বিকাল পর্যন্তও আসেনি বলে জানান চকবাজার থানার ওসি মওদুত হওলাদার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, “বাজারে কেনাকাটার একটু প্রভাব পড়েছে দেখা যাচ্ছে। তবে আমি এলাকায় মাইকিং করছি। কারও বের হওয়ার দরকার নেই। ফোনে আমাকে খাবারের কথা বললেই আমাদের লোক গিয়ে পৌঁছে দেবে এবং বাজারদরের চেয়ে বেশি টাকা নেবে না।”
লালবাগ ও আজিমপুর এলাকা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড।
তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেড জোন ঘোষণা করা হয়েছে কিন্তু কিভাবে কার্যকর করব সে নির্দেশনা এখনও আসেনি।”
কাউন্সিলর মানিকের মতে, তার এলাকায় আজিমপুর কোয়ার্টার ও চায়না বিল্ডিং এলাকায় কিছু কোভিড-১৯ রোগী রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় কোতয়ালী। সেই এলাকাও রেড জোনে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, তার এলাকায় প্রায় সবখানে কোভিড-১৯ রোগী রয়েছে। কেউ কেউ প্রকাশ করছে, আবার কেউ কেউ নিরবেই চিকিৎসা নিচ্ছে।
তবে জোনিং কিভাবে হবে সেই বিষয় এখনও তাকে কিছু জানানো হয়নি।











